সেই ১৯৬৯ সালের ১ জানুয়ারি থেকে নিয়মিত বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে চীন আন্তর্জাতিক বেতার। সেখানকার পুরো বাংলা বিভাগটাই পরিচালনা করেন বাংলা ভাষাপ্রেমী কিছু চীনা তরুণ-তরুণী! শুনুন তাঁদের কথা। ফাল্গুনের সন্ধ্যা। হাজারো মানুষের ভিড় সত্ত্বেও মিষ্টি একটা বাতাস ঠিকই দোলা দিয়ে যাচ্ছিল। আর সেই বাতাস বয়ে আনছিল আমের মুকুলের চমত্কার ঘ্রাণ। বাংলা একাডেমীর বইমেলায় ঘুরছি। ঘুরতে ঘুরতে একসময় বহেড়াতলায়। চারপাশের উজ্জ্বল হলুদ-সাদা আলোতে বই ঘাঁটতে ঘাঁটতে অন্য রকম এক আলো নজর কাড়ে। সুন্দর করে সাজানো একটি স্টলের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কয়েকটি ছোট ছোট ফানুস। সেখান থেকেই চমত্কার লাল আলো ছড়িয়ে পড়ছিল চারপাশে। অন্য আলোই বটে। তবে কেমন চেনা চেনা লাগে। স্টলের ব্যানারে নামের জায়গায় লেখা ‘চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ’। এবার দিনের আলোর মতোই পরিষ্কার সব। স্টলের সাজানো চীনা সংস্কৃতির আরও কিছু ছিটেফোঁটা নিদর্শনও নজর এড়ায় না। কিন্তু চীনা সংস্কৃতির বিষয়ে সবকিছু পরিষ্কার হলেও ‘চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ’ বিষয়টা অজানা ঠেকে। আবার স্টলে সাজিয়ে রাখা বইগুলো ‘বিক্রয়ের জন্য নহে’! তবে? কী হেতু এই স্টলের! স্টলের ভেতর প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিওচিত্র দেখানো হচ্ছিল। একজন চীনা ভদ্রমহিলার দেখা মেলে সেখানে। ইংরেজিতে পরিচয় জানতে চাইতেই মিষ্টি করে হেসে সোজা বাংলায় জবাব, ‘আমার বাংলা নাম স্বর্ণা। চীনা নামও আছে একটা।’ বাংলায় জবাব, তাই দ্রুত বিস্ময় কাটিয়ে উঠে পরবর্তী প্রশ্ন বাংলাতেই; কী সেটা? চোখ ছোট ছোট করে হাসেন স্বর্ণা। বলেন, ‘ইয়ান উইমিং। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজ করি আমি।’ মাথায় ঘুরপাক খেতে থাকা প্রশ্নটা পেড়ে ফেলি এবার, ‘বই বিক্রি করছেন না, কিন্তু স্টল দিয়েছেন! কেন?’ এবারও হাসেন স্বর্ণা কিংবা উইমিং। সদা হাস্যময়ী বলা যায় তাঁকে। ‘আসলে এটার উত্তর দিতে হলে ছোটখাটো একটা ইতিহাস বলতে হয়। ১৯৪১ সালের ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের পথচলা শুরু। আর সেখানকার বাংলা বিভাগটি চালু হয় ১৯৬৯ সালের ১ জানুয়ারি থেকে। সবচেয়ে মজার বিষয় হলো, পুরো বাংলা বিভাগটিই আমরা, মানে কয়েকজন চৈনিকই চালিয়ে থাকি। বিভিন্ন সময় চীনে ও বাংলাদেশে বাংলা ভাষা রপ্ত করেছি আমরা। তো এই দীর্ঘ সময় যখন আমরা বাংলা ভাষা চর্চা করেছি, তখন মনে হয়েছে বাংলাদেশিরাও আমাদের ভাষার সঙ্গে পরিচিত হোক। ঢাকার উত্তরায় চৈনিক ভাষা শিক্ষার একটা প্রতিষ্ঠানও খুলেছি আমরা। আর তাই এবার একুশের বইমেলায় এ ব্যাপারটা সবাইকে জানানোর জন্যই এই স্টল খোলা হয়েছে।’ স্টলবিষয়ক প্রশ্নের উত্তর পেলেও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগটি দারুণ কৌতূহলোদ্দীপক। তা-ই জানতে চাই স্বর্ণার কাছে। ‘আমার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বিদেশি ভাষার একটি অংশ ছিল। আমাকে যখন একটা বিদেশি ভাষা বেছে নিতে বলা হলো, তখন আমি চোখ বন্ধ করে বাংলাকেই বেছে নিয়েছিলাম। এর পেছনে একটা বড় কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাধ্যমিক স্তরে থাকতে ইংরেজিতে তাঁর কবিতা পড়েছিলাম। দারুণ মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই বাংলা ভাষার প্রতি খুব বেশি আগ্রহ ছিল আমার। আর বাংলা ভাষা শেখার পর বুঝেছি, এই ভাষার সৌন্দর্যের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।’ আর কতজন কাজ করেন বাংলা বিভাগে? ‘বাংলা বিভাগে শুধু দুজন বাংলাদেশি বাদে আর সবাই চীনা। বাংলাদেশি দুজন আছেন বাংলা বিশেষজ্ঞ হিসেবে। আমাদের মধ্যে সবাই কোনো না কোনো সময় বাংলাদেশে এসেছেন। চীনে বাংলা ভাষা শেখার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শিখেছেন তাঁরা। বেশ ভালো বাংলা বলতে পারেন সবাই। আর সেখানকার অধিকাংশই তরুণ-তরুণী। তাঁদের প্রত্যেকেরই একটা করে বাংলা নাম আছে। একজনের নাম শিখা, আরেকজনের নাম প্রেমা অথবা মুক্তা, এ রকম!’ চীন আন্তর্জাতিক বেতার থেকে বাংলা অনুষ্ঠান শোনা যায় প্রতিদিন চারবার এক ঘণ্টা করে। অনুষ্ঠানগুলো বেশ বৈচিত্র্যময়। আছে গানের অনুষ্ঠান, বিজ্ঞানের আসর, নাটক, খেলাধুলা। আর খবর তো আছেই। ‘আমাদের প্রধান কাজ হলো, যেকোনো বিষয় চৈনিক ভাষা থেকে বাংলায় অনুবাদ করা। তারপর তা প্রচার। তবে এখন অনেক নতুন নতুন বিভাগ খোলা হচ্ছে, তাই বাংলা ভাষা ও বাংলা ভাষার অনেক বইপত্র পড়ি আমরা।’ এই যে এত দিনের প্রচেষ্টা, বাংলাদেশ থেকে কেমন সাড়া পান? আনন্দে ঝলমল করে স্বর্ণার মুখ, ‘দারুণ সাড়া পাই আমরা। কত যে চিঠি যায় আমাদের ওখানে! তা না দেখলে বোঝানো মুশকিল। এখানে অনেক বন্ধু আমাদের। আমার বন্ধুর কাছ থেকে বইপত্র পাই। অনেক গানও শুনেছি আমি। রবীন্দ্র-নজরুল তো শোনাই হয়, তবে বাউলসংগীত আমার সবচেয়ে প্রিয়। অদ্ভুত সুন্দর গানের কথাগুলো!’ বলতে বলতে সন্ধ্যা আরও এগিয়ে যাচ্ছিল। তখনো স্টলের ভেতর চলছিল ভিডিওচিত্রটি। সেখানে স্বর্ণার গাওয়া একটি গানও রেকর্ড করা ছিল। ‘তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না...’