বাংলা শিখতে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষায় গান পরিবেশন করছেন বিদেশি চার শিক্ষার্থী
বাংলা ভাষায় গান পরিবেশন করছেন বিদেশি চার শিক্ষার্থী

তাঁদের কারও মাতৃভাষা বাংলা নয়, তবু তাঁরা গাইলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…। তাঁরা খালি পায়ে শহীদ মিনারে জানালেন শ্রদ্ধা। বাংলাকে ভালোবেসে তাঁরা বাংলা ভাষা শিখছেন। একটু একটু করে হৃদয়ে গেঁথে নিচ্ছেন বাংলা সংস্কৃতি।
ভাবছেন তাঁরা কারা? তাঁদের নাম লিডিয়া স্মিথ, দেশা কার্সন, সারন শাহি, কেলিব উয়ো ও বেনেডিক্ট ব্রুনো। দর্শকসারিতে ছিলেন আরো অনেক বাংলা পড়ুয়া সহপাঠী। যুক্তরাষ্ট্র, নেপাল, জার্মানি, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে এই শিক্ষার্থীরা বাংলাদেশে এসেছেন বাংলা ভাষা শিখতে। তাঁরা বাংলা শিখছেন লার্ন বাংলা (learnbangla.org) নামের একটি স্কুলে। লার্ন বাংলা শুধু বিদেশি শিক্ষার্থীদের বাংলা শিখিয়ে থাকে। রাজধানীর বনানী ও উত্তরা শাখায় লার্ন বাংলার রয়েছে প্রায় পাঁচ শতাধিক বিদেশি শিক্ষার্থী।
গত ২২ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠান তাদের বনানী ক্যাস্পাসে আয়োজন করেছিল ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন-২০১৫’। আর এই আয়োজনে বিদেশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
লার্ন বাংলার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মেরি জুলিয়েটে পিনেরুর উপস্থাপনায় একে একে তাঁরা গাইতে থাকেন ‘মোদের গরব মোদের আশা’, ‘ওরে গৃহবাসী’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’সহ আরও বেশ কটি বাংলা গান। আবৃত্তি করেন ‘আজ সৃষ্টিসুখের উল্লাসে’। আর যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী মিশেল ও হ্যালি ‘ও আমার দেশের মাটি’ গানের সঙ্গে পরিবেশন করেন অসাধারণ নৃত্য।
এই আয়োজনে বিভিন্ন দেশের মাতৃভাষা নিয়ে একটি উন্মুক্ত আলোচনাও ছিল। শিক্ষার্থীরা নিজ নিজ মাতৃভাষার পক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন।