
ধরা যাক, বাংলা সিনেমায় পুরোমাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগে গেল। তখন অবস্থাটা কী দাঁড়াতে পারে? আসুন, সেটাই কল্পনা করা যাক!
নায়িকা বিপদে পড়ে গলা ফাটিয়ে ‘বাঁচাও’ বলে চিত্কার দেবে না। বরং মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে নায়ককে একটা ভয়েস এসএমএস পাঠিয়ে দেবে। মেসেজটা ওপেন করতেই নায়ক ‘বাঁচাও’ শব্দটা শুনতে পাবে।
বেইবি, তোমার উচ্চারণ শুনেই বুঝতে পেরেছি, তুমি বড় বিপদে পড়েছ! তুমি ‘বাঁচাও’ শব্দটা উচ্চারণ করেছ ‘বাচাও’! চন্দ্রবিন্দুসহ উচ্চারণ করলে নাসিক্যধ্বনিটা স্পষ্ট হতো। এর পর থেকে এ ধরনের ভুল করবে না।
অনেক সিনেমায় দেখা গেছে, নায়ক অনেক পরিশ্রম করে মায়ের চিকিত্সার জন্য টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তায় গুন্ডার আক্রমণ। বাংলা সিনেমায় আধুনিকতার ছোঁয়া লাগলে নায়ক আগেই টাকাগুলো নির্দিষ্ট নম্বরে বিকাশ করে দেবে।
টেকা বিকাশ কইরা দিয়া বাঁইচা গেছ ভাইব না। লগের মোবাইলটা দেও।
স্যরি ব্রাদার, মোবাইলটা তো ‘কেনাবেচা ডটকমে’ বেইচা দিলাম!
পুলিশ কেবল সিনেমার শেষ দৃশ্যে আবির্ভূত হবে না। দেখা যাবে সিনেমার একদম প্রথম দৃশ্যে অত্যাধুনিক বাইভার্বালে চেপে চলে এসেছে তারা।
ভাই রে, সিনেমার প্রথম সিনে আপনাগো আইনা তো সর্বনাশ করছি!
ক্যান?
ওই সিন দেইখা সবাই ভাবছে, এইটা বুঝি লাস্ট সিন। ফার্স্ট সিনেই হল ফাঁকা!
বাংলা সিনেমার নায়কেরা প্রায়ই এসে বলে—মা মা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি! আধুনিকতার ছোঁয়া পেলে পাল্টে যাবে দৃশ্যপট।
মম, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি!
এত চিল্লায়া বলার কিছু নাই, আমি তো আগেই ইন্টারনেটে রেজাল্ট জাইনা গেছি। আজকে তোমার ড্যাডি বাঁইচা থাকলে ফেসবুকে স্ট্যাটাস দিত!
অনেক সিনেমায়ই দেখা গেছে, নায়কের বড় ভাই বা বাবা রিকশা চালিয়ে নায়কের পড়ালেখার খরচ জুগিয়েছেন। সিনেমায় আধুনিকতার ছোঁয়া লাগলে নায়কের বাবা বা বড় ভাই সাধারণ রিকশার বদলে টাটা ন্যানো চালাবেন।
বাবা, কালকে সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট!
দুই দিন টাইম বাড়ায় নাও। এই গাড়ি নিয়া সারা দিন জ্যামে পইড়া থাকতে হয়। রিকশা হইলে কী সুন্দর চিপাচুপা দিয়া খ্যাপ মারা যাইত!
বাংলা সিনেমায় পুরোমাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগে গেলে বৃষ্টিভেজা কোনো গানই থাকবে না। কারণ, আধুনিক নায়ক–নায়িকাদের কাছে স্মার্টফোন, আইপ্যাডসহ নানা দামি গ্যাজেট থাকবে।
অন্তত একটা বৃষ্টিভেজা গান না রাখলে জিনিসটা কেমন হয় না?
কোনো সমস্যা নাই। স্ক্রিনে বড় করে লিখে দেবেন, ‘শুটিংয়ের সময় দেশে অনাবৃষ্টি মানে খরা চলছিল।’