বাংলা সিনেমার ঐতিহ্যবাহী ৫ সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সিনেমায় কিছু ব্যাপার আছে, যেগুলো অধিকাংশ সময়ই ঘটে। প্রতিদিনই হয়তো আমরা সেগুলো দেখছি, কিন্তু খেয়াল করছি কি? হয়তো করছি না। তাই তাৎপর্যময় এই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরলেন সব্যসাচী চাকমা

১. রুটি

এক জরিপে দেখা গেছে, বাংলা সিনেমায় নারী-পুরুষ থেকে শুরু করে ছোট খোকা–খুকিরা একমাত্র রুটি চুরি করতে গিয়েই সর্বাধিকবার ধরা পড়েছে। এই রুটি এমন একটি জিনিস, যা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই দোকানদার টের পেয়ে যান যে সেটা চুরি হচ্ছে! শুধু তা-ই নয়, এই রুটি ভিকটিমের ভবিষ্যৎও ঠিক করে দেয়। মানে বড়রা যায় জেলে, আর ছোটরা পায় নতুন পরিবারের দেখা! বুঝতে পেরেছেন তো রুটির কত শক্তি! তাই বেশি করে রুটি খান, ভাতের ওপর চাপ কমান।

২. বাবার অকালমৃত্যু

অধিকাংশ বাংলা সিনেমায় বাবাদের আয়ু হয় অনেক কম। এবং তাঁরাই সর্বপ্রথম ভিলেনের হত্যার শিকার হন। আর এই বাবারা হন অবশ্যই নায়কের। হত্যাকাণ্ড অন্ধকারেই বেশি ঘটে এবং পরিবারের সামনেই। অতঃপর নায়কের মায়ের কানফাটানো চিৎকার, কিন্তু তারপরও কোনো প্রতিবেশী তাঁর চিৎকার শোনেন না বা পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসেন না! আমরা কি এমন প্রতিবেশীই চেয়েছিলাম?

৩. মারামারি

বাংলা সিনেমার মারামারির দৃশ্য খেয়াল করেছেন কি? লক্ষ করলে দেখবেন, নায়ক ভিলেনদের মেরে তুলাধোনা করার পর যখন পুলিশ আসে, তখন যিনি মেরেছেন (নায়ক) তাঁকে নয়, বরং যিনি মার খেয়েছেন (ভিলেন) তাঁকেই ধরে নিয়ে যায়। আর তারপর দেয় বেদম মার। ফ্রি অফার হিসেবে থাকে সশ্রম কারাদণ্ড কিংবা ফাঁসি। অন্যদিকে নায়ক যদি ভুল করে ভিলেনকে মেরেও ফেলেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর বেকসুর খালাসও হয়ে যায়। এ কারণেই কবি বলেছিলেন, ‘এ কেমন বিচার!’

৪. অ্যাথলেট নায়ক

সিনেমার নায়ক পড়ালেখায় ফার্স্ট ক্লাস ফার্স্ট তো হনই, সঙ্গে মারামারিতেও হন পটু। এ ছাড়া যেখানে নায়ককে মারতে ভিলেনের গুলির পর গুলি খরচ করতে হয়, সেখানে নায়ক ভিলেনকে মারতে খরচ করেন মাত্র একটি গুলি। একটি গুলি—উড়ে যাবে খুলি। আর দৌড়ের বেলায় নায়কের আগে কেউ নেই। দৌড় দিয়ে ভিলেনের গাড়ির পেছনে ছুটতে পারেন অনায়াসে। সঙ্গে ‘ইয়ালি’ বলে হাইজাম্প দিয়ে গাড়ির সামনেও পৌঁছে যেতে পারেন।

৫. কুফা ছোরা

নায়ক তাঁর ছেলেবেলায় ধরা পড়েন রুটি চুরি করতে গিয়ে। আর বড় হয়ে? অনেক গবেষণার পর জানা গেছে, বড় হয়ে নায়ক ধরা পড়েন এক ছোরার কারণে। সাধারণত ভিলেন মহোদয়গণ ছোরা দিয়ে কাউকে মেরে সেটা নিতে ভুলে যান। নায়ক যখন সেই ফেলে যাওয়া ছোরাটা স্বজনের পেট থেকে তুলে ফেলতে যান, তখনই ঘটনাস্থলে হাজির হয় জনগণের বন্ধু পুলিশ। একবারে হাতেনাতে কট। এ কারণেই প্রবাদ আছে, ‘যেখানে দেখিবে ছোরা, তুলিয়া নিবে তোরা, পাইলেও পাইতে পারো অমূল্য আবাসন।’