বাংলাদেশ আর পর্বতকন্যা জুনকো তাবেই

তাঁকে দেখে বয়স আন্দাজ করা কঠিন। পঞ্জিকার হিসাবে এই আসছে সেপ্টেম্বরে তাঁর বয়স ৭৫ পূর্ণ হবে। নাম জুনকো তাবেই। পৃথিবীর প্রথম এভারেস্টজয়ী নারী হিসেবে তাঁর নাম লেখা হয়ে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এভারেস্টের চূড়ায় উঠেছেন, তা-ও ৪০ বছর আগে। শুধুই কি এভারেস্ট? বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ চূড়া তো বটেই, এ পর্যন্ত জয় করে ফেলেছেন বিশ্বের ৬৯টি দেশের সর্বোচ্চ চূড়া।
গত ১৬ মার্চ গিয়েছিলাম জাপানের ফুকুশিমা শহরে। সেখানে মেয়রের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুনকো তাবেই। ভূমিকম্প, সুনামি আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিপর্যয়ে বিধ্বস্ত ফুকুশিমা শহরের প্রতিনিধি হিসেবে এসেছিলেন তিনি। গত চার বছরে এই শহরের কী বদল হলো, তা নিয়েই পুরো বক্তব্যটা দিলেন জুনকো।

এভারেস্ট এবং...
সিটি মিলনায়তনের ওই অনুষ্ঠানে বক্তব্য শেষে ডায়াস থেকে নেমেই ব্যস্ত হয়ে পড়লেন জুনকো।
উপস্থিত মন্ত্রী, কূটনীতিক ও জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ জুড়ে দিলেন প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠা ওই পর্বতারোহী।
জুনকো তাবেই ছোটখাটো একজন মানুষ। সব সময় মুখে হাসি লেগেই আছে। দেখে বিশ্বাসই হতে চায় না, পর্বতে ওঠার মতো কঠিন কাজ তাঁকে দিয়ে সম্ভব।
ঘরবাড়িহারা ফুকুশিমাবাসীর জন্য জাপান সরকারের তৈরি করে দেওয়া অস্থায়ী নিবাসে কেমন আছে দুর্গত মানুষ, তা নিয়েই ছিল জুনকোর আলোচনা। এর এক ফাঁকেই কথা হয় তাঁর সঙ্গে। তাঁর এভারেস্ট জয়ের সময়টা কেমন ছিল? জুনকো তাবেই বলছিলেন, ‘আমার সন্তানের বয়স তখন তিন বছরের কিছু বেশি, ওই সময়ে জাপানের সমাজে নারীদের ঘরের বাইরে যাওয়াই নিষেধ। তারা ঘরে রান্না করবে আর স্বামী-মেহমানদের চা এগিয়ে দেবে। এই তাদের কাজ। ভিনদেশের পাহাড়চূড়ায় উঠতে যাব শুনে ফুকুশিমা উপত্যকায় যেন ঢি ঢি পড়ে গেল। পাড়া-প্রতিবেশীদের না হয় সামলানো গেল, কিন্তু এত ছোট্ট বাচ্চা রেখে কীভাবে যাব? আমার চার বোন ও স্বামী মাসানুভো তাবেই সাহস দিলেন। স্বামী নিজেও পাহাড়ে উঠতে পছন্দ করতেন। স্বামীর ভরসায় বোনের কাছে বাচ্চাকে রেখে রওনা হলাম এভারেস্ট প্রশিক্ষণ ক্যাম্পে।’

জুনকোর বাংলাদেশ স্মৃতি
বাংলাদেশের সাংবাদিক পরিচয় দিতেই বললেন, ‘তোমার দেশের কারি (তরকারি) খুব মজার। আর সবুজ তো আরও সুন্দর। সুন্দরবন তো পৃথিবীর সেরা।’
২০১৩ সালের জানুয়ারিতে ১২ দিনের সফরে বাংলাদেশে গিয়েছিলেন জুনকো। সে সময় প্রথম আলোর পাতায় তাঁকে নিয়ে প্রতিবেদনও ছাপা হয়েছিল। সে কথা মনে করিয়ে দিতেই জুনকোর চোখ-মুখ যেন ঝলমল করে উঠল। জুনকো বলছিলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া কেওক্রাডাং ওঠার সময় আমার ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে। পৃথিবীর খুব কম পাহাড়ি এলাকায় এত মানুষের বসতি
আমি দেখেছি। পথে পথে অনেক আদিবাসীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমার সঙ্গে তাদের অনেকের চেহারা মিল দেখে তারা আমাকে আরও বেশি আপন করে নিয়েছে। পাহাড়ের অনেক ঘরে আমি বিশ্রাম নিয়েছি, তাদের ঘরে রান্না করা খাবার খেয়েছি। এখানকার সবজির তরকারি আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে এখানকার মসলার স্বাদ ও রান্নার ধরন আমাকে মুগ্ধ করেছে। আমি জাপানে ফিরে এসে বাংলাদেশের মতো তরকারি রান্না করার চেষ্টা করেছি। কিন্তু ওই স্বাদ পাইনি।’
জুনকোর আরেক মুগ্ধতার নাম আমাদের সুন্দরবন। তিনি বলছিলেন, ‘সুন্দরবন আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আমি পাহাড় চষে বেড়ানো মানুষ। বনবাদাড় আমাকে খুব বেশি টানে না। কিন্তু সুন্দরবন দেখে মনে হয়েছে, এখানে আমাকে বারবার আসতে হবে। একমাত্র এই বনটি দেখে আমার মনে স্বাদ জেগেছে, শুধু পাহাড়চূড়া জয় না করে বনে বনে ঘুরে বেড়ালেও পারতাম। এই বনের শ্বাসমূল, জোয়ার-ভাটার খেলা, সূর্যডোবা-সূর্যোদয় বড়ই রহস্যময়। এই রহস্য এভারেস্ট চূড়ার চেয়েও কম নয়।’
হিমালয় অ্যাডভেঞ্চার ক্লাব
ফেলে আসা দিনগুলোর কথাও অবশ্য বলতে ভুলে গেলেন না হিমালয়ান অ্যাডভেঞ্চার ট্রাস্ট অব জাপান এবং উইমেন মাউনটেন ক্লাইম্বার ক্লাবের প্রতিষ্ঠাতা এই সাহসী নারী।
‘১৯৬৯ সালে জাপানি নারীদের বিদেশের পবর্তচূড়ায় উঠতে আগ্রহী করতে আমি এই ক্লাবগুলো গড়ে তুলি। আমার ক্লাবের মূলমন্ত্র হচ্ছে নিজেকে জানার জন্য বিদেশের পাহাড়ে ওঠো। তাই তো আমি লক্ষ্য ঠিক করেছি বিশ্বের সব কটি পর্বতচূড়ায় উঠব।’ এখনো প্রতিবছর বিশ্বের দুই থেকে তিনটি পর্বতচূড়ায় ওঠেন তিনি। হাসিমুখে এ কথা যখন বলছিলেন, তখন তাঁর ঝুড়িতে বিশ্বের ৬৯টি দেশের সর্বোচ্চ পাহাড়চূড়ায় ওঠার রেকর্ড জমা হয়েছে।
এই বয়সে কীভাবে তা সম্ভব—এই প্রশ্ন করার পর জুনকো যে উত্তর দিলেন তা শুনে প্রশ্নকর্তা হিসেবে কিছুটা বিব্রতই হতে হলো। হাসতে হাসতে বললেন তিনি, ‘এখন তো সবাই অক্সিজেন আর অত্যাধুনিক সব যন্ত্র নিয়ে পর্বতচূড়ায় উঠছে। আমি যখন এভারেস্টে উঠি, তখন সঙ্গে খাবারের ব্যাগ আর পাহাড় কাটার হাতুড়ি থাকত। মাত্র ১০ বছর বয়সে জাপানের একটি পর্বতচূড়ায় যখন প্রথম উঠি, তখন শিক্ষকের সঙ্গে নিছক বেড়াতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছিলাম।’
নেপালের পাশে
জুনকো জানালেন, এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়া অভিযাত্রী ও পর্যটকেরা সেখানে নানা ধরনের ক্ষতিকারক দ্রব্য ফেলে রেখে যে ক্ষতি করছেন, সে সম্পর্কে সচেতনতা তৈরি করতেই কাজ করে যাচ্ছেন তিনি।
যে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বদরবারে নিজেকে পরিচিত করে তুলেছেন, তার ঋণ এভাবেই শোধ করছেন বলে জানালেন জুনকো তাবেই।
ভয়াবহ ভূমিকম্পে নেপাল এখন বিধ্বস্ত। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেছেন তিনি। মুখ থুবড়ে পড়া নেপালের পর্যটনশিল্পকে আবারও উঠে দাঁড়াতে জুনকো উদ্যোগ নিয়েছেন। এখন চেষ্টা করছেন নেপাল পুনর্গঠনের পক্ষে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আনতে এভারেস্টজয়ীদের একটি সম্মেলন আয়োজনের। নেপালের পর্যটন করপোরেশন এপ্রিলের ভূমিকম্পের পর পর্যটকদের আবারও নেপালে ফিরিয়ে আনতে টুরিজম রিকভারি প্ল্যান নামে একটি পরিকল্পনা নিয়েছে। ওই পরিকল্পনায় নেপালবাসীর পাশে দাঁড়িয়েছেন জুনকো। হিমালয়কন্যা নেপালের বিপদে জুনকো তাবেই থাকবেন না, সেটা কী করে হয়। পৃথিবীর উচ্চতম সব পাহাড় জয় করেছেন বলেই হয়তো জুনকো তাবেইয়ের মনটাও পাহাড়ের মতো বড়!

জুনকো তাবেই–বৃত্তান্ত
জুনকো তাবেইয়ের জন্ম ১৯৩৯ সালের ২২ সেপ্টেম্বর। তিনি ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি নেন। ১৯৭৫ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেস্টে পা রাখেন জুনকো তাবেই। জাপানের ফুকুশিমায় জন্ম নেওয়া এই নারী মাত্র ১০ বছর বয়সে টোচিগির নাসু পর্বতের চূড়ায় ওঠার মধ্য দিয়ে তাঁর পাহাড় অভিযান শুরু করেন। তখন থেকেই পর্বতারোহী হিসেবে নিজেকে অতিক্রমের স্বপ্ন দেখেন এই নারী। ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে তিনি সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের গৌরব অর্জন করেন। তাঁর দুটি রেকর্ডই জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।