বাংলাদেশ আসলেই কৃষিপ্রধান দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও আমরা কখনোই কৃষক পরিচয়ে পরিচিত হতে পছন্দ করি না। তবে আমরা যতই পছন্দ না করি, আমাদের কিছু কিছু কথাবার্তা ও কাজকর্ম কিন্তু ঠিকই প্রমাণ করে আমরা কৃষক, তথা কৃষিপ্রধান দেশের নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার‘ভোর না হতেই লাঙল কাঁধে মাঠ পানে কে ধায়?/ সে আমাদের কৃষক তাহার বাস আমাদের গাঁয়।’ তার মানে, একজন কৃষক মাঠে যায়। তাকে মাঠে যেতে হয়। আমরা আমাদের ‘কৃষক’ পরিচয় ঢাকতে গিয়ে সব সময় চেষ্টা করি মাঠে যাওয়া থেকে বিরত থাকতে। এমন একটা ভাব করি, আমরা যাব অফিস-আদালতে। আমরা মাঠে যাব কেন? হোয়াই? কিন্তু না, মাঠে আমাদের যেতেই হয়। ক্রিকেট খেলার সময় আমরা ‘মাঠে’ নামি। বিরোধী দলের পিকেটিং ঠেকাতে ‘মাঠে’ নামি। সরকারের প্রতি অনাস্থা জানাতে ‘মাঠে’ নামি। সরকারের পতন ঘটার আগ পর্যন্ত ‘মাঠ’ না ছাড়ার প্রতিজ্ঞা করি। আবার কেউ কেউ চাকরি করতে গিয়েই কাজ করে ‘মাঠ’পর্যায়ে।আমরা শহরে এমনভাবে থাকি, বছরেও একবার আমাদের পা মাটির স্পর্শ পায় না। আমরা চাইও না মাটি স্পর্শ করতে। আমরা মডার্ন যুগের মানুষ, ওপরতলার মানুষ। আমরা কেন মাটি স্পর্শ করব? মাটি স্পর্শ করতেই আমাদের যেখানে এত অনীহা, সেখানে আমরা হালচাষ করব, এমনটা তো স্বপ্নেও ভাবা যায় না। হালচাষ করলে প্রেস্টিজ বলে কিছু অবশিষ্ট থাকবে? কিন্তু জনাব, আপনি যতই নিজেকে মডার্ন পাবলিক হিসেবে প্রমাণ করতে চান না কেন, চাষ কিন্তু আপনাকে নিয়মিতই করতে হচ্ছে। কেন, আপনি কি কখনোই কোনো এলাকা ‘চষে’ বেড়ান না? যে চষে বেড়ায় মানে চাষ করে, সে-ই তো চাষি; আই মিন কৃষক, নাকি!হালচাষ করার পর যখন বড় বড় ঢেলায় জমি ভরে যায়, তখন সেই ঢেলা গুঁড়ো করার জন্য বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করা হয়। জোয়ালে মই বেঁধে, সেই মইয়ের ওপর একজন দাঁড়িয়ে ওজন সৃষ্টি করে। তারপর যখন গরু হাঁটতে থাকে, তখন এই মইয়ের ঘষায় ঢেলা ভেঙে গুঁড়ো হয়। এই পদ্ধতির নাম মই দেওয়া। আমরা নিজেদের কৃষক পরিচয় গোপন করার অপচেষ্টা করলেও মই দেওয়ার কাজটা কিন্তু প্রতিনিয়তই করে থাকি। যে কারণে আমাদের এই বাক্য প্রায়ই শুনতে হয়—তুই আমার পাকা ধানে মই দিতে পারলি? তো কথা হচ্ছে, ঢেলা ভাঙার জন্য হোক আর পাকা ধান নষ্ট করার জন্যই হোক, মই দেওয়ার চল কিন্তু এখনো অব্যাহত আছে।শুধু জমি চাষ করলে আর ধান-পাট ফলালেই যে কৃষিকাজ করা হয়ে যায়, তা নয়। আরও অনেক ফসল আছে, সেগুলো ফলানোও কৃষিকাজের অংশ। আমরা আমাদের জীবদ্দশায় অনেক কিছুই ফলাই, অনেক ফসলই ঘরে তুলি। মৃত্যুর সময়ও আমরা কৃষিকাজের কথা ভুলি না। সে সময়ও বিশেষ একটা তরকারি তুলে তবেই মৃত্যুর কোলে মাথা রাখি। তরকারিটা হচ্ছে পটল। শোনেন না প্রায়ই বলা হয়—অমুক পটল তুলেছে! অনেকেই আফসোস করে বলে, আগের মতো কৃষিজমি এখন আর দেখা যায় না। আমরা মনে করি, এখনো আগের মতোই কৃষিজমি আছে, জমিভরা ফসল আছে। বিশেষ করে সরিষা। নইলে যখন-তখন চোখে সরিষার ফুল কীভাবে দেখি?আমরা আমাদের বন্ধু-বান্ধবের কাছ থেকে নানাবিধ উপাধি পেয়ে থাকি। এসব উপাধির মধ্যে অন্যতম প্রধান একটি উপাধি হচ্ছে ‘খেত’। তার মানে কী? মানে হচ্ছে, আমরা নিজেরাই যেখানে খেত, সেখানে আমরাই তো একেকজন কৃষিজমি। অতএব, এত আধুনিকতা না ফলিয়ে একবাক্যে স্বীকার করে নিন, বাংলাদেশ আসলেই কৃষিপ্রধান দেশ।