বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের কমিটি গঠনকল্পে এক সভা ১০ মার্চ বিকেল পাঁচটায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালাউদ্দিন, ইতিহাস বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক উল্লাহ খান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল। সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শরাফত হোসেন, অরুণ বিকাশ বড়ুয়া, মোহাম্মদ নুরুল বাশার, আবদুল ছালাম, মোহাম্মদ ইলিয়াস, সরওয়ার কামাল, মাহমুদুল হাসান, মোহাম্মদ বেলাল হোসেন, আহসানুল কবির প্রমুখ। সভায় বক্তারা অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ এবং উচ্চমাধ্যমিক শ্রেণিতে ইতিহাস বিষয় আবশ্যিক হিসেবে চালু করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক, মোহাম্মদ মোস্তাফা কামালকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইলিয়াসকে কোষাধ্যক্ষ ও মোহাম্মদ বেলাল হোসেনকে সদস্যসচিব করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, চট্টগ্রাম কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।