দেশে গ্যাস-পানির অভাব থাকলেও এসোসিয়েশনের অভাব নেই। বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রকম এসোসিয়েশন। এ তালিকায় নয়া সংযুক্তি ‘বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন, ঢাকা’। তারা প্রেসক্লাবে আয়োজন করেছিল এক বিরাট কার্টুন প্রদর্শনীর। ওই প্রদর্শনীর শিরোনাম ‘ঢাকাটুন ২০১১’, যার অন্যতম মিডিয়া পার্টনার ছিল রস+আলো। কোনো আয়োজনের পার্টনার রস+আলো আর সেখানে মজার কিছু ঘটবে না তা কি হয়? এখানেও ঘটেছে। ৯ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা। আমন্ত্রিত অতিথি, কার্টুনিস্ট, ক্যামেরাম্যান, দর্শক সবাই চলে এসেছেন। শুধু মাইক আনার দায়িত্ব যার, সেই ভদ্রলোক আসেননি। মাইক ঘরে রেখে তালাবদ্ধ করে তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। শেষে ‘হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে’— এই মর্মে দীক্ষিত হয়ে মাইক ছাড়াই শুরু হলো অনুষ্ঠান। সবার আগে শুভেচ্ছা বক্তব্য দিতে কণ্ঠ ছাড়লেন এসোসিয়েশনের সভাপতি কার্টুনিস্ট মেহেদী হক। এরপর চার অতিথি শিশির ভট্টাচার্য্য, আহসান হাবীব, রফিকুন নবী ও কাইয়ুম চৌধুরীর বক্তব্য। তারপর কাইয়ুম চৌধুরী সাদা ক্যানভাসে নিজের কার্টুন এঁকে প্রদর্শনীর উদ্বোধন করেন। বাকি অতিথিরাও ক্যানভাসে নিজেদের কার্টুন এঁকে প্রদর্শনী ঘুরে দেখেন এবং তরুণ কার্টুনিস্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। ১১ জানুয়ারি পর্যন্ত চলা এ প্রদর্শনীতে ঢাকা নিয়ে বিভিন্ন কার্টুনিস্টের আঁকা ৭৪টি কার্টুন স্থান পায়। উচ্ছ্বসিত এক কার্টুনিস্ট বলেন, ‘দেখেছেন, কার্টুনিস্টরা ঠিকই একটা প্রদর্শনী করে ফেলল, আপনারা (আইডিয়াবাজরা) বসে বসে কী করেন?’ আমি বললাম, ‘আইডিয়াবাজদের এত সময় নেই। তাদের অনেক চিন্তাভাবনা করতে হয়। আমরা বসে বসে সেটাই করি।’ অতএব লেখা শেষ। আমাকে এখনই গালে হাত দিয়ে দেশের বর্তমান পুঁজিসংকট নিয়ে গভীরভাবে ভাবতে হবে। বিদায়।