বাংলাদেশ বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রাম দেখতে ’৭২ সালে এ দেশে এসেছিলেন তিনি। ভালোবেসে ফেলেছিলেন এ দেশের মানুষ ও প্রকৃতিকে। নতুন রাষ্ট্রের সমাজবদলের সঙ্গী হতে তাই হল্যান্ডের রুরমন্ড শহরের মেয়রপুত্র বাংলাদেশে শুরু করেছিলেন সাংবাদিকতা। এ জন্য অনেক মূল্যও দিতে হয়েছিল এই ডাচ্ তরুণকে। কিন্তু হাল ছাড়েননি। পরে বাংলাদেশ ছেড়ে গেলেও পরিবেশ বিপর্যয়, যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে আছেন তিনি। বাংলাদেশ-বন্ধু পিটার কাস্টার্সকে নিয়ে এবারের মূল রচনা।১৮ ডিসেম্বর ২০০৯। কোপেনহেগেনের রাস্তায় প্রচণ্ড তুষারপাত উপেক্ষা করে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শহরের কেন্দ্রস্থল বেলা সেন্টারে তখন চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৫। বারাক ওবামাসহ বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধানেরা একত্র হয়েছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী দিনগুলোতে করণীয় নিয়ে আলোচনায়। বিক্ষোভ ঠেকাতে রাস্তায় হাজার হাজার দাঙ্গা পুলিশের ব্যারিকেড পেরিয়ে বেলা সেন্টারের পাশের রেলস্টেশন রোডে বাংলাদেশ লেখা একটি ব্যানার দেখে চোখ আটকে গেল। ‘আইলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কৃষকদের পাশে দাঁড়ান’ স্লোগান লেখা একটি ব্যানার নিয়ে জনা ত্রিশেক বাংলাদেশি দাঁড়িয়েছেন কোপেনহেগেনের রাস্তায়। সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল এক সাদা চামড়ার মানুষকে ঘিরে বাঙালিদের জটলা। পুলিশের ব্যারিকেডের কারণে আর সামনে যাওয়া গেল না।পরদিন কোপেনহেগেনের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেছি। সেখানেও দেখি সেই শ্বেতাঙ্গ মানুষটি আছেন যথারীতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যমণি হয়ে। কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে তাঁর পরিচয় জানতে চাইলে পরিষ্কার বাংলায় উত্তর দিলেন, ‘ভালো আছেন? আমার নাম পিটার কাস্টার্স।’ পিটারের সঙ্গে ওই পরিচয় থেকে তিন ঘণ্টার আড্ডা। তাঁর লেখা ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আগে থেকেই ধারণা ছিল। সেটা বেশ কাজে লেগেছিল সে যাত্রা।আবার বাংলাদেশগেল মাসের কথা। আবার দেখা পিটারের সঙ্গে। দেশে এসে ফোনটা করেছিলেন পিটারই। ভাগ্যিস, তাঁকে নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে এসেছিলাম। পিটার জানালেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ করতে আন্তর্জাতিক যে দলটি বাংলাদেশে এসেছে, তাদের সঙ্গী হয়েছেন তিনি। পরদিন ঢাকায় পিটারের সঙ্গে তাঁর হোটেলে গেলাম দেখা করতে। তারপর দফায় দফায় আড্ডা। পিটার আরও খোলামেলাভাবে বললেন, বাংলাদেশ নিয়ে তাঁর চিন্তা ও উদ্যোগের কথা। সময়টা ষাটের দশক। পৃথিবীজুড়ে শুরু হয়েছে নিপীড়িত মানুষের লড়াই। চে গুয়েভারার নাম মুখে মুখে ফিরছে সমাজবদলের কর্মীদের। পিটার তখন মাতৃভূমি হল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইনের ছাত্র। টগবগে তরুণ বয়স। পিটারের চোখেও দুনিয়াটাকে বদলে দেওয়ার স্বপ্ন। মাতৃভূমি হল্যান্ডের প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত হওয়ার পাশাপাশি প্রাচ্যের রাজনৈতিক লড়াইয়ের খোঁজখবরও রাখেন তিনি। ’৭০-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটে। এ ঘটনায় পশ্চিমা গণমাধ্যমের সমালোচনার মুখে পড়ে পাকিস্তান সরকার। পিটার তখন বিশ্ব যুব সম্মেলনে যোগ দিতে হল্যান্ডের হেগ শহরে অবস্থান করছিলেন। সম্মেলনে যোগ দেওয়া পাকিস্তানের সরকারি একটি প্রতিনিধিদলকে কাছে পেয়ে পিটার ও তাঁর সমমনা কয়েকজন মিলে তাদের ঘিরে ধরলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পূর্ববাংলার মানুষের প্রতি পাকিস্তানি সরকারের অবহেলা নিয়ে তাদের প্রশ্নবাণে জর্জরিত করলেন। বাংলাদেশ নিয়ে পিটারের আগ্রহটার শুরু সেখান থেকে।বিদেশি মুক্তিযোদ্ধা১৯৭০ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক রাজনীতির ওপর পিএইচডি ডিগ্রি নিতে পিটার ভর্তি হন যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে। বিষয় চীনের বৈদেশিক সম্পর্ক। পূর্ববাংলার ওপর পাকিস্তানি সেনাদের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে তখন সমালোচনার ঝড় বইছে। শৈশব থেকেই গণহত্যা ও ফ্যাসিবাদী নির্যাতনবিরোধী মানসিকতা গড়ে উঠেছিল পিটারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বাবার কাছে শুনেছিলেন নাজিদের নির্যাতনের রোমহর্ষক সব ঘটনা। স্কুলের শিক্ষকদের কাছ থেকেও ফ্যাসিবাদ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষা পেয়েছিলেন তিনি। ওয়াশিংটনে সহপাঠী বামপন্থী প্রকৌশলী মহসিন সিদ্দিকীর কাছ থেকে বাঙালিদের ওপর নির্যাতন সম্পর্কে বিস্তারিত জেনে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ন্যায্যতা সম্পর্কে একমত হলেন পিটার। যুদ্ধবিরোধী নেত্রী এনা টেইলরকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পাকিস্তানি সেনাদের বাঙালি হত্যার বিরুদ্ধে মিছিল-সমাবেশ শুরু করলেন পিটার। স্বাধীনতার পর ’৭২ সালে দেশে ফিরে যাওয়া বন্ধুরা বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান তাঁকে।চে গুয়েভারা ও জয় বাংলা১৯৭৩ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে প্রথম এলেন পিটার কাস্টার্স। তিন মাসের জন্য বাংলাদেশ ভ্রমণে বের হলেন। উত্তরে ঠাকুরগাঁও, পূর্বে জাফলং, দক্ষিণ-পশ্চিমে মংলা থেকে শুরু করে পার্বত্য জেলাগুলো চষে বেড়ালেন ২৪ বছরের এই তরুণ। দেখলেন একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের জানান দিতে বাংলাদেশের মানুষের আকুতি। তিন মাস বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা বেমালুম বদলে দেয় পিটারকে। পিটার বলছিলেন, ‘মাদারীপুরের এক গ্রামের স্কুলে হল্যান্ড ও বাংলাদেশের সমাজ সম্পর্কে একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বক্তৃতা করি। উপস্থিত জনতা কিছুক্ষণ পর পর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। অন্য জেলাগুলোতেও একই চিত্র দেখা গেল। পরে বুঝলাম, সাদা চামড়ার একজন মানুষকে দেখে নিজেদের জাতি হিসেবে তুলে ধরতে জয় বাংলাকে প্রতীক হিসেবে বাঙালিরা বেছে নিয়েছে।’ যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে পিটারের মনে হলো, আর এক দিনও দেরি করা যাবে না। পিটারের মনে পড়ল আন্তর্জাতিকতাবাদী সমাজবদলের আন্দোলনের প্রতীক চে গুয়েভারার কথা। চে যেমন নিজ দেশ আর্জেন্টিনা ছেড়ে বলিভিয়ায় চলে গিয়েছিলেন, পিটারও তেমনি বাংলাদেশে এসে সমাজবদলের পরিকল্পনা নিলেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে পিএইচডি অভিসন্দর্ভটি দ্রুত লিখে জমা দিতে গিয়ে দেখলেন, তত্ত্বাবধায়ক শিক্ষক দেশের বাইরে গেছেন। তাঁর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করে অফিসকক্ষে অভিসন্দর্ভটি জমা দিয়ে দেশের পথে রওনা দিলেন।পিটার বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বেশ কিছু প্রতিবেদন তৈরি করে তা প্রকাশের জন্য হল্যান্ডের প্রধান দৈনিকগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করি। বাংলাদেশের প্রতি তখন বিশ্বজুড়ে একটি আন্তর্জাতিক সহানুভূতি কাজ করছিল। দ্য নিউ আমস্টারডামসহ হল্যান্ডের কয়েকটি প্রভাবশালী দৈনিক আমার লেখাগুলো প্রকাশ করে। পূর্বাভিজ্ঞতা না থাকলেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিই।’পিটারের এসব প্রতিবেদন হল্যান্ডের জাতীয় দৈনিকগুলো ফলাও করে প্রকাশের পর ইউরোপজুড়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা দানা বাঁধে। বাংলাদেশে গিয়ে আরও প্রতিবেদন লেখার জন্য দ্য গ্রিন আমস্টারডামার, সাপ্তাহিক দ্য টাইড, দ্য নিউলিলি পত্রিকার কাছে প্রস্তাব করেন তিনি। পত্রিকাগুলোর প্রতিনিধি হয়ে আবারও বাংলাদেশে রওনা হন পিটার। বাবা ছিলেন রুরমন্ড শহরের মেয়র। সমাজবদলের জন্য সাংবাদিকতা পেশা দিয়ে মেয়রপুত্র বাংলাদেশে যাচ্ছেন—এ খবর সেখানকার কয়েকটি দৈনিক প্রচার করে। মা-বাবা ছিলেন উদারমনা। তাঁরা পিটারকে থামানোর চেষ্টা করেননি।কলাপাতায় খিচুড়ি ও মওলানা ভাসানীবাংলাদেশে আসার পর পিটার কাস্টার্সের বামপন্থী এক বন্ধু পরামর্শ দিলেন সবার আগে মওলানা ভাসানীর সঙ্গে দেখা করার জন্য। ভাসানী তখন টাঙ্গাইলের সন্তোষে একটি কৃষক সমাবেশের কাজে ব্যস্ত। পিটার বললেন, ‘সেখানে গিয়ে দেখি, ভাসানী ন্যাপের অনেক বড় বড় নেতা ও স্থানীয় কৃষক প্রতিনিধিদের সঙ্গে মাটিতে বসে কলাপাতায় খিচুড়ি খাচ্ছেন। সাংবাদিকতার বাইরে বাংলাদেশের সমাজবদলের সংগ্রামে যুক্ত হওয়ার ইচ্ছার কথা তাঁকে জানাই। ভাসানী বললেন, “আমি যখন তোমার মতো তরুণ ছিলাম, তখন গোপন সংগঠন অনুশীলন-এ যোগ দিই। তরুণ বয়সে রক্ত গরম থাকে।” বিদেশি হিসেবে কাজ করতে গেলে কী ধরনের সমস্যা হতে পারে, সে সম্পর্কে সাবধান করতে গিয়ে ভাসানী বলেছিলেন, “আমরা বিদেশিদের অনেক আতিথেয়তা দিলেও রাজনৈতিকভাবে তাঁদের আমরা সন্দেহের চোখে দেখি।” তাঁর ওই কথাটিতে তখন ততটা গুরুত্ব দিইনি। কিন্তু তা যে কতটা প্রতীকী ছিল, তা পরে হাড়ে হাড়ে টের পেয়েছি।’১৯৭৪ সালে হল্যান্ডের বহুল প্রচারিত দৈনিক পিপলস ডেইলি পিটারকে তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশের গ্রামে-গ্রামে ঘুরে বিদেশি সহায়তা নিয়ে পিটার একটি প্রতিবেদন লেখেন। ধনী দেশগুলো থেকে কম্বলসহ নানা ধরনের বিদেশি সহায়তা আসতে থাকে। কিন্তু ত্রাণসামগ্রী প্রদানকারী ও গ্রহণকারী কোনো দেশেরই তা নিয়ে পরিকল্পনা ছিল না। ফলে ত্রাণ বিতরণ নিয়ে ব্যাপক অনিয়ম হতে থাকল। প্রচুর অপ্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে আসা শুরু করল।পিটার জানালেন, তাঁর মাতৃভূমি হল্যান্ডের সেনাবাহিনীর কিছু পুরোনো টিনজাত খাবার বাংলাদেশে পাঠানো হলো। দেখা গেল, তা কেউ খাচ্ছে না। আমি আমার প্রতিবেদনে লিখি, ‘খাবার যদি সংস্কৃতির সঙ্গে না মেলে, তাহলে মানুষ তা গ্রহণ করে না। বিদেশি সাহায্য দেওয়ার ক্ষেত্রে শুধু মানবতার কথা ভাবলে হবে না। স্থানীয় প্রয়োজনকেও বিবেচনা করতে হবে। অতঃপর সাহায্য নিয়ে হল্যান্ডের বৈদেশিক সহায়তাবিষয়ক মন্ত্রীর সমালোচনা ও তর্ক-বিতর্ক শুরু হলো।’তাহেরের সঙ্গে হূদ্যতাসাংবাদিকতা সূত্রে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে কর্নেল তাহেরের সঙ্গে দেখা হয় পিটারের। হাসপাতালে এক বন্ধুকে দেখতে গিয়ে সেখানে চিকিৎসারত অবস্থায় তাহেরের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাহের সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে পিটার বলে ওঠেন, ‘স্বাধীনতাযুদ্ধে এক পা হারিয়ে দমে না যাওয়া এই সেনা কর্মকর্তাকে সবার চেয়ে আলাদা মনে হয়েছে। কথা বলে মনে হয়েছে, বাংলাদেশকে গড়ে তোলা ও সমাজবদলের প্রশ্নে তাঁর স্বপ্ন আন্তরিক ছিল। তাহের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন। তিনি আন্তরিকভাবে চেয়েছিলেন, এ দেশের গরিব মানুষের মুক্তি হোক।’তবে পিটার নিজে গরিব মানুষের জাগরণের শিক্ষা লাতিন আমেরিকা থেকে নিয়েছিলেন। পাওলো ফ্রেইরে এক ব্রাজিলীয় বুদ্ধিজীবী নিপীড়িতের শিক্ষা নামের একটি বই লিখেছিলেন। তাতে তিনি সমাজবদলের উপায় হিসেবে বলেন, ‘শিক্ষার মাধ্যমে গ্রামে জাগরণ সৃষ্টি করতে হবে।’ পিটার এই মতকে গ্রহণ করলে তাঁর সঙ্গে অনেকেই একমত হয়।পাওলো ফ্রেইরের তত্ত্বকে বাংলাদেশের সমাজবদলের সঙ্গে সম্পর্কিত করে বেশ কয়েকটি পুস্তিকা লেখেন পিটার। সংস্কৃতি, সমাজ, অর্থনীতি নিয়ে মূল্যায়ন করেও বেশ কিছু পুস্তিকা লেখেন। বেশ কয়েকটি জেলাকে নির্বাচিত করে সেখানে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। বাংলাদেশ অরগানাইজেশন ফর ফাংকশনাল এডুকেশন নামের একটি সংগঠন গড়ে তোলেন। ’৭৫ সালের এপ্রিলে বিভিন্ন ধারার লোক এসে এতে যোগ দেওয়া শুরু করল। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের সপরিবারে হত্যাকাণ্ড পুরো পরিকল্পনা পাল্টে দেয়।জেলজীবন১৯৭৫ সালের ৮ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা পিটারকে গ্রেপ্তার করে। গোয়েন্দা সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের কয়েক দিন পর পিটারকে নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের আমদানি সেলে (শাস্তি অনুযায়ী নির্দিষ্ট সেলে নেওয়ার আগে যে সেলে রাখা হয়)। জেলখানায় রাত যাপনের কথা বলতে গিয়ে আঁতকে ওঠেন পিটার। সেখানে রাতের বেলা শুরু হলো চরম শারীরিক নির্যাতন। কে কাকে কেন মারছে, কেউ জানে না। বেধড়ক পিটুনি খেতে খেতে রাত শেষ হলে সকালে নিয়ে যাওয়া হলো সাধারণ কয়েদিদের থাকার জায়গা ৮ নম্বর সেলে। ডিসেম্বর মাস। তীব্র শীত। পর্যাপ্ত শীতবস্ত্র নেই। লবণ দেওয়া চা ও প্লাস্টিকের মতো শক্ত রুটি খেতে দেওয়া হলো। মুসলিম লীগের কর্মী থেকে শুরু করে নকশালপন্থী—সবাইকে একই সেলে রাখা হলো। সেখানেই সপ্তাহখানেক কেটে গেল।এক সপ্তাহ সাধারণ সেলে রাখার পর পিটারকে নেওয়া হলো নিরাপত্তা সেলে (যেখানে রাষ্ট্রের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত কয়েদিদের রাখা হয়)। সেখানে শাজাহান সিরাজ, হাসানুল হক ইনুসহ অনেক নেতার সঙ্গে দেখা হয়। কোনো ধরনের মামলা ও বিচার ছাড়াই ১০ মাস জেলে রাখা হয় বলে জানান পিটার কাস্টার্স।জেলখানার অনেক তিক্ত অভিজ্ঞতার সঙ্গে কিছু মধুর স্মৃতিও বললেন পিটার। জানালেন, নিরাপত্তা সেলের কয়েদিদের অন্য সেলে যেতে দেওয়া হতো না। সকালে ২০ মিনিটের জন্য হাঁটাহাঁটি করার সুযোগ দেওয়া হতো। পিটারদের সঙ্গে জেলখানায় ছিলেন শেখ মুজিবুর রহমানের এক দেহরক্ষী। সে পরামর্শ দিল সকালে হাঁটাহাঁটির সময় একটু শরীরচর্চা করতে। ওই পরামর্শ অনুযায়ী এখনো প্রতিদিন সকালে পিটার শরীরচর্চা করেন বলে জানান।আগস্টে পিটারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হলো। বলা হলো, রাষ্ট্রের বিরুদ্ধে এই ডাচ্ তরুণ ষড়যন্ত্রে লিপ্ত। পিটারকে গ্রেপ্তার করার কয়েক মাসের মাথায় হল্যান্ডে ব্যাপক হইচই শুরু হলো। রাজপথে মিছিল হলো। সাংবাদিকেরা প্রতিবাদ সমাবেশ শুরু করলেন। প্রচণ্ড চাপের মুখে পড়ায় ডাচ্ সরকার পিটারকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করল।ইউরোপের বেশ কয়েকটি দেশে একই ধরনের প্রতিবাদ হওয়ার পর বাংলাদেশের তৎকালীন সামরিক সরকার তাঁর ওপর চাপ শুরু করল। এ কথা বলে কিছুটা থামলেন এই ডাচ্ সাংবাদিক। বললেন, ‘আমি অনশন শুরু করলাম। আমাকে রাজসাক্ষী হওয়ার জন্য চাপ বাড়ানো হলো। ডেথ সেলে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চ ও রশি দেখিয়ে বলা হলো, “কথা না শুনলে এখানে ঝুলতে হবে”।’১৯৭৬ সালের ২১ সেপ্টেম্বর পিটারকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে আন্তর্জাতিক চাপ আরও বেড়ে গেল। তৎকালীন সরকারের কয়েকজন প্রতিনিধি এসে বললেন, ‘আমাদের কিছু শর্ত মানলে আপনাকে আমরা ছেড়ে দেব।’ এ কথা শুনে তিনি জেলের ভেতরেই হইচই শুরু করলেন। শেষ পর্যন্ত লোকদেখানো কিছু শর্তে পিটারকে ছেড়ে দিল তৎকালীন সামরিক সরকার।সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন, সামরিক আমলের সব ধরনের বিচারের রায় অবৈধ। পিটার এ ব্যাপারে বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা আইনজীবীর সঙ্গে আলাপ করে জেনেছেন, ওই রায়ের ফলে পিটারের বিরুদ্ধে সামরিক আদালত যে রায় দিয়েছেন, তাও অবৈধ হয়ে গেছে।ভালোবাসা ভাঙেনিস্বদেশ ভূমি হল্যান্ডে ফিরে গিয়ে পিটারের মন খারাপ হয়ে গেল। তাঁর মনে হলো, ‘সমাজবদলের কাজ শুরু করার পর মাঝপথে ভাঙন দেখা দিল!’ একসময় অনুভব করলেন, বাংলাদেশ ছেড়ে গেলেও এ দেশের প্রতি ভালোবাসা ভাঙেনি। ’৭৬ থেকে ’৮১ সাল পর্যন্ত পিটার হল্যান্ডের স্থানীয় সংবাদপত্রগুলোর জন্য কাজ করলেন। এরপর ’৮৭ সাল পর্যন্ত শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর নিজেকে কিছুটা গুছিয়ে এনে আবারও বাংলাদেশ নিয়ে কাজ শুরু করেন পিটার। প্রথমে বাংলাদেশ ও এশিয়ার ওপর বেশ কিছু গবেষণা ও তাত্ত্বিক কাজে হাত দেন তিনি। এশীয় বাজারে পুঁজির প্রবেশ, নারীশ্রম, নারীবাদী তত্ত্ব নিয়ে বেশ কিছু বই লেখেন তিনি। ডাচ্, ইংরেজি ও বাংলা ভাষায় এগুলো প্রকাশিত হয়। ফ্যাপবিরোধী আন্দোলনবাংলাদেশের ওপর ফ্যাপের (ফ্লাড অ্যাকশন প্ল্যান) নেতিবাচক প্রভাব নিয়ে পিটার কাস্টার্স আন্তর্জাতিক পরিসরে একটি আন্দোলন শুরু করেন। ফ্যাপের বিরুদ্ধে কথা বলার জন্য একটি প্লাটফর্ম তৈরির কাজ শুরু করেন। ফ্যাপের আওতায় বাংলাদেশের বিভিন্ন নদীর ওপর যে বাঁধ ও নদী শাসন অবকাঠামোগুলো তৈরি হবে, তা কী ধরনের পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে, তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা শুরু করেন। ’৯৩ সালের মে মাসে ফ্রান্সের স্ট্রার্সবুর্গ শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্টের ফ্যাপবিরোধী একটি সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। পিটার এর সমন্বয়কারীর ভূমিকা পালন করেন। ওই সম্মেলনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। অর্থনীতিবিদ স্বপন আদনান, উন্নয়নকর্মী খুশী কবির, ছাত্রনেতা মোশরেফা মিশু বাংলাদেশের ওপর ফ্যাপের নেতিবাচক প্রভাব নিয়ে যুক্তি উপস্থাপন করেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এ যুক্তি মেনে নিতে বাধ্য হয়। এতে ফ্যাপের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে সমালোচনা আরও দানা বেঁধে ওঠে। পিটারের সমন্বয়ে ১৯৯৬ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে আরেকটি ফ্যাপবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে আন্দোলনে সফলতা এল। হল্যান্ড সরকার ও ইউরোপিয়ান ইউনিয়ন ফ্যাপ থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করল। অসম্পূর্ণ অবস্থায় ফ্যাপের সমাপ্তি ঘোষণা করল বিশ্বব্যাংক। বাংলাদেশ আরও বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষা পেল।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেনব্বইয়ের দশকের শুরুতে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন গড়ে ওঠে। হল্যান্ডে বসেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান পিটার। ’৯১ সালে গণ-আদালত তৈরি হলে তাতে অংশ নিতে ’৭৬ সালের পর আবারও বাংলাদেশে আসেন পিটার। লাখো জনতার চোখে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা ও বিচারের দাবি দেখে আন্দোলিত হন তিনি। পিটার জানান, মাতৃভূমি হল্যান্ডে ফিরে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কাজ করা শুরু করেন।জামায়াতে ইসলামীর ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেন। এরশাদবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের জুলুম-নির্যাতন সম্পর্কে জানতে পারেন। মিল খুঁজে পান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের নির্যাতনের সঙ্গে। পিটার ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে হল্যান্ডের মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে একত্রে প্রতিবাদ সমাবেশ করেন। ২০০৪ সালে কয়েকটি মানবাধিকার সংগঠন নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটি জোট গঠনের উদ্যোগ নেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় উদ্বেগ জানান তিনি।যুদ্ধাপরাধবিরোধী আন্তর্জাতিক আন্দোলনের অংশ হিসেবে চলতি বছরের জুনে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসেন পিটার। বিচারের পক্ষে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনরত বুদ্ধিজীবীদের সমন্বয়ে ৭১ সদস্যের যে ‘ঢাকা মঞ্চ’ গঠিত হয়েছে, পিটার তাতে সদস্য হিসেবে রয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পক্ষে কাজ করছেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন যাতে নীতিগত অবস্থান নেয়, সেই চেষ্টা করছেন তিনি। যৌবনের শুরুতে বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ শুরু করা পিটার কাস্টার্স জীবনের বাকিটা সময় বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চান।