বাংলাদেশ ব্যাংকে অফিসার নিয়োগ লিখিত পরীক্ষায় শেষ সময়ের করণীয়

বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা। অফিসার পদের লিখিত পরীক্ষা ১৫ মে সকাল সাড়ে নয়টায়। দুই ঘণ্টায় ২০০ নম্বরের এই পরীক্ষার ওপরই অনেকটা নির্ভর করে চূড়ান্ত নিয়োগ। যেহেতু প্রাথমিক বাছাই পরীক্ষার নম্বর যোগ হবে না এবং মৌখিক পরীক্ষার নম্বর তুলনামূলক কম, তাই লিখিত অংশে ভালো করার বিকল্প নেই। ভালো করতে চাওয়া মানে বাড়তি চাপ নেওয়া নয়। শেষ মুহূর্তে সবকিছু ঠিকমতো গুছিয়ে নিতে পারলে প্রস্তুতি সহজ হয়ে যাবে। আত্মবিশ্বাসও বেড়ে যাবে। সবচেয়ে কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ প্রাথমিক বাছাই পরীক্ষা পার হয়ে এসেছেন মানে আপনার প্রস্তুতি ভালো, প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় আপনার দখলে। তা ছাড়া বিগত তিন মাস নিশ্চয় প্রস্তুতি নিয়েছেন সাধ্যমতো। এখন লিখিত পরীক্ষায় সেগুলো সুন্দরভাবে তুলে ধরাই কাজ। পরীক্ষার আগের এই কয়েকটা দিন বাড়তি পড়াশোনা করে চাপ বাড়ানোর দরকার নেই; বরং পরিকল্পনা করে ফেলুন, কী ধরনের প্রশ্ন এলে কীভাবে লিখবেন।
বিশেষ করে বাংলা ও ইংরেজিতে সংক্ষিপ্ত রচনা নির্ধারিত জায়গার মধ্যে অল্প কথায় ভালো করে লিখতে হবে। এ জন্য প্রয়োজনীয় রসদ জোগাড় করে ফেলুন। যেমন বাংলাদেশের প্রবাসী-আয় বা রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়ন, দরিদ্রতা হ্রাস, কয়েক বছরের বার্ষিক প্রবৃদ্ধি (জিডিপি), রপ্তানি বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো সূত্রসহ ছক আকারে কয়েক পৃষ্ঠার মধ্যে লিখে রাখুন। পরীক্ষার আগের দিন চোখ বুলিয়ে নিতে পারবেন। বাংলা কিংবা ইংরেজি যে মাধ্যমই হোক, লিখতে গেলে এগুলো কাজে আসবে। ভাষার কমতি থাকলেও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনার জন্য আশা করি ভালো নম্বর পাবেন। পাশাপাশি সামগ্রিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির মন্তব্য বা উক্তিও এক পৃষ্ঠায় একত্রে লিখে রাখতে পারেন। লেখার সঙ্গে প্রয়োজনে কাজে লাগালেন। ইংরেজি ও বাংলা পত্রিকার সম্পাদকীয় কলাম, অর্থ ও বাণিজ্য পাতা নিয়মিত পড়ে থাকলে রচনা লেখার পাশাপাশি অনুবাদ ও ট্রান্সলেশন কাজে আসবে। এ জন্য নতুন করে পড়ার কিছু নেই। অনুবাদ ও ট্রান্সলেশনে ভালো নম্বর পাওয়া যায়। তাই সতর্কতার সঙ্গে সময় নিয়ে করা ভালো। প্রয়োজনে এ অংশ দিয়েও শুরু করতে পারেন।
লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেতে যেভাবেই হোক সব অঙ্ক করার চেষ্টা করতে হবে। অঙ্কে ভালো করা নির্ভর করে বেশি বেশি অনুশীলনের ওপর। অঙ্কের প্রতি নিজের আগ্রহ ও পারদর্শিতাও কাজে আসে পরীক্ষায়। তবে অঙ্ক নিয়ে মাথা গরম হয়ে যাওয়ার ভয় থাকলে শেষে করাই ভালো। যথেষ্ট সময় পাবেন। হাতে সময় রেখে চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে বেরিয়ে পড়ুন। আশা করি, কাঙ্ক্ষিত সাফল্যের দেখা মিলবে।
লেখক: সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক