বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগদানের জন্য প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। ভারত উপমহাদেশে ১৯২৬ সালে প্রথম পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৩৪ নম্বর আদেশবলে ১৯৭২ সালের মে মাসে প্রাথমিক পর্যায়ে পাবলিক সার্ভিস কমিশন (প্রথম) ও পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়) নামে দুটি আলাদা কমিশন গঠিত হয়। ১৯৭৭ সালের ২২ ডিসেম্বর এই কমিশনের নামকরণ করা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।সদস্য: কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছর মেয়াদে অথবা তাঁদের বয়স ৬২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হন। প্রতিবছর ১ মার্চের মধ্যে বিগত বছরে নিষ্পন্ন কাজের ওপর একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। কাঠামো: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কর্মকাণ্ড পরিচালনায় সহায়তার জন্য কমিশনের একটি সচিবালয় রয়েছে। কাঠামোগত অবস্থানের দিক থেকে এটি সংস্থাপন মন্ত্রণালয়ের একটি অংশ এবং মন্ত্রণালয়ের একটি বিভাগের সমমর্যাদাসম্পন্ন। সদর দপ্তর: রাজধানী ঢাকায়। ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে পাঁচটি রাজধানীর বাইরের বিভাগীয় সদরে। কমিশন সচিবালয়ে নিয়োজিত সচিব হলেন এর মুখ্য নির্বাহী কর্মকর্তা। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার। সচিবের সহযোগী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন যুগ্ম সচিব, একজন পরীক্ষা নিয়ন্ত্রক, একজন প্রধান মনোবিজ্ঞানী, দুজন উপসচিব ও সাতজন পরিচালক।সূত্র: বাংলাপিডিয়া