বাংলাদেশকে চেনাতে পাঁচ প্রবাসীর অভিযাত্রা
দক্ষিণ আফ্রিকার পাঁচ প্রবাসী বাংলাদেশি—এম আর ওয়াহেদ, মুহিদ মোল্লা, আজাদ খান, ইলিয়াস উদ্দিন ও মোহাম্মদ বেলাল। সবাই দেশ ছাড়েন ১০ থেকে ১২ বছর আগে। জীবিকার তাগিদে হাজার হাজার মাইল দূরে থেকেও প্রাণ পড়ে থাকত দেশেই। প্রবাসজীবনে বিদেশ বিভুঁইয়ে ভিনদেশিদের সঙ্গে আলাপকালে একটা বিষয় তাঁদের বেশ নাড়া দিয়েছে। তা হলো, সেখানকার বেশির ভাগ মানুষ তাঁদের সৌন্দর্যে ভরা বাংলাদেশকে জানেই না। তাঁরা ভাবলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও এখনো আমাদের অনেকে চেনে না। আমাদের কী নেই?’ মূলত এ ধরনের ভাবনা থেকেই তাঁদের অভিযাত্রার শুরু। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে ‘ভিজিট ফর বাংলাদেশ’ স্লোগানে সড়কপথে ঘুরে বেরিয়েছেন ৩৩টি দেশ। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে তাঁদের অভিযাত্রার যানবাহনটি গত শুক্রবার এসে থামে হাজার বছরের পুরোনো নগর চট্টগ্রামে। পতেঙ্গার প্রজাপতি পার্কে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন প্রাণিবিজ্ঞানী শফিকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্কের মহাব্যবস্থাপক সৈয়দ সেলিম এরশাদ ও প্রকল্প পরিচালক এ কে এম মইনুদ্দিন। অনুষ্ঠানে অভিযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন সংবর্ধিত অতিথি দলনেতা এম আর ওয়াহেদ। তিনি বলেন, ‘কাজটি ছিল খুব কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। কিন্তু দেশের জন্য একটা কিছু করার তাগিদ আমাদের সব বাধা পেরোতে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই আমরা পেরেছি। দেশের জন্য মমত্ব বোধ থাকলে অনেক ভালো কাজ করা যায়। আমাদের আহ্বান, প্রকৃত দেশপ্রেম নিয়ে যেন সবাই এগিয়ে আসেন।’ তিনি বলেন, ‘আমরা ২৬টা দেশের সীমানায় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। দেশের নানা সৌন্দর্য তুলে ধরে প্রচারপত্র বিলি করেছি। বিভিন্ন দেশের মানুষ সাগ্রহে তা গ্রহণ করে জানতে চেয়েছে নানা দিক। এখন সেসব দেশ থেকে ১০ জন করে মানুষ যদি বাংলাদেশ ভিজিটে আসেন তাহলে নিজেদের সার্থক মনে করব।’ প্রধান অতিথি শফিকুল হক চৌধুরী বলেন, ‘দেশপ্রেমের মাপকাঠি হচ্ছে—কে দেশের জন্য কতখানি শ্রম দিচ্ছেন। এই পাঁচ প্রবাসী আমাদের গর্ব। প্রবাসে থেকেও দেশের প্রতি তাঁদের ভালোবাসা অকৃত্রিম। যা অন্যদের জন্য অনুকরণীয়। তাঁরা বিশ্বে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছেন।’পরে অভিযাত্রী দলের ভিডিওচিত্র দেখানো হয়। এ ছাড়া অভিযাত্রী দলের পক্ষে দলনেতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। উল্লেখ্য, পাঁচ প্রবাসী যাত্রা করেন ২০১১ সালের ২০ অক্টোবর। ৩৩ দেশ ঘুরে বাংলাদেশে ঢোকেন ২৩ ডিসেম্বর। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে চট্টগ্রাম আসেন গত শুক্রবার। অবশ্য এর মধ্যে দলনেতা ওয়াহেদ ছাড়া অন্য চার সদস্য দক্ষিণ আফ্রিকা ফিরে গেছেন।