স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা একঝাঁক সোনালি পায়রার মতো কজন অতিথি এসেছিলেন আমাদের এই সবুজ-সরল দেশে। তাঁরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৩ জন শিক্ষার্থী। সঙ্গে ছিলেন তাঁদের তিনজন শিক্ষক। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিয়নস ইউনিভার্সিটি কার্বনডেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম ২০১১: মাইক্রোফাইনান্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় তাঁরা এসেছিলেন বাংলাদেশকে জানতে।ঢাকার বাইরে তাঁরা পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। ৯ জানয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় অতিথি শিক্ষার্থীদের সঙ্গে। তাঁদের কথায় বারবারই বাংলাদেশের গ্রামের রূপবৈচিত্র্য ফুটে উঠেছিল, প্রকাশিত হচ্ছিল খেটে খাওয়া সংগ্রামী মানুষের কথা। বাংলাদেশে ক্ষুদ্রঋণের সফলতার বিষয়টিও তাঁরা ব্যক্ত করলেন অনেক বার। নারীর ক্ষমতায়ন ও আর্থিক সচ্ছলতাসহ সামাজিক উন্নয়নের বিষয়গুলোর প্রতি জোর দিচ্ছিলেন অনেকে।বাংলাদেশ কেমন লাগছে জানতে চাইলে কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির শিক্ষার্থী স্টিফানি এজিন ওনুহা বলেন, ‘দারুণ! আসার আগে কিছুটা উদ্বিগ্ন ছিলাম, নিরাপত্তার বিষয়টি ভাবতে হয়েছে; কিন্তু এখানে এসে বুঝলাম, অনুমানটা সঠিক ছিল না। পরিস্থিতি তো এক্কেবারেই স্বাভাবিক!’সাউদার্ন ইলিয়নস ইউনিভার্সিটির শিক্ষার্থী ব্রাডলি জোসেফ এ প্রসঙ্গে বলেন, ‘এ দেশের নেতিবাচক খবরগুলোই বাইরের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। আমি করি বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বাইরের দেশগুলোতে বেশি করে প্রচার করা উচিত।’অ্যান্থনি জোসেফ বলেন, ‘বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো এত দিন বইয়ে পড়েছি। এবার চাক্ষুষ দেখে খুব রোমাঞ্চ অনুভব করছি।’স্পেলম্যান কলেজের শিক্ষার্থী কিমি অ্যানিক ওয়েউল বলেন, ‘এ দেশের মানুষ খুব অতিথিপরায়ণ। এরা খুব সহজেই সবাইকে আপন করে নেয়। এরা খুব বন্ধুপরায়ণ।’একই কলেজের চেলসি উইলিয়ামস বলেন, ‘যানজটটা খুব ভুগিয়েছে। এখানে সরকারের বেশি নজর দেওয়া উচিত।’১৩ শিক্ষার্থীর এই দলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনরিয়া ইসলাম রিমি। রিমি বেশ ভালো বাংলা বলতে পারেন। মাতৃভূমি কেমন লাগছে জানতে চাইলাম রিমির কাছে। ও বলল, ‘এককথায় অসাধারণ! এত মনোমুগ্ধকর সবুজ পরিবেশ তো যুক্তরাষ্ট্রের শহরগুলোতে খুঁজে পাওয়া যায় না।’তিনি আরও যোগ করেন, এটা তৃতীয়বারের মতো আমার বাংলাদেশ ভ্রমণ। যদিও আমি যুক্তরাষ্ট্রে জন্মেছি, কিন্তু বাংলাদেশে এসে মনে হচ্ছে, এটা আমার ঘরের মতো একান্ত আপন। আমার মা বরিশালের ও বাবা পটুয়াখালীর বাসিন্দা ছিলেন। বাসায় এখনও বাঙালি খাবার রান্না হয়। বাংলাদেশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে কী ভূমিকা পালন করছে, তা জানতে আমি আগ্রহী। আমি অর্থনীতি ও মনোবিজ্ঞান নিয়ে পড়ছি। ২০১২ সালের মে মাসে স্নাতক শেষ হবে। এরপর আমার ইচ্ছা আছে, ক্ষুদ্রঋণ নিয়ে বাংলাদেশে কাজ করার।’এনজিওগুলোর কার্যক্রম সমাজ উন্নয়নের ক্ষেত্রে কী রকম ভূমিকা রাখছে? উত্তর দিলেন ওয়েন স্টেট ইউনিভারসিটির ক্যারেন লি হ্যাঙ্কস, ‘আমি তো মনে করি, এটা যে দিকনির্দেশনা প্রয়োগ করছে, তা এ দেশের সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’মার্সিডিজ গোমেজ জানালেন, ‘আমি বাংলাদেশে এসে সত্যি বাংলাদেশকে ভালোবেসে ফেলেছি। তোমাদের দেশ সামাজিকভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সেসব প্রকল্প ও ধারণাগুলো আমি যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চাই। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা খুব ব্যায়বহুল। কিন্তু বাংলাদেশে তা অনেক সহজসাধ্য। আমার স্বপ্ন, যুক্তরাষ্ট্রও বাংলাদেশের এই পথ অনুসরণ করে শিক্ষাকে সহজলভ্য করবে। বাংলাদেশের ক্ষদ্রঋণের ধারণাটিও যুক্তরাষ্ট্রে প্রয়োগ করতে চাই। বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে। তোমাদের দেশ ও মানুষকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আবার তোমাদের দেশে আসব।’ অন্যরাও অভিনন্দন জানাল মার্সিডিজকে। এভাবেই শেষ হলো সেদিনের আড্ডা।২.ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে ১ জানুয়ারি সাক্ষাতের মাধ্যমে শুরু হয় তাঁদের দুসপ্তাহের সফর। তাঁরা বৈঠক করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুর বারীর সঙ্গে।এ উদ্যোগের সমন্বয়কারী (বাংলাদেশ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান জানান, ‘আন্তসাংস্কতিক যোগাযোগ বৃদ্ধি ও মেলবন্ধন রচনায় এ ধরনের আয়োজন খুবই সহায়ক হয়। এ উদ্যোগ অব্যাহত রাখা যেতে পারে।’