বাংলাদেশি প্রতিযোগী নাসিরকে ভোট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিক্ষার্থী নাসির উদ্দিন মাহ্মুদ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ইউটিউব-লিনোভো আয়োজিত স্পেস ল্যাব প্রতিযোগিতায়। এতে নাসিরের পাঠানো একটি বৈজ্ঞানিক ভিডিওচিত্র চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বব্যাপী এ প্রতিযোগিতায় এবার ছয়টি অঞ্চল থেকে ছয়জন চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। তাঁরা নির্বাচিত হবেন অনলাইন ভোটে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ ভোট দিতে পারবে। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী নাসিরকে ভোট দিতে যেতে হবে তার ওয়েবসাইটে (goo.gl/NxHCW)। এখানে তার পাঠানো ভিডিওতে ক্লিক করলে এর ডান পাশে ভেসে উঠবে ভোট দেওয়ার বাটন। আর তাতে ক্লিক করলেই ভোট দেওয়া হয়ে যাবে। প্রতিদিন একটি কম্পিউটার থেকে একটি করে ভোট দেওয়া যাবে। গত ১৭ জানুয়ারি থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে। ভোট নেওয়া হবে ২৪ জানুয়ারি পর্যন্ত।নাসির পড়াশোনা করছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে। নাসির জানায়, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজার প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্য থেকে ৬০ জনের ভিডিও নির্বাচিত হয় ।বাংলাদেশের একমাত্র প্রতিযোগী নাসির। গত বছরের ৫ ডিসেম্বর ব্লগ সাইটে প্রতিযোগিতার খবর পায়। পরে স্পেস ল্যাবের সাইটে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জেনে সহপাঠী শোয়াইবুল ইসলামকে নিয়ে কাজ শুরু করে। ১৪ ডিসেম্বর তার বৈজ্ঞানিক পরীক্ষাটি পাঠায় নাসির। ফলাফল জেনেছে ৬ জানুয়ারি। নাসিরের মা মিনারা আফরোজ বলেন, ‘নাসির তার নিজের আগ্রহেই এত দূর এসেছে। ছোটবেলা থেকে ওর ঝোঁক ছিল বিজ্ঞানের প্রতি। পড়াশোনায়ও ভালো। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এসএসসিতে পেয়েছে গোল্ডেন ‘এ’ প্লাস। ভবিষ্যতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে সে।’ নাসিরের বাবা মো. শাহাবুদ্দিন খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি ফেনী। নাসির জানায়, ভোটে নির্বাচিত ছয় বিজয়ীকে ওয়াশিংটন নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে দুজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশনে তাদের পরীক্ষাগুলো প্রয়োগ করে দেখা হবে। এবং সেই দৃশ্য সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে।