বাংলাদেশি লাড্ডু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা গত বছরের। রমজান মাস। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে আমরা সব মুসলিম ছাত্রছাত্রী একসঙ্গে ইফতার করি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন বিল্ডিংয়ে। মিসর, ইরান, জর্ডান, তিউনিশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশসহ আরও অনেক দেশের সবাই একসঙ্গে। খুব ভালো লাগে; একটা উৎসব উৎসব আমেজ। একেক দিন একেক দেশ আয়োজন করে ইফতারের। যথারীতি বাংলাদেশের যেদিন ইফতারি পরিবেশন করার কথা, সেদিন সবচেয়ে বেশি ভিড়। আমরা সবাই সালাদ কাটতে আর খাবার বিতরণ করতে ব্যস্ত। হঠাৎ এক ইরানি ছেলে (পিএইচডি স্টুডেন্ট) এসে আমার সঙ্গে কথা শুরু করল। ইরানি: ‘গত বছর তোমরা একটা গোল গোল মিষ্টি খাবার দিয়েছিলে। নাম যত দূর মনে পড়ে লাড্ডু। এবার এনেছ সেটা?’আমি: না, এবার ‘রসমালাই’ নামের একটা মিষ্টি আছে। ইরানি: (অত্যন্ত ব্যথিত) তোমরা এবার লাড্ডু আননি। আমি আজ এই ইফতারে এসেছি শুধু লাড্ডু থাকবে বলে। আমি: রসমালাই লাড্ডুর চেয়েও অনেক ভালো। ইরানি: আমার তা মনে হয় না। লাড্ডু সর্বশ্রেষ্ঠ মিষ্টি। আমি: আচ্ছা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি লাড্ডু খাওয়াব। ইরানির মুখে হাসি, যার অর্থ—‘এটা তোমার সান্ত্বনার কথা।’ ইফতারের পর আমার কাছে এসে সেই ইরানি বলল, ‘নাহ, এই নতুন মিষ্টি ভালো না। লাড্ডুই ভালো।’ আমি আবারও তাঁকে লাড্ডু খাওয়ানোর কথা দিলাম। এবার সে বলল, এমন কথা সবাই বলে, এরপর আবার ভুলেও যায়। এরপর কয়েক মাস কেটে গেল। আমার আর লাড্ডু কিনতে যাওয়া হয় না। সেই ইরানি ছেলেটার গ্র্যাজুয়েট অফিস ডেস্ক আমার সঙ্গে একই বিল্ডিংয়ে হওয়ার কারণে প্রায়ই আমার সঙ্গে তার দেখা হয়। কখনো লিফটে, কখনো বিল্ডিংয়ের মেইন গেটে, আবার কখনো লাঞ্চের সময় গ্র্যাজুয়েট লাউঞ্জে। ছেলেটা একসময় লাড্ডুর কথা ভুলে গেল। কিন্তু তাকে দেখলেই আমার মনে পড়ে যায় সেদিনের সেই ঘটনার কথা। একদিন বিকেলে বাজার করতে গিয়ে মিষ্টির দোকান চোখে পড়ল। সেই দোকান থেকে লাড্ডু কিনলাম। পরের দিন সকালে ওই লাড্ডু নিয়ে সেই ইরানি ছেলেটার রুমের সামনে গিয়ে দরজা টোকা দিলাম। প্রতিটি রুমে প্রায় পাঁচ-ছয়জন গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীর ডেস্ক থাকে। সৌভাগ্যক্রমে সেই ছেলেটিই দরজা খুলল। আমি তার দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, ‘এই তোমার লাড্ডু।’ পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগল তার। বোঝার পর তার চোখে-মুখে বিস্ময়, আনন্দ এবং কৃতজ্ঞতামিশ্রিত যে হাসিটুকু দেখতে পেলাম, সেটা এই যান্ত্রিক জীবনে সত্যিই খুব একটা দেখা যায় না।মো. জিয়াউর রহমান ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা