বাংলাদেশি সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে লন্ডনে অনুষ্ঠান

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে যোগ্যতা থাকার পরও মাত্র একজন সাংসদ (এমপি) রয়েছেন ব্রিটেনের পার্লমেন্টে (হাউজ অব কমন্স) । ২০১০ সালে রুশনারা আলীর বিজয়ের মধ্য দিয়ে হাউজ অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত সাংসদের অভিষেক ঘটার পর থেকে প্রত্যাশা আরও বেড়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে। জনসংখ্যা অনুপাতে পার্লামেন্টে বাঙালি প্রতিনিধিত্ব কম। অন্যদিকে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীনের পর আর কেউ যেতে পারেননি লর্ডসভায়।
ব্রিটেনের পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়াতে পিআর আইডিয়া ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজন করে মিট ইওর ফিউচার এমপিস নামে এক অনুষ্ঠানের। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের আট্রিয়াম ব্যাংকুয়েটিং হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বেথনাল গ্রিন ও বো নির্বাচনী আসনের বর্তমান সাংসদ ও লেবার দলের সদ্য পদত্যাগী ছায়ামন্ত্রী রুশনারা আলী ছাড়াও উপস্থিত ছিলেন হ্যাম্পস্টেড ও কিলবার্ন থেকে লেবার পার্টির মনোনীত সাংসদ প্রার্থী টিউলিপ সিদ্দিক, উইলেন ও হার্ট ফিল্ড থেকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া , ইলিং সেন্ট্রাল ও অ্যাকটন থেকে মনোনীত প্রার্থী রূপা হক এবং কনজারভেটিভ প্রার্থীর বাকিং আসনে মনোনীত প্রার্থী মিনা রহমান। তাঁরা ছাড়াও আরও কয়েকজন সাংসদ ও লর্ড এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিআর আইডিয়ার চেয়ারম্যান ওয়াজেদ হোসেন সেলিম বলেন, এই উদ্যোগের মধ্যে দিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি যাঁরা ব্রিটেনের ২০১৫ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের ব্যপারে কমিউনিটি আরও বেশি করে জানার সুযোগ পাবে।
উর্মি মাযহারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পাশা খন্দকার, ওল্ডহামের কাউন্সিলর আবদুল জব্বারসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্যরোনেস থর্নটন, সাংসদ অ্যান মেইন, সাবেক সাংসদ ফিল বেনিয়ন ও সিটিজেন ইউকের নির্বাহী পরিচালক নেইল জেমসনের অংশগ্রহণে অভিবাসী জনগোষ্ঠীর পার্লামেন্টের সাংসদ পদে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠিত হয়। এই পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তালহা আহমেদ।
এই বিতর্কে অভিবাসী জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অবমূল্যায়নের বিষয়টি উঠে আসে। ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন বলেন, অভিবাসী জনগোষ্ঠীকে মূল্যায়ন করার ক্ষেত্রে লেবার পার্টি অগ্রপথিক। অন্য রাজনৈতিক দলেরও উচিত প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এই জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া।
মিনা রহমান বলেন, কনজারভেটিভ পার্টি অভিজাতদের (এলিট) দল, এই ধারণা ভুল। তিনি একজন সাধারণ পরিবারে জন্ম নিয়েও তাঁর যোগ্যতা দিয়েই প্রার্থিতা নিশ্চিত করেছেন। এতেই প্রমাণ করে কনজারভেটিভ পার্টিও সমান অধিকারে বিশ্বাসী।
প্রশ্নোত্তর পর্বে কভেন্ট্রির তারকা শেফ রইস আলী ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ওলি খান ব্রিটেনের রেস্তোরাঁ সেক্টরে জনবল সংকট মোকাবিলায় মূল ধারার রাজনৈতিক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে অভিজ্ঞ পাচক আনতে রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকদের শক্তিশালী ভূমিকার রাখার দাবি জানান।
বক্তৃতাকালে ব্রিটিশ বাংলাদেশি সাংসদ প্রার্থীরা বাংলাদেশি কমিউনিটির তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রাজনীতিতে অংশ নিতে হলে রাজনৈতিক পদ্ধতির সঙ্গে তরুণদের পরিচিত হতে হবে। আর এর জন্য প্রাথমিক পদক্ষেপ হলো মূলধারার রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা। বিজ্ঞপ্তি।