ভিনদেশে পড়াশোনা করতে গিয়ে নিজেদের মানিয়ে নিতে অনেক সময় সমস্যায় পড়েন বাংলাদেশি ছেলেমেয়েরা। কিন্তু বাংলাদেশেই যাঁরা পড়তে আসেন দূরদেশ থেকে, তাঁরা? কেমন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের বাসিন্দা—যুক্তরাজ্য, ভারত, তুরস্ক, ইরান, নেপাল, সোমালিয়াসহ নানা দেশের ছাত্ররা?শীতের বিকেলের রোদ তেরছা হয়ে পড়ছিল সবুজ-ধূসর মাঠটাতে। ভারত-পাকিস্তানের একটা ফাটাফাটি ক্রিকেট ম্যাচ চলছিল সেখানে। (যদিও সেখানে আরও চার দেশের ক্রিকেটাররাও ছিলেন!)। প্রথম ইনিংসের ১০ ওভারে মাত্র ৫৮ রান করেছিল পাকিস্তান। ক্রিকেটের ভাষায়—চরম স্নায়ুচাপের মধ্যে পাকিস্তানি বোলাররা। তবে ভারতের প্রথম তিনটা ওভার ভালোয় ভালোয় কাটলেও চতুর্থ ওভারে এসে রীতিমতো ভরাডুবি। স্নায়ুচাপের দলবদল! পরপর দুই উইকেট হারিয়ে চোখে অন্ধকার দেখছে ভারত, বলতে গেলে গাছের নিচে ফিরে যাওয়া ওই দুজনই ছিল অন্ধের যষ্টি! তবে কোনো কিছুতেই ভয় নেই ‘স্মাইল’ নির্মলের। ক্লোজআপ মার্কা হাসিটা বোধহয় তার মুখের জন্য ‘চিরস্থায়ী বন্দোবস্ত’। নির্মল হাসতে হাসতে ব্যাটটাকে বার কয়েক লাট্টুর মতো ঘুরিয়ে নেয়। তখনো ওর মুখে হাসি। ওদিকে দৌড় শুরু করেছিল পাকিস্তানের দুর্ধর্ষ পেস বোলার ফেজান। নির্মলের হাসি দেখে সে না হেসে পারে না। মাঝপথে থেমে যায় অগত্যা। তারপর আবারও হাসতে হাসতেই দৌড় শুরু ফেজানের। হাফ লেংথের বল। চোখ বন্ধ করে হেইয়ো বলে ব্যাট হাঁকায় নির্মল। চোখ বন্ধই থাকে খানিকক্ষণ। মাঠের বাইরের হইহল্লায় বোঝা যায় বলটা সীমানার বাইরে! ঝড়ে বক পড়েছে, মানে ছক্কা! খেলার যখন এই অবস্থা তখন একটা বিরতি, ১০ ওভারের ম্যাচে আবার কিসের বিরতি! না, বিরতিটা অন্য কোনো কারনে নয়। নির্মলের অমন হাত খুলে পেটানো সহ্য করতে না পেরে বেচারা বল হয়তো কোথাও গা লুকিয়েছে! ‘এমনটা প্রতিদিনই হয়। ওর ব্যাট হাঁকানো দেখে আশপাশে ঘেঁষতেও বুক কাঁপে! তবে ও একটা জিনিস বটে! যেখানেই যাবে সেখানেই হাসি।’ মাঠে শক্ত শত্রু হলেও আড়ালে নির্মলের প্রশংসাই করে পাকিস্তানের ফেজান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টজ আন্তর্জাতিক হলের মাঠে ততক্ষণে আলো উধাও। ঘড়িতে ছয়টা ছুঁই ছুঁই। হারানো বল খুঁজে না পেয়ে খেল খতম। আম্পায়ার সন্দর্ভের রায়ে ম্যাচ অমীমাংসিত। ‘এই ক্রিকেট আর ফুটবলই আমাদের বিনোদন। মাঠে এলেই সবকিছু অন্য রকম। মাঝেমধ্যে একা লাগলেও এখানে দারুণ কাটে সময়গুলো।’ মাথায় বাহারি টুপি অথচ গায়ে পাতলা ফিনফিনে একটা টি-শার্ট। টুপিটা ঠিক করতে করতে ভালো লাগা বিকেলের কথা বলছিল সোমালিয়ার ওসমান হারুণ। তিন বছর ধরে বাংলাদেশে আছে সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষাশিক্ষা নিয়ে পড়ছে। ওর মতো আরও প্রায় ১২০ জন বিদেশি ছাত্রের বাস এই স্যার পি জে হার্টজ আন্তর্জাতিক হলে। নিজ বাসভূম ছেড়ে বাংলাদেশে পড়তে আসা এই তরুণদের মাঠের উচ্ছ্বলতা দেখেই বোঝা যায়, মাঠটা ওদের আপন জায়গা। ওদের অনুভূতিগুলোও আমাদের সুরে গলা মেলায়।এই সুরে কাছে দূরে‘আমাদের ওখানে তো এখন বেজায় ঠান্ডা। আজ বেশ গরম পড়েছে ঢাকায়। বেশি বেশি গরম একদম অসহ্য লাগে। তাই শীতের সময়টা ভালোই কাটে।’ দেখতে আর দশটা বাংলাদেশি তরুণের মতো সামশাদ খুব ভালো বাংলা জানে। উচ্চারণে কোনো রকমের জড়তা নেই। ‘বাংলাদেশে পড়তে আসা নেপালের প্রায় সবাই বাংলা জানে। বলতে পারো ভাষাটা শুনে শুনেই শেখা। খুব চমত্কার তোমাদের বাংলা ভাষা।’ পাশেই দাঁড়িয়ে ছিল চশমা চোখে দুরাজান গোস্বামী। সেও নেপালের। ভাষা আন্দোলন নিয়ে অনেক কিছুই জানে সে। ভাষাশহীদদের নাম ওর মুখস্থ। ধবধবে সাদা আলখেল্লা পরা কেউ একজন আসছিল আমাদের জটলার দিকে। সামনে আসতেই লম্বা সালাম। কাশ্মীরের হাসান। পড়ছে ঢাকা ডেন্টাল কলেজে। সবে ঢাকার বিখ্যাত জ্যামের সঙ্গে যুদ্ধ করে এসেছে সে। ‘আর সবকিছুই ভালো, এই জ্যামটাই বিরক্তিকর।’ জ্যাম নিয়ে দেখা গেল সবাই চূড়ান্ত বিরক্ত। শ্রীলঙ্কার অ্যালাগারাতনান আবার ভালো দিকটাই দেখতে রাজি, ‘যা-ই বলো, তোমাদের উত্সবগুলো অসাধারণ! এই কদিন আগে সরস্বতী পূজা হয়ে গেল, অনেক মজা করেছি তাতে।’ ওর সুরে কথা বলে চিকিত্সাবিজ্ঞানের ছাত্র ভুটানের কপিলা মানশর্মা, ‘তোমাদের দুর্গা পূজাও দেখেছি আমি। অদ্ভুত সুন্দর! আমাদের সংস্কৃতির সঙ্গে মিল না থাকাটাই স্বাভাবিক। একদম অন্য রকম তোমাদের আয়োজন।’ পাশে চুপচাপ বসে সবকিছু শুনছিল যুক্তরাজ্য থেকে আসা আবুল হাসনাত। সেও যোগ দেয় কথায়, ‘ঈদও মজার। হলে ঈদ করার অভিজ্ঞতা আছে আমার। বেশ মজা করেছিলাম। একসঙ্গে বিভিন্ন দেশের বন্ধুরা, দারুণ! ’ আর পয়লা বৈশাখ? বলতেই মুখের কথা আর মুখে থাকে না আমাদের! কে কার আগে কেড়ে নেবে। সবাই পয়লা বৈশাখের ব্যাপারে বলতে চায়! নেপালের সন্তোষই সুযোগটা হাতিয়ে নেয়, ‘ওফ! কী যে মজা হয় পয়লা বৈশাখে, বোঝানো মুশকিল! গত বৈশাখে সারা দিন ঘুরেছি। শোভাযাত্রাটার কোনো তুলনা হয় না। এখানকার সবকিছু ঝলমলে লাগে সেদিনটায়।’ তালগাছের মতো লম্বা ইন্দোনেশিয়ার আহমেদ। তালগাছের মতোই লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ‘প্রতিদিন তো আর উত্সব হয় না। মা-বাবা, ভাই-বোন ছেড়ে এভাবে একা একা থাকতে মাঝেমধ্যে কষ্ট হয়। আমাদের বিনোদনের বেশ অভাবও আছে এখানে।’ সমস্যার কথা বলতেই আরও কিছু সমস্যার কথাও উঠে আসে পাশাপাশি। ভুটানের পেনজুরি পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার অভিযোগ, ‘এখানকার খাবারদাবারও খুব সুবিধার নয়। থাকার ঘরগুলোও অনেক পুরোনো অবস্থায় টিকে আছে। ঘরোয়া খেলাধুলার ব্যবস্থা আরও ভালো করা জরুরি।’ হলের প্রভোস্ট অধ্যাপক আসিফ নজরুলেরও একই মত। তাঁর মতে, আরও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য টাকাটাই প্রধান সমস্যা। হলের জন্য প্রতিবছর যে পরিমাণ টাকা বরাদ্দ থাকে, তাতে করে চাহিদার সামান্যতম অংশ মেটানোও বেশ কঠিন।‘বালোবাসি, বালোবাসি!’ছিপছিপে শরীরটার উচ্চতা ছয় ফুট ছুঁই ছুঁই। সবুজ-সাদা টি-শার্ট। ছাই রঙের জিনস। পায়ে স্নিকার। কোঁকড়া চুলের নিচে মায়াকাড়া একজোড়া জ্বলজ্বলে চোখ। মুখের সঙ্গে মানানসই খোঁচা খোঁচা দাড়ি আর রহস্যভরা একটা হাসি। এই হলো ফিলিস্তিনের ইয়াসির। বয়স একুশ পেরিয়েছে। পড়ছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিন বছর আগে এসেছিল বাংলাদেশে। এসেছিল, আর যাওয়া হয়নি। কেন? ‘দেশে গেলে যে ফিরে আসতে পারব, তার কোনো নিশ্চয়তা নেই। মা-বাবা, ভাই-বোনকে ছেড়ে এই তিন বছর কীভাবে কেটেছে বলা মুশকিল।’ যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে দূর পরবাসে এভাবে একা একা দিনযাপনের কথা বলতে বলতে ইয়াসিরের বাদামি চোখে মেঘের ছায়া। ‘এই দেশটা খুব আপন আমার কাছে। এখানকার বন্ধুরা খুব ভালো।’ নেপালের সামশাদ মিটিমিটি হাসে, বলে, ‘শুধু বন্ধু, নাকি মেয়েবন্ধু! সারাক্ষণ ফোন কানে নিয়ে “হ্যালো, জানু জানু” করে তো ঘাড় বাঁকা করে ফেলে সে!’ একচোট হাসি হয়ে যায় আমাদের জটলায়। বেচারা ইয়াসির লজ্জায় লালটাল হয়ে একাকার! তবে এটাই সত্যি, এমন ভালোবাসা আছে বলেই ইয়াসির টানা তিন বছর দেশে না গিয়েও হাসিমুখে চলছে ঢাকার বুকে। ভালোবাসার গান গাইছে। হয়ে যাক একটা গান। সবার চাপাচাপিতে মাথা চুলকে গান ধরে ইয়াসির—‘বালোবাসি, বালোবাসি, এই সুরে কাছে দূরে, জলে-স্থলে বাজায় বাঁশি...’সহযোগিতায়: হাফিজুর রহমান