১১ জুন রিহ্যাব ও প্রথম আলোর আয়োজনে ‘বাংলাদেশের আবাসন ব্যবসার গতিপ্রকৃতি এবং উন্নয়ন-সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানদের সংগঠন রিহ্যাব ও প্রথম আলোর আয়োজনে আজকের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। কোনো সন্দেহ নেই আজকের বিষয়টি নাগরিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানে আলোচক হিসেবে যাঁরা উপস্থিত আছেন, তাঁরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আবাসন ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিংবা এই ব্যবসার গতি-প্রকৃতি সম্পর্কে ওয়াকিবহাল। ফলে, তাঁরা খাতটির সংকট সমস্যার দিকটি যেমন শনাক্ত করতে পারবেন, তেমনি এর সম্ভাবনার দিকটিও তুলে ধরতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আশা করি, বৈঠক থেকে উঠে আসা পরামর্শ ও দিক-নির্দেশনা আবাসন ব্যবসায়ীদের নিজেদের কর্মপন্থা নির্ধারণে যেমন সহায়ক হবে, তেমনি সরকারের নীতিনির্ধারণী মহলও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এস এম আবু সুফিয়ান
দু-তিন বছর ধরে আমরা আবাসন খাতে খুব কঠিন সময় পার করেছি। আশার কথা, আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের নিজস্ব কোড অব কন্ডাক্ট অনুসরণ করে এবং আরও কিছু বিধিবিধান মেনে এই ব্যবসা পরিচালনা করতে হয়। এ ছাড়া বিল্ডিং কোডের নিয়ম অনুরসণ করতে হয়।
বাংলাদেশে একমাত্র ব্যবসা, যেটার ওপর একটা আইন হয়েছে, সেটি হচ্ছে রিয়েল এস্টেট আইন। পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী অনেকগুলো বিষয় মাথায় নিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়। এসব মেনেই আমাদের ভবনগুলো নির্মাণ করতে হয়।
আজকের গোলটেবিল বৈঠকে আমরা প্রথম আলোকে সঙ্গে রেখেছি। আমরা আশা করব, আজকের বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করবে।
আমাদের দেশটা ছোট। ভূমির পরিমাণ সীমিত। কিন্তু মানুষ অনেক বেশি। এ কারণে পরিকল্পিতভাবে নগরায়ণ করতে হবে। উলম্বভাবে, অর্থাৎ ওপরের দিকে বাড়িয়ে ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে ছোট ভূমিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। না হয় অদূর ভবিষ্যতে খুব কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে আমাদের।
আলোচকদের প্রতি অনুরোধ করব, আপনারা গঠনমূলক পরামর্শ দেবেন। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে। সুনির্দিষ্ট পরামর্শ দিলে, সেগুলো সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
মইনুল ইসলাম মাহমুদ
দেশের আবাসন খাতে দুই দশক ধরে একটা বিপ্লব ঘটেছে। দেশের স্কাইলাইন বদলে গেছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এই বদলটা চোখে পড়ছে। সিলেটেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
প্রথমেই বলতে চাই, আবাসন খাতের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের জিডিপির সম্পর্ক রয়েছে। এটা জাতির কাছে তুলে ধরতে হবে।
একসময় সিরামিক ও টাইলস আমদানি করতে হতো। কিন্তু আবাসনশিল্পকে ঘিরে এই শিল্প খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এসব জিনিস সহজলভ্য হওয়ায় গ্রামেও ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রামে গড়ে ওঠা ভবনগুলোকে নীতিমালা এবং কোড অব ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।
২০০৭ সালে চট্টগ্রামের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) গেজেট আকারে অনুমোদন করা হয়েছিল। পরে তা স্থগিত করা হয়। জাইকার প্রতিবেদনের ভিত্তিতে এই ড্যাপ করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, এনজিও, রিহ্যাবসহ সব স্টেকহোল্ডারকে। একটি পরিকল্পনায় ভুলভ্রান্তি থাকতে পারে। তাই এসব ভুলভ্রান্তি যাচাই-বাছাই করে সংশোধন করা যেতে পারে। কিন্তু আমরা তা না করে স্থগিত করেছি। এটি ফ্রিজে রেখে দেওয়া হলে পাহাড় কাটা চলবে। পরিবেশের ক্ষতি হবে।
এম এ সালাম
আপনারা সীমিত ভূমির মধ্যে আমাদের জন্য আবাসনের ব্যবস্থা করছেন। স্বাধীনতার পর এই সেক্টরের উন্নতি নিয়ে আমরা গর্ব করতে পারি। তবে সাত-আট বছর ধরে আবাসন ব্যবসায় যে অগ্রগতি ছিল এখন আর তা নেই। এর সঙ্গে দেশের অর্থনীতি জড়িত। আপনারা আবাসনের দিকে তাকাচ্ছেন। আর আমরা তাকিয়ে আছি, কবে আপনারা আমাদের শিল্পভবন করে দেবেন। বর্তমানে পোশাকশিল্পে বড় ধরনের সংকট চলছে। আন্তর্জাতিক পোশাক প্রতিষ্ঠানগুলোর দুটি জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ডের পক্ষ থেকে পোশাক কারখানার ভবনগুলো নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।
আপনারা অভিজাত এলাকার বাইরে ভবন নির্মাণ করতে পারেন। দুই কোটি টাকা দামের ফ্ল্যাট কেনার সামর্থ্য আছে এক থেকে ২ শতাংশ মানুষের। ১২-১৩ লাখ টাকার ফ্ল্যাট নির্মাণ করলে বছরে কয়েক লাখ ফ্ল্যাট বিক্রি হবে।
অনেক ভবনের সামনে লেখা থাকে, অতিথির গাড়ি বাইরে রাখুন। এর অর্থ কী? পার্কিংয়ের ব্যবস্থা না করে ভবন নির্মাণ করা কেন? এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নালা-নদর্মা সব ফ্ল্যাটের পানি নিষ্কাশন করতে পারবে কি না, ভবন নির্মাণের আগে সেটাও ভাবতে হবে। সিটি করপোরেশনের পাশাপাশি আমাদেরও নাগরিক দায়িত্ব আছে। দেশের ব্যাংকগুলোয় হাজার কোটি টাকা অলস পড়ে আছে। হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন আজ মৃতপ্রায়। সেখানে এক থেকে দেড় হাজার কোটি টাকার তহবিল দেওয়া হোক, যাতে কম আয়ের লোকজন সহজ শর্তে ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে পারেন।
রবিউল হক
রিহ্যাবের এক হাজার ২০০ সদস্য রয়েছেন। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সদস্যদের দেশের যেকোনো অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষমতা রয়েছে। সরকার যদি কাজে লাগায়, তাহলে আমরা টাউনশিপ, সেতু, উড়ালসড়কসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করতে পারব। কলকাতা ও মুম্বাইয়ের দ্রুতগতির উন্নয়ন সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতার কারণে।
আবাসন সমস্যার মূল বাধা হচ্ছে জমি ও অনুমতি। ভবন নির্মাণের জন্য জমির মালিকদের পেছনে ঘুরতে হয়। বেশি দাম দিয়ে জমি কিনতে হয়, যার কারণে আমরা মধ্যবিত্তদের ফ্ল্যাট দিতে পারি না।
আবাসন সমস্যা নিরসনের জন্য মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থেকে লোক ভাড়া করে আনার দরকার নেই। আমাদের দেশে যেসব উদ্যোক্তা রয়েছেন, তাঁরা দেশের অবকাঠামোগত উন্নয়ন করতে সক্ষম। এ জন্য সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা লাগবে।
সরকারের নীতিমালা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই ছোট গণ্ডির মধ্যে কাজ করতে হচ্ছে। সরকার বিজিএমইএর মতো সুযোগ-সুবিধা দিলে দেশে যেকোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে পারব। এ জন্য সরকারের সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
তসলিম উদ্দিন চৌধুরী
রিহ্যাব দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। আবাসন সমস্যা নিরসনে তারা আমাদের অনেক উপকার করছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে পরিবেশবান্ধব আবাসনব্যবস্থার ওপর নজর দিতে হবে।
রিহ্যাব সদস্যদের প্রতি অনুরোধ করছি, চার থেকে পাঁচ কাঠা জমির ওপর খুপরি-খুপরি ভবন নির্মাণ যাতে না করা হয়। যৌথ মালিকানায় ভবন নির্মাণ করতে প্লটের মালিকদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ভবন নির্মাণ করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। কয়টি আবাসন প্রকল্প স্থপতিদের নকশায় করা হয়েছে এ বিষয়ে সন্দেহ আছে। অনেকে নকশা ছাড়া ভবন নির্মাণ করছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইনকানুন মেনে ভবন নির্মাণ করা প্রয়োজন।
আমরা পার্কিংয়ের বিষয়ে বারবার বলছি। পৃথিবীর আর কোথাও ভবনের নিচে পার্কিং করার নজির নেই। তবে বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে আলাদা। নগরের যানজট সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।
কাজী আইনুল হক
এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারে ১৫০ মিলিয়নের বেশি মানুষের বাস। এই অবস্থায় আবাসন ব্যবসা করাটা বেশ কঠিন। আশির দশকে ইস্টার্ন হাউজিংয়ের হাত ধরে আবাসন ব্যবসা শুরু হয়। নব্বইয়ের দশকে রিহ্যাবের জন্ম হয়।
আমাদের রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও দেশ এগোচ্ছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বছরে ৩-৪ শতাংশ হারে নগরায়ণ হচ্ছে। তাই অর্থনীতির পরিবর্তনের ফলে শ্রেণিবিন্যাসে পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় আবাসনের চাহিদা বাড়ছে।
তিন দশক ধরে বেসরকারি উদ্যোগে দেশের আবাসন সমস্যা নিরসনের বিষয়টি সঠিকভাবে হয়নি। এ কারণে বলছি, বিশ্বের অন্যান্য দেশে আবাসনশিল্পে যে গ্রামার অনুসরণ করা হয়, আমরা তা অনুসরণ করতে পারছি না। ঢাকার লেকসিটি কনকর্ড স্যাটেলাইট টাউনের মতো দ্বিতীয় কোনো উদাহরণ আমরা তৈরি করতে পারিনি।
চার থেকে বিশ কাঠা জমির ওপর ভবন নির্মাণ করে আবাসন সমস্যা দূর করা যাবে না। এক কথায় এটি ব্যবসা। আবাসন সমস্যা নিরসনের জন্য সমন্বিত উদ্যোগ দরকার।
মানজারে খোরশেদ আলম
প্রায় ২০ বছর আগে মানুষ জমি কিনে বাড়ি করতে থাকেন। তখন ফ্ল্যাট কনসেপ্ট ছিল না। বিভিন্ন ঝামেলার কারণে মানুষ ওই দিকে যাননি। এই কষ্টগুলো উত্তরণের দিকনির্দেশনা আবাসন ব্যবসায়ীরা দিতে পেরেছেন। কিন্তু একপর্যায়ে আবাসন ব্যবসা হোঁচট খেতে দেখলাম। যদিও দেশের অর্থনীতির পরিবর্তনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলা হচ্ছে। তবে আমি এর সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। আমরা প্রশ্ন, এই ব্যবসায় যে সামাজিক দায়বোধ থাকে, তা ছিল কি না? সীমাহীন লাভ ও রাতারাতি বড়লোক হওয়ার প্রবণতা আমরা সংবরণ করতে পেরেছি কি না? আবাসনশিল্পে পরিবেশগত বিষয়টির গুরত্ব দিয়েছি কি না? আমরা ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রেখেছিলাম কি না? আর ক্রেতাদের সঙ্গে আমরা কি প্রতারণা করিনি? এসব কারণে মানুষের হয়তো কিছুটা বিভ্রান্ত হয়েছে। তবে আমি মনে করি, রিহ্যাবের
কর্ণধারদের সামর্থ্য ও শক্তি যদি যথাযথভাবে কাজে লাগানো যায় এবং নীতিগুলো পুনরায় পর্যালোচনা করা হয়, তাহলে এ খাতে আবার প্রাণ ফিরে আসবে। এ ক্ষেত্রে সরকারের অনেক কিছু করণীয় আছে। তবে এমনি এমনি কেউ জায়গা করে দেবে না। আমরা যদি সরকারের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারি এবং জনগণের কাছে আমাদের দক্ষতা তুলে ধরতে পারি, তাহলে জনগণ আমাদের পক্ষে আসবে। তখন সরকার করতে বাধ্য হবে। আর জনগণকে দূরে সরে গেলে কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
দেলোয়ার হোসেন মজুমদার
প্রায় কাছাকাছি সময়ে দেশে আবাসন ও পোশাকশিল্প ব্যবসা শুরু হয়। এর মধ্যে পোশাক খাতের ব্যবসায়ীরা অনেক কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু রিহ্যাব কোনো কিছু নিজের কাছে নিতে পারেনি।
১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ঢাকায় বাসাভাড়া বেড়েছে ২৫০ শতাংশ। এই আবাসন খাতে জিডিপির গ্রোথ ছিল ৭ দশমিক শূন্য ২ পর্যন্ত। এরপর তা কমেছে। তার পরও ২০১০-১১ সালেও ২৬ হাজার ৫৭৬ কোটি টাকার ব্যবসা এখানে ছিল।
আবাসন ব্যবসা চালু থাকার ফলে অনেক লিংকেজ ব্যবসা গড়ে উঠেছে। এতে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে আবাসন ব্যবসার মূল সংকট হচ্ছে ভূমি। আবাসন ব্যবসায়ী এখনো পর্যন্ত আড়াই-তিন কাঠা পর্যন্ত জমি পাচ্ছেন ভবন নির্মাণ করার জন্য। আর একজন ব্যক্তি জমির মালিক হওয়ার পর অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। জমির মালিকের সঙ্গে সাইনিং মানি, ভাড়া ইত্যাদি খাতে প্রচুর টাকা খরচ করতে হয়। জমি সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার অবদান রাখতে পারে।
ওয়াহিদ মালেক
প্রতিটি ব্যবসার সঙ্গে আরেকটি ব্যবসা জড়িত। এটি একটি চেইন প্রক্রিয়া। মিডিয়ার বিজ্ঞাপনের বড় একটি অংশ আসে আবাসন ব্যবসা থেকে। একজন আরেকজনকে সহযোগিতা না করি, তাহলে কোনো ক্ষেত্রে এগোনো সম্ভব না।
আমরা চাই আবাসন ব্যবসা ভালভাবে এগিয়ে যাক। গত তিন বছর আবাসন ব্যবসা ধীরগতির ছিল। এখন চাঙা হয়ে উঠছে।
আবাসন ব্যবসার সমস্যা নিরসনের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার মতো বেসিক জায়গাগুলোর উন্নয়নে এগিয়ে আসতে হবে। বিদ্যুৎ যদি না পায়, তাহলে উন্নয়ন হবে কীভাবে। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যবসা এগিয়ে যাবে।
সোহায়েল এম শাকুর
আবাসন ব্যবসা বাংলাদেশে সংগঠিত রূপ নিয়েছে এবং নগরায়ণের একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে সামনে চলে এসেছে। এখন আবাসন ব্যবসায়ীরা যে কাজ করছে, সেটি নগর উন্নয়নের জন্য বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস করি। শহর ও দেশের উন্নয়নের জন্য এই ব্যবসা অনুকূল ভূমিকা রাখতে পারে।
কিন্তু এই অপার সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও যথেষ্ট আছে। এই ব্যবসা যাঁরা করছেন, তাঁরা উপযুক্ত কি না। উপযুক্ত না হলে সঠিকভাবে নিজেদের গড়ে তুলছেন কি না। আর যদি না করে তাহলে জাতিকে ঝুঁকি বহন করতে হবে। ঝুঁকিটা মারাত্মক রূপ নিতে পারে বড় ধরনের ভূমিকম্পের সময়। তবে অন্যান্য ছোটখাটো বিপত্তি, যেমন: ট্রাফিক ব্যবস্থা ও পয়োনিষ্কাশনের মতো বিপত্তি তো আছেই। পাশাপাশি বড় ধরনের বিপদের ঝুঁকিও রয়ে গেছে। আমরা জানি না রিহ্যাব এই বিপদ সম্পর্কে কতটুকু সচেতন।
আমি আশা করব, এ ক্ষেত্রে রিহ্যাবের বড় ধরনের ভূমিকা রয়েছে। তারা আবাসন প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করবে ও সঠিক দিকনির্দেশনা দেবে। নিজেরা যদি গড়ে উঠতে না পারে, তাহলে সরকারপ্রদত্ত সুবিধাও কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। সম্ভাবনা ও সুযোগগুলো ব্যবহার করতে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।
এম এ রশিদ
আবাসন ব্যবসার মূল সমস্যা অর্থায়ন। যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁদের যদি সরকারের মাধ্যমে হোক কিংবা অর্থসংস্থানকারী সংস্থার মাধ্যমে হোক সহজ শর্তে ঋণ দিতে হবে। না হলে তাঁরা ফ্ল্যাট কিনতে পারবেন না। ফ্ল্যাটের মান ভালো কী খারাপ, তা যাচাই-বাছাই করবে পরে। আগে তাঁর কেনার সক্ষমতা থাকতে হবে। নাগরিকের মৌলিক সমস্যার সমাধানে তাই রাষ্ট্রকে অন্তত এক অঙ্কে সুদের হারে ঋণ দিতে হবে। ব্যাংকে অলস টাকা পড়ে থাকার কথা বলা হলেও আসলে আমরা একজন ফ্ল্যাট কিনতে আগ্রহী ব্যক্তিকে ব্যাংকে ঋণের জন্য নিয়ে গেলেও ব্যাংক তাঁকে ঋণ দেয় না। আবাসন ব্যবসায়ীদের দিতে না পারলেও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহীদের ব্যাংকঋণ দেওয়া হোক।
এই ব্যবসায় ভূমির সমস্যাও প্রকট। রাজউক, সিডিএর মতো সংস্থাগুলো পূর্বাচল প্রভৃতি বিভিন্ন প্রকল্পে একজন ব্যক্তিকে এককভাবে লাভের জন্য প্লট দিয়েছে। এখানে যদি বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা যেত, তাহলে হাজার হাজার লোকের আবাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হতো।
বর্তমান করের হার পুনর্বিন্যাস করা হোক। ফ্ল্যাট কেনা-বেচা নিয়ে আবাসন ব্যবসায়ীদের আয়কর বিভাগের লোকজন নানাভাবে হয়রানি করছে। এটা বন্ধ করা প্রয়োজন।
নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী
বাংলাদেশ ছোট একটি দেশ। আমরা চাই, একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের আবাসনব্যবস্থা গড়ে উঠুক। এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে রিহ্যাব দেশের উন্নয়নে বড় অংশীদার। রিহ্যাব শুধু ভবন নির্মাণ করেনি এর মাধ্যমে সিমেন্ট, রড, টাইলসসহ বিভিন্ন ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে বড় ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এতে প্রকৌশলী ও স্থপতিদের কর্মসংস্থান হয়েছে। তাই দেশের অর্থনীতির উন্নয়নে রিহ্যাবের অবদান অস্বীকার করার উপায় নেই। যেমন বলি, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টসের ভূমিকা অসীম।
দুর্ভাগ্যজনক আমরা পোশাকশিল্প শুরু করেছিলাম খুবই অপরিকল্পিত পদ্ধতিতে। তার খেসারত এখনো দিতে হচ্ছে। তেমনিভাবে রিহ্যাবের যেসব কাজ হচ্ছে, তাও অপরিকল্পিত