বাংলাদেশে এসে মুগ্ধ ভারতীয় লোকসভার সদস্যরা
বাংলাদেশের মানুষের আতিথ্যে মুগ্ধ হওয়ার কথা জানালেন ভারতীয় লোকসভার সফরকারী পাঁচ সদস্য। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি বৌদ্ধ মন্দিরে কঠিন চীবরদানের অনুষ্ঠানে এসে এই মুগ্ধতার কথা জানান তাঁরা। তাঁদের চোখে বাংলাদেশ মহান এক দেশ, যে দেশের প্রকৃতি অসাধারণ সুন্দর। আর এই সুন্দর প্রকৃতির কারণেই এ দেশের মানুষ অসাম্প্রদায়িক।
১৫ নভেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহার মাঠে কঠিন চীবরদান উৎসব ও লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন অতিথিরা। ভারতের বৌদ্ধ সংঘ নায়ক ও রাজ্যসভার সাবেক সদস্য ধর্ম ভীরু মহাথের এ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়া ভারতের লোকসভার সদস্যরা হলেন থুপস্টান চিওয়াঙ (লাদাখ), রাজেশ ভার্মা (উত্তর প্রদেশ), সুনীল গাইকোয়াড় (মহারাষ্ট্র), মুকেশ রাজপুত (উত্তর প্রদেশ) ও অজয় নিশাদ (বিহার)। এ ছাড়া অতিথি ছিলেন কুষ্টিয়া–৪ আসন থেকে নির্বাচিত সাংসদ আবদুর রউফ, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
অতিথিরা বলেন, এত সুন্দর দেশ কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে পারে না। বর্তমানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে। সীমান্ত সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকার সমঝোতার ভিত্তিতে কাজ করছে।
সভায় যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সার্বিক সহযোগিতা এ দেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
এ ছাড়া বাংলাদেশের উন্নয়নে ভারত সহায়তা দিচ্ছে। তিনি আরও বলেন, এ দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ধরে রাখতে সরকার সচেষ্ট। জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যেও বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
ভারতীয় অতিথিরা চট্টগ্রামের সঙ্গে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের বিমান যোগাযোগ চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে তথ্যপ্রযুক্তির ওপর একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণাও দেন তাঁরা। তিন দিনের সফরে অতিথিরা চট্টগ্রামের ভাটিয়ারী ও ফয়’স লেক বেড়াতে যান।
সভায় স্বাগত বক্তব্য দেন রাখাল চন্দ্র বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) হাবিবুর রহমান ও অনুষ্ঠানের সমন্বয়কারী রকি বড়ুয়া। সভায় ভারতীয় অতিথিদের অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের উদ্যোগে লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান করা হয়।