বাংলাদেশে তরুণ তুর্কির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই ভই, ভই, শাহবাগ যাবেন?’ এক নয়, দুই নয়, তিন-তিনজন একসঙ্গে বলে ওঠেন। রিকশাওয়ালা ঘাড় ফিরিয়ে অবাক হয়ে দেখেন, আরে! এ তো বিদেশি। এরা বাংলা বলেন কী করে। আইসে, সেদা, সেইভগি— এরা সবাই তুর্কি, লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে আছেন সেইমে, হুমায়রে। চতুর্থ বর্ষে আছেন দুটি ছেলে—আবদুল কাদের আর কাদির। খুব অল্প দিনেই এঁরা মিশে গেছেন বাঙালিদের সঙ্গে, বিভাগীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুনে বাংলাদেশি পোশাক পরে আসেন। এ ছাড়া অংশগ্রহণও করেন অনুষ্ঠানে। ইংরেজি বিভাগের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন বাংলা কবিতা। ভাঙা ভাঙা বাংলায় আবৃত্তি করেন। দর্শকদের তালি আর ভিড় দেখে বোঝা যায়, তুর্কিদের প্রতি বাঙালিদের আন্তরিকতা। আইসে বলেন: ‘বাংলা ভাষা আমার অনেক ভালো লাগে। আমি এ কয়দিনে অনেক বাংলা শিখেছি। বাংলা শেখার জন্য উত্তরায় একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। নিয়মিত ক্লাস করি।’ তাঁর সঙ্গে আরও বাংলা শেখার জন্য ভর্তি হয়েছেন হাবিবে, হামিদে, সেইমা, ম্যালথাম, হুলিয়া। সবাই থাকেন উত্তরায় একটি ফ্ল্যাটবাড়িতে। পরিপাটি, সাজানো-গোছানো প্রতিটি বাসা। একটি বিল্ডিংয়ের তিনটি ফ্ল্যাটে তাঁরা থাকেন। প্রতি ফ্ল্যাটে পাঁচজন করে মোট ১৫ জন। ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলে থাকেন।এদের কেউ আশা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তাঁদের প্রায় সবাই ইংরেজি বিষয়ে পড়েন। দু-তিনজন ফার্মেসিতে পড়েন। জিজ্ঞেস করলাম, কেন বাংলাদেশে পড়তে আসা? সেদা জানালেন, ‘আসলে আমাদের দেশে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক ব্যয়বহুল, যা আমাদের মতো মধ্যবিত্তের সাধ্যের বাইরে। বছরে প্রায় তিন হাজার ডলার খরচ লাগে সেখানে, আর এখানে মাত্র এক হাজার ২০০ ডলার ব্যয় হয়। সে জন্যই বাংলাদেশে আসা।’সেইভগি বললেন, ‘ইন্টারনেটে সার্চ করে বিশ্বের ভালো বিশ্ববিদ্যালয়গুলোর খোঁজ করলাম। অক্সফোর্ড, হার্ভার্ড, মেলবোর্ন, তারপর পেলাম ঢাকা ইউনিভার্সিটি। ইউরোপ, অস্ট্রেলিয়ায় পড়াশোনার খরচ বেশি, তাই ভর্তি পরীক্ষা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা ছাড়া এটি তো প্রাচ্যের অক্সফোর্ড।’জানতে চাইলাম, কেমন লাগে বাংলাদেশ। সায়মে বললেন, ‘বাংলাদেশ অনেক সুন্দর, যখন আমরা কক্সবাজার ও সিলেটে বেড়াতে গিয়েছিলাম, তখন মনে হয়েছে ভেরি, ভেরি বিউটিফুল কান্ট্রি। কিন্তু ঢাকায় এলে আর এ কথা বলা যায় না, এত যানজট, এত ময়লা-আবর্জনা, এত গরম।’নাসিমে বললেন, ‘এখানকার বাস কাউন্টারের লোকগুলো খুবই বাজে। আমরা ১০০ বা ৫০০ টাকার নোট দিলে ভাঙতি দেয় না। প্রথম প্রথম তো বুঝতে পারতাম না। তবে এখন বুঝে গেছি।’আইসেকে জিজ্ঞেস করলাম, তুরস্কের সঙ্গে বাংলাদেশের কোনো মিল আছে কি না?‘হ্যাঁ, ঈদ উৎসব বা অন্যান্য উৎসব দুই দেশের একই রকম, আনন্দ, উচ্ছ্বাস। তবে বাংলাদেশে রাস্তায় যানজট অনেক বেশি। আমাদের দেশে যা একেবারেই কম। এখানে গরমটা একটু বেশি। তার পরও বাংলাদেশকে আমার ভালো লাগে।’বাবা-মায়ের কথা জিজ্ঞেস করতেই আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। নেসেসে বলেন, ‘প্রতিবছরই ছুটে যাই, খুব মন খারাপ হয় মাঝেমধ্যে। বিশ্ববিদ্যালয়ে জুন মাস পুরো বন্ধ থাকে, তখনি ছুটে যাই।’সেদা বললেন, ‘আমরা সাত ভাইবোন। প্রতিদিন আমাদের যোগাযোগ হয় ই-মেইল ও মোবাইলে।’ সেইভগি বলেন, ‘প্রতিবারই যাওয়ার সময় তাঁদের জন্য অনেক গিফট নিয়ে যাই, খুব খুশি হয়। বাংলাদেশের তাঁতের শাড়ি আমার মায়ের খুব পছন্দ হয়েছে।’মাঝেমধ্যে দলবেঁধে সবাই ঘুরতে বের হয়। সারা রাস্তার মানুষ অবাক বিস্ময়ে দেখে। বাংলাদেশি বেশ কয়েকটি বিয়ের দাওয়াতেও গেছেন তাঁরা।সেদার তো বর্তমানে তেঁতুল আর জলপাই খুব প্রিয়। সেইভগি অবশ্য এখনো খেতে পারেন না। তবে পছন্দ করেন রাস্তার পাশের কাঁচামরিচবিহীন ফুচকা। মাঝেমধ্যে নিজেদের বাসায় দাওয়াত করেন বাংলাদেশি বান্ধবীদের। ছেলেরা বন্ধুদের জন্য খুব আয়োজন করে, সারা দিন পরিশ্রম করে তৈরি করেন তুর্কি ও বাংলাদেশি খাদ্য। অনেক বাংলাদেশি খাবার রান্না করতে শিখেছেন।