বাংলাদেশে বিশ্বকাপ শুরু!
ওই দিন শেষ> ...এ কথাগুলো কেউ শুনলেই বলে দিতে পারে, পরস্পর কাদের নিয়ে কথা বলছে, আর কী বোঝাচ্ছে। গত কয়েক দিনের এই বিজ্ঞাপন আসন্ন বিশ্বকাপের উত্তেজনাকে দক্ষিণ আফ্রিকা থেকে টেনে বাংলাদেশে নিয়ে এসেছে। বিশ্বকাপের আগেই মাঠে গড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। প্রতিযোগী সেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তুমুল উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে ১৪ মে থেকে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুরু হলো নেসক্যাফে থ্রি ইন ওয়ান ‘ব্যাটেল অব দ্য জায়ান্ট’। আর এই ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলের হয়ে ছয়জন খেলোয়াড় মাঠে নেমেছেন। ঢাকার আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়—ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, দারুল ইহসান ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিটি থেকে দুটি করে মোট ১৬টি দলের অংশগ্রহণে ‘ব্যাটেল অব দ্য জায়ান্ট’ টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলো ব্রাজিল ও আর্জেন্টিনা হিসেবে ফুটবলের ময়দানে লড়ছে। আর এই খেলা হয়ে উঠেছিল যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রীতির বন্ধনের খেলা, তেমনি নিজের পছন্দের দলের সমর্থকদের মধ্যে নিজ দলকে জয়ী করার যুদ্ধ।এবার ফিরে যাই মাঠের খেলায়। গুলশান ইয়ুথ ক্লাবে ব্রাজিলের সমর্থক আর আর্জেন্টিনার সমর্থকদের জন্য আলাদা প্যাভিলিয়ন। প্রতিদিনের খেলাতেই এই দুই দলের সমর্থকদের চিত্কার আর উন্মাদনায় কেঁপে ওঠে মাঠ। মাঠে তখন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল দলের খেলা। ব্রাজিলের এক খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়কে বলটা ঠিকমতো পাস দিতে পারেননি বলেই সমর্থকদের একজন চিত্কার করে উঠলেন, ‘কচু খেলো, কচু। খেলতে আসলা কেন মাঠে। দেখো নাই রোনালদিনহো কেমনে পাস দেয়, আর ওই ব্যাটা ওই ভাতিজা, কাকার মতো গোল দিতে পারস না?’ অমনি তাঁর পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘দোস্ত, এবার তো রোনালদিনহো নাই। আর ভাতিজা কেমনে কাকার মতো খেলব।’ ভাতিজা? জিজ্ঞেস করা হলে উত্তর মেলে, ক্যাম্পাসে বন্ধুরা তাঁকে আদর করে ভাতিজা ডাকেন। এখানে খেলার আগে তাঁর নাম দেওয়া হয় কাকা। প্রতিদিনের খেলায় ঠিক এভাবেই মেতে ওঠেন খেলোয়াড় আর সমর্থকেরা। বন্ধুদের সঙ্গে খেলা দেখতে মাঠে এসেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা হলো। বিশ্বকাপের উত্তেজনা কি আপনারা আসলেই অনুভব করতে পারছেন? উত্তর—‘আরে ভাই, পারব না কেন? আর তো কয়দিন। আমরা এখন থেকেই বাসায় বাসায় পতাকা লাগানো শুরু করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে প্রতিটি দলের সমর্থকেরা আলাদা ফ্যান ক্লাব বানিয়েছি। আর নেসক্যাফের এই খেলা যেমন বিশ্বকাপের আগে আমাদের মধ্যে বিশ্বকাপের মজাটা এনে দিল, তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যোগাযোগ আর সম্পর্কেরও একটা জায়গা তৈরি হলো।’নেসক্যাফের এমন আয়োজন নিয়ে নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ব্যবস্থাপক গালিব বিন মোহাম্মদ বলেন, বিশ্বকাপের সময় পুরো দেশ দুই ভাগ হয়ে যায়—ব্রাজিল আর আর্জেন্টিনা। আর নেসক্যাফে সব সময়ই তরুণদের নিয়ে কাজ করে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে এনে খেলাতে পারলে তাঁরা বিষয়টা উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যেই মূলত এই আয়োজন।আজ ২৬ মে এই টুর্নামেন্টের শেষ দিন। সেমিফাইনালে উঠেছে এনএসইউ ব্রাজিল, ইউআইইউ ব্রাজিল, আইইউবি ব্রাজিল ও এনএসইউ আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে কে হবে বিজয়ী? দক্ষিণ আফ্রিকার সত্যিকারের বিশ্বকাপের আগে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে চূড়ান্ত হবে এর ফলাফল।