বাংলাদেশে ব্যবসায় প্রশাসন শিক্ষা
আমাদের দেশে ব্যবসায় প্রশাসন শিক্ষার সূত্রপাত স্বাধীনতারও আগে। ১৯৬৫ সালে কর্মজীবীদের জন্য সান্ধ্যকালীন ডিপ্লোমা প্রোগ্রাম চালু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটি ছিল মূলত আমেরিকানদের উদ্যোগ। তখন করাচিতে এমবিএ (মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং এমপিএ (মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং) প্রোগ্রাম চালু ছিল। তারা বাংলাদেশে এ রকম প্রোগ্রাম শুরু করতে চেয়েছিল অর্থনীতি বিভাগের অধীনে। কিন্তু অর্থনীতি বিভাগ রাজি না হওয়ায় ব্যবসায় শিক্ষা বিভাগের মাধ্যমে তা শুরু হয়। সেটাকেই বলা যেতে পারে আজকের এমবিএ/বিবিএ প্রোগ্রামের সূত্রপাত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমবিএর প্রথম ব্যাচ বের হয়। সঙ্গে সঙ্গে এখানে নির্বাহী উন্নয়ন (এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট) প্রোগ্রামও চলত, যার গুরুত্বপূর্ণ বিষয় ছিল কম্পিউটার শিক্ষা। স্বাধীনতার পর আমেরিকানদের পরিবর্তে ব্রিটিশদের সহায়তা চাওয়া হয়। তারা তাতে রাজি হয় শর্তসাপেক্ষে। শর্ত হলো, এমন একজনকে বিভাগীয় প্রধান করতে হবে যার বিজনেস গভর্নমেন্ট এবং অর্থনীতি—দুটিরই অভিজ্ঞতা আছে। তখন আমি পরিকল্পনা কমিশনে নিয়োজিত। অধ্যাপক মোশাররফ হোসেন এবং আমাকে দায়িত্ব নিতে প্রস্তাব করা হয়। তবে অধ্যাপক মোশাররফ রাজি হলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের অনুরোধে আমি দায়িত্ব নিতে রাজি হই, যাতে করে এটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যায়।অর্থনীতি বিভাগে ফিরে না গিয়ে ১৯৭৪ সালে আমি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম অধ্যাপক হিসেবে যোগ দিই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনজন অধ্যাপক আমাকে নির্বাচন করেন। আমরা ব্যবসায় শিক্ষা বলতে যা বলি, তার নানা মাত্রিকতা আছে। মাত্রিকতাটা আগে বুঝতে হবে। এটা একটি ফলিত শিক্ষা। এর পরিবেশ বুঝতে হবে। আইনি পরিবেশ আছে, ব্যবসায়িক পরিবেশ আছে, সরকারের সঙ্গে সম্পর্ক আছে, শ্রমিকের সঙ্গে সম্পর্ক আছে। বাজার বুঝতে হবে, অর্থনীতি বুঝতে হবে, বিপণন বুঝতে হবে। পরিবেশটা দেশজ ও আন্তর্জাতিক দুই ভাবে বিবেচনা করতে হবে।আমাদের দেশের বাণিজ্য শিক্ষা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতীয় পাঠ্যপুস্তকনির্ভর হয়ে পড়েছে। গবেষণা করে আমাদের দেশের পরিপ্রেক্ষিত বিবেচনা করে ব্যবসা সম্পর্কে ভালো কোনো পুস্তক রচিত হয়নি। এভাবে ব্যবসায় শিক্ষা দেওয়া কঠিন। সুতরাং, আমাদের দেশের ব্যবসায় শিক্ষা এখনো অপরিপূর্ণ। এ জন্য শিক্ষকদের আরও গবেষণা করা দরকার। শিক্ষার্থীদের ব্যবসায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে কেস স্টাডি খুব গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ। একজন নির্বাহীকে নানা রকম সমস্যার মধ্যে কাজ করতে হয়। সমাধান দিতে হয় অনেক সমস্যার। নানা বিকল্প থেকে বেছে নিতে হয় ভালো সমাধানটি।আমি বলব, এ দেশে ব্যবসায় শিক্ষার ব্যাপকতা বেড়েছে। গভীরতা বাড়েনি। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মনোযোগ দিতে হবে। বাংলাদেশে বাণিজ্যের যে প্রসার তার চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। আমরা দেখতে পাই, ডিগ্রি নিয়ে সবাই সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরি পাচ্ছে না। তারা অন্য চাকরি করছে। এভাবে হয় না। সুতরাং, ব্যবসায় শিক্ষার মানোন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকা দরকার। যেমন ভারতে এ ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আমাদের কিছু বিশ্ববিদ্যালয়কে আরও দায়িত্বশীল হতে হবে। আর বিবিএ শিক্ষাকে সীমিত করে এমবিএ শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন। শিক্ষার্থীদের বিশ্বমানে নিতে চাইলে এটা করা জরুরি। শিক্ষক ও শিক্ষার্থীকে আরও সৃজনশীল হতে হবে। সৃজনশীল শিক্ষক ছাড়া এর গভীরতা বাড়বে না।একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভালো করেছে। তবে এর সেই মান আজ আর নেই। শিক্ষকেরা আগের মতো আন্তরিক নন। শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের তেমন সম্পর্ক নেই। তাঁরা গবেষণা করছেন না। ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করছেন না। তাই আগের তুলনায় কারিগরি দিক উন্নত হলেও এর গবেষণার উন্নয়ন হয়নি। নানা ক্ষেত্রের মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে এর উন্নয়নে কাজ করতে হবে। ইউরোপ, আমেরিকার তুলনায় আমাদের ব্যবসায় শিক্ষার তেমন কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। আমরা অনেকটা নকল করছি। সৃজনশীল নই। আর তারা গবেষণা করছে, তারা সৃজনশীল। আমাদের এসব বিষয়ে দৃষ্টি দিতে হবে। (অনুলিখিত) মোজাফ্ফর আহমদ: অর্থনীতিবিদ। পরিচালক (১৯৭৮-১৯৮৪), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়।