বাংলাদেশে যেন আরেক 'বিশ্বকাপ'!

১৮ ডিসেম্বর ২০০৮। শীতের মিঠে দুপুরে শাওন মাহমুদ ব্যস্ত আখমাড়াইয়ের কাজে। নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে আখমাড়াইয়ের যন্ত্র।
আখমাড়াইয়ের কাজ করতে করতে সেদিন কেন যেন আনমনা ছিলেন শাওন! হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আচমকা আঁধার নেমে এল শাওনের পৃথিবীতে। অসাবধানতাবশত বাঁ হাতটা পড়ে গেল আখমাড়াইয়ের যন্ত্রে।
যখন চেতনা ফিরল, জানলেন, বাঁ হাতটি শরীরে নেই! জীবনটাই এলোমেলো হয়ে গেল শাওনের। মা অনেক বোঝালেন। নতুন করে পথচলার উপায় বাতলে দিলেন। শাওন আবারও উঠে দাঁড়ালেন। জীবনের টার্নিং পয়েন্ট হয়ে এল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হওয়া। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই জড়িয়ে গেলেন ক্রিকেটে। বাঁ হাত নেই, তাতে কী! ডান হাতেই তাঁর দারুণ গতি। আন্তবিভাগ ক্রিকেটে ভালো পারফর্ম করতে শুরু করলেন। হয়ে উঠলেন দলের অপরিহার্য বোলার। নানা ধাপ পেরিয়ে পেসার শাওন এখন আসন্ন পাঁচ জাতি টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দলের অন্যতম এক সদস্য।

নতুন মিশন

১৯ আগস্ট দুপুরে বিকেএসপির ৩ নম্বর মাঠে দাঁড়িয়ে জীবনের গল্পটা যখন আমাদের শোনাচ্ছিলেন, বিস্ময় আর মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে হয় শাওনের দিকে। মেঘলা আকাশে হারিয়ে যাওয়া সূর্যটা যেন ভর করেছে তাঁর মুখে। প্রত্যয়দীপ্ত কিরণ ছড়াচ্ছে সেখান থেকে। বিকেএসপির এ মাঠটায় দেখা মিলল আরও অনেক শাওনের। জীবনযুদ্ধে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সবাই নেমেছেন নতুন মিশনে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সহায়তায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। অংশ নেবে মোট পাঁচটি দল—বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। বাংলাদেশ-ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বাকি ম্যাচ ও ১০ সেপ্টেম্বরের ফাইনাল হবে বিকেএসপি মাঠে।
মোটেও সহজ ছিল না জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনের প্রক্রিয়াটি। সারা দেশ থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে নিয়ে আসতে আইসিআরসি নেয় বেশ কিছু কার্যকরী উদ্যোগ। খেলোয়াড় নির্বাচন করতে গত ২ থেকে ৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, বিকেএসপি ও বাংলাদেশ ক্রীড়া পরিষদের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয় এক প্রতিভা অন্বেষণ কর্মসূচি। এ কর্মসূচিতে অংশ নেন মোট ১৫৬ জন ক্রিকেটার। পরে সেখান থেকে নেমে আসে ৫০ জনে। এক সপ্তাহের ক্যাম্পের পর সংখ্যাটা আসে ৩৬ জনে। এরপর ৩০; অতঃপর ২৪ জন। সর্বশেষ ২০ জনের দল। এই ২০ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে ৯ আগস্ট থেকে কোচ রাশেদ ইকবাল ও মাসুদ হাসানের অধীনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখান থেকে নির্বাচন করা হবে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড।
বিকেএসপিতে দলের প্রস্তুতি দেখার এ যাত্রায় আমাদের সঙ্গী আইসিআরসি বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা রায়হান সুলতানা জানালেন, ‘প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই খুব কম আয়োজন হয়।
খেলোয়াড়দের অনেকেই এর আগেও একটি-দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে প্রথমবারের মতো বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার স্বপ্নে বিভোর সবাই। গোপালগঞ্জের ছেলে শাহরিয়ার। খেলছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। প্রতীক্ষার প্রহর গুনছেন বাংলাদেশের হয়ে মাঠে নামার। জানালেন, ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভীষণ টান। ভালো খেললেও কেবল শারীরিক সীমাবদ্ধতার কারণে বিকেএসপির বাছাইয়ে শেষ পর্যায়ে গিয়ে বারবার বাদ পড়েছেন। শোনালেন চমকপ্রদ এক তথ্য, পায়ে সমস্যা থাকার পরও জেলা পর্যায়ে উচ্চ লম্ফে সব সময়ই ভালো ফল করেছেন তিনি!
ঝিনাইদহের ছেলে অপূর্ব কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। জাতীয় দলের পেসার আল আমিন হোসেন কেবল তাঁর এলাকার ছেলে নন, বিশ্ববিদ্যালয়ে একই হলে থেকেছেনও। বেশ গুছিয়ে কথা বলেন। দলে খেলেন ব্যাটসম্যান হিসেবে। তবে তাঁর আদর্শ মাশরাফি বিন মুর্তজা। কেন? বললেন, ‘দলকে চাঙা রাখা আর মাঠে সব সময় বীরোচিত ভূমিকার কারণে মাশরাফিই প্রিয়। কেবল মাঠে নয়, মাঠের বাইরেও মাশরাফি আমার অনুপ্রেরণা।’
সঙ্গে আছেন মাশরাফি

বলা হয়নি, এ টুর্নামেন্টের শুভেচ্ছাদূত কিন্তু মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে অপূর্বদের দেখা হয়েছে কদিন আগে। কী বললেন ‘নড়াইল এক্সপ্রেস’? অপূর্বর চোখে এবার খুশির ঝিলিক, ‘আমাদের অনেক প্রেরণা দিয়েছেন। জানিয়েছেন, সব সময় থাকবেন আমাদের পাশে।’
অন্যদের মতো অপূর্বরও এ পর্যন্ত আসার পথটা ছিল কণ্টকময়। বললেন, ‘অনেক সময় মানুষের নানা কথায় আঘাত পেয়েছি। খেলতে নামব কী, আগে থেকেই বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। সুযোগ না দিয়েই বলেছে, তুমি পারবে না! ভালো পারফর্ম করলে তারাই আবার উত্সাহিত করেছে। টিভিতে খেলা দেখে বারবার মনে হয়েছে, আমি কেন পারব না? সবার জীবনেই তো নানা বাধা থাকে। আমি কেন পারব না সে বাধা পেরোতে?’
অদূরেই অনুশীলন করছিলেন তীর্থ। তাঁর সমস্যা আঙুলে। তবে তীর্থের চোখধাঁধানো অনুশীলন দেখলে মুগ্ধ হতে হয়, মনে সঞ্চার হয় বিরাট আশা। পা নেই উইকেটরক্ষক সুজন দেবনাথের। যেভাবে ঝাঁপিয়ে ক্যাচ নিচ্ছেন, রীতিমতো অবিশ্বাস্য!
আকাশসম স্বপ্ন

বাংলাদেশ দলের লক্ষ্য কী থাকবে এ টুর্নামেন্টে? দলের টপ অর্ডার ব্যাটসম্যান ফয়সাল খান সুমিতের কণ্ঠে ভালো কিছুর প্রত্যয়, ‘প্রতিপক্ষ সবাই শক্তিশালী। প্রতিটি দলই দীর্ঘদিন ধরে খেলছে। সেখানে আমরা মাত্রই শুরু করলাম। তবুও আমাদের মূল সম্পদ আত্মবিশ্বাস। এ মুহূর্তে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, তাতে ভালো করা উচিত। আর এর আগে ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে আমাদের।’
অনুশীলনের এক ফাঁকে কথা হলো কোচ রাশেদ ইকবালের সঙ্গে। বিসিবির এই কোচ জানালেন, খেলোয়াড়দের বাছাই থেকে শুরু করে অনুশীলন ছিল বিরাট চ্যালেঞ্জিং। সবুজ মাঠে পায়চারি করতে করতে বললেন, ‘শারীরিক সীমাবদ্ধতার কারণে খেলোয়াড়েরা মুভমেন্ট করতে পারে না ইচ্ছেমতো। কারও হাতে সমস্যা। কারও পায়ে, কাঁধে বা মেরুদণ্ডে। সবার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাবতে হয় আগে। ফিজিওথেরাপিস্টদের সঙ্গে বসেছি। প্রতিটি খেলোয়াড়ের শক্তি-দুর্বলতা চিহ্নিত করে কর্মসূচি ঠিক করেছি। তবে মানসিকভাবে তারা অনেক দৃঢ়। কম্ফোর্ট জোনের বাইরে অনুশীলন করানো হয়েছে। শুরুতে কঠিন হলেও পরে মানিয়ে নিতে পেরেছে ভালোভাবেই। শারীরিক সমস্যা থাকলেও সবার ক্রিকেটজ্ঞান যথেষ্ট ভালো।’
দলকে নিয়ে আকাশসম স্বপ্ন রাশেদের। স্বপ্নাতুর চোখে দেখতে পারছেন উজ্জ্বল ভবিষ্যৎ, ‘ঠিকভাবে এদের নিয়ে কাজ করতে পারলে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে বিশ্বের সেরা দল হবে বাংলাদেশ। খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা ও তাদের সীমাবদ্ধতা জানি বলেই এ বিশ্বাস। এখন যত বেশি ম্যাচ খেলা যাবে, তত দ্রুত শক্তিশালী দলে পরিণত হবে। এমনিতে এই মুহূর্তে ইংল্যান্ড-পাকিস্তান খুব ভালো করছে। ওরা অনেক আগ থেকেই শুরু করেছে। নিয়মিত ম্যাচ খেলছে। সেখানে আমরা কেবল শুরু করলাম। আশা করি, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ দলও ভালো পর্যায়ে চলে যাবে।’
রাশেদ মনে করেন, এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বললেন, ‘সারা দেশে শারীরিক প্রতিবন্ধীদের কাছে যদি এ ধরনের উদ্যোগের কথা ছড়িয়ে দেওয়া হয়, দেখবেন একটি জাগরণ তৈরি হবে। আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।’
যারা এ আয়োজনের মূল উদ্যোক্তা, আইসিআরসির বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প ব্যবস্থাপক গার্ড ভ্যান ডে ভ্যালডে মনে করেন, বাংলাদেশ তথা উপমহাদেশে শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের দারুণ উত্সাহিত করবে এ টুর্নামেন্ট। বললেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়েরা প্রমাণ করতে পারবে, মূলধারার খেলোয়াড়দের মতো তারাও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারে। যেহেতু এ অঞ্চলে অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। কাজেই মনে করি, আর্থসামাজিক একীকরণে এটি বেশ সহায়তা করবে। আশা করছি, এ টুর্নামেন্টটি খেলাধুলার প্রতি বাংলাদেশ ও এ অঞ্চলের শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের আগ্রহ তৈরি করবে।’
ক্রিকেট যুদ্ধ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য দলের অধিনায়ক ঘোষণা করা হয়নি। আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচের পর নির্বাচন করা হবে অধিনায়ক। অধিনায়ক যে-ই হোক না কেন, প্রতিটি খেলোয়াড়ই একেকজন নায়ক।
কেউ জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী, কেউ বা দুর্ঘটনায়। প্রত্যেকে জীবনযুদ্ধে জয়ী হয়ে এসেছেন এ পর্যায়ে। কেউ ভালো চাকরি করেন, কেউ বা পড়ছেন সর্বোচ্চ বিদ্যাপীঠে।
ক্রিকেটের টানে আপাতত সবকিছু ছেড়ে সবার ঠিকানা বিকেএসপির অনুশীলন ক্যাম্প। তৈরি হচ্ছেন লাল-সবুজের পতাকা উঁচুতে ওড়ানোর মিশনে। যেমনটা করেন মাশরাফি-সাকিবরা।

এ চেষ্টাকে সম্মান জানাই
মাশরাফি বিন মুর্তজা
এ ধরনের টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য বিরাট ব্যাপার। এমনকি বাংলাদেশ দলের জন্যও। দেশে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তাদের জন্য এটা ভীষণ উৎসাহব্যঞ্জক। নানা বাধাবিপত্তি পেরিয়ে জীবনে যে অনেক দূর এগোনো যায়, এই খেলোয়াড়েরা তার প্রমাণ। তাঁদের এ চেষ্টাকে সম্মান জানাই। এটা আমাদের মতো খেলোয়াড়দের জন্যও বিরাট অনুপ্রেরণা। জীবনে আমাদেরও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সে ক্ষেত্রে আশা খুঁজে নেওয়া যেতে পারে এই খেলোয়াড়দের কাছ থেকে। এখনই ভবিষ্যতের কথা বলাটা কঠিন। তবে সাধ্যের ভেতর তাঁরা যতটুকু করছেন, সেটা অবশ্যই আশাব্যঞ্জক। আশা করি, তাঁরা এ চেষ্টা সামনেও ধরে রাখবেন। এ টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দলের সব খেলোয়াড়ের প্রতি শুভকামনা রইল। খেলাটা যেহেতু শারীরিক প্রতিবন্ধীদের—সবাই নানা বাধা পেরিয়ে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। কাজেই সবার প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকবে।