
৫০ বছর ধরে বাংলাদেশের নারীদের সৌন্দর্যচর্চার সঙ্গী হয়ে আছে লাক্স। বাংলাদেশের অভিনয়, নৃত্য, সংগীত অঙ্গনের অনেক তারকাকেই দেখা গেছে লাক্সের শুভেচ্ছাদূতের (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) ভূমিকায়।
লাক্সের সুবর্ণজয়ন্তীতে ৪ মে ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অভিনেত্রী নূতন থেকে বর্তমান লাক্স শুভেচ্ছাদূত মেহজাবীন—অনেকেই এসেছিলেন সেদিন। শামীম আরা নীপা, অপি করিম, পপি, কুসুম শিকদার—এঁরা তো ছিলেনই, নানা বছরে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বিজয়ীরাও এসেছিলেন। এদিন লাক্স বুক অব বিউটি নামের একটি বইয়ের মোড়ক খোলা হয়।
প্রচারণায় নতুনত্ব তো আছেই, ত্বকের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সাবান, মোড়কের বৈচিত্র্য—এসব দিয়েই ভোক্তাদের আকর্ষণ ধরে রেখেছে লাক্স। ১৯২৪ সালে এটি প্রথম বাজারজাত করা হয়। আর বাংলাদেশে এর উৎপাদন শুরু হয় ১৯৬৩ সালে। আনন্দধারার সঙ্গে লাক্স শুরু করে মিস ফটোজেনিক প্রতিযোগিতা। এরপর চ্যানেল আইয়ের সঙ্গে সুপারস্টার প্রতিযোগিতা শুরু করে তারা। এসব প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন বিনোদনজগতের অনেক তারকা।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর, পারসোনাল কেয়ার জাভেদ আক্তার বলেন, ‘গত ৫০ বছরে লাক্স বাংলাদেশের নারীদের জন্য শুধু সবচেয়ে প্রিয় সাবানই নয়, হয়ে উঠেছে বিউটি এবং গ্ল্যামারের আরেক নাম। প্রত্যেক প্রজন্মের সেরা তারকারাই লাক্সের সঙ্গে যুক্ত হয়েছেন এবং লাক্স গত পাঁচ দশকে তৈরি করেছে শতাধিক তারকা, যাঁরা বাংলাদেশের বিনোদনজগৎকে আলোকিত করে রেখেছেন।’
