বাংলাদেশের অপার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১৫ সালটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের বছর এবং এ-সংক্রান্ত কার্যক্রম এখন শেষ হওয়ার পথে। এ সময়টায় জাতিসংঘের সদস্যদেশগুলো ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে চূড়ান্ত পর্যায়ে কাজ করছে এবং ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রক্রিয়া সমাপ্তির পথে রয়েছে। নতুন এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করবে আগামী ১৫ বছরে এবং পরবর্তী সময়ে জনসংখ্যার পরিবর্তনের ওপর। এই পরিবর্তনের ফলে সুযোগ ও চ্যালেঞ্জ দুই-ই তৈরি হবে। ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে আনুমানিক ৮৪০ কোটি । উন্নয়ন নিশ্চিত করতে এই বিশাল জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা হবে বড় একটি চ্যালেঞ্জিং বিষয়।
বিশ্বব্যাপী তরুণ জনসংখ্যা সব সময়ই বেশি। এই ২০১৫ সালেই ১৫ থেকে ২৪ বছর বয়সী মানুষের সংখ্যা ১২০ কোটি। ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা প্রায় ১৩০ কোটিতে পৌঁছাবে। মৃত্যুহার ও জন্মহার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের দেশগুলো এখন এমন একটি সময় অতিবাহিত করছে, যখন কর্মক্ষম মানুষের সংখ্যা এবং বয়স্ক নির্ভরশীল মানুষের সংখ্যা সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি এককালীন ‘জনমিতিবিষয়ক সুযোগের জানালা’ খুলে দিচ্ছে। তবে এককালীন জনমিতিবিষয়ক সুযোগের জানালা আসলে ‘জনসংখ্যার সুফল’ নিশ্চিত করবে, এমনটা সুনিশ্চিত নয়। যদি কোনো দেশ স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতার উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য বড় অঙ্কের বিনিয়োগের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করলে ‘জনসংখ্যাবিষয়ক সুফল’ অনেকটাই নিশ্চিত হবে। লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নের কাজটি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যার প্রতি বিশেষ করে বাংলাদেশের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আরও সুনির্দিষ্ট করলে,জনসংখ্যার সুফল পাওয়া যাবে যদি তিনটি শর্ত পূরণ করা হয়। প্রথমত, স্বাস্থ্য উন্নয়ন; বিশেষত নারী ও শিশুর স্বাস্থ্য। এতে শিশুর জীবন সুরক্ষার সুযোগ বাড়বে এবং প্রতিটি পরিবারে পরবর্তী সময়ে শিশু জন্মের সংখ্যা কমবে। এভাবে কর্মক্ষম হতে যাচ্ছে বা সেই পর্যায়ে পৌঁছানোর কাছাকাছি রয়েছে—এমন জনসংখ্যা বৃদ্ধির ওপর বাড়তি গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, জনসংখ্যার বড় একটি অংশ বা তাদের অনুসরণকারীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল পাবে। পরিবারগুলোয় শিশুদের সংখ্যা কমবে এবং বেঁচে থাকা শিশুদের শিক্ষার জন্য তাদের পরিবারের পাশাপাশি সরকার আরও বেশি বিনিয়োগ করার সুযোগ পাবে এবং আরও বেশি নারী শ্রমবাজারে প্রবেশ করতে পারবেন। তৃতীয় ও সর্বশেষ শর্তটি হলো, অর্থনৈতিকভাবে সমর্থ একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে শিক্ষিত শ্রেণিটি ভালো বেতনের চাকরি পাবে।
বাংলাদেশে গত চার দশকে একটি শ্বাসরুদ্ধকর জনমিতিক পরিবর্তন ঘটেছে। জন্মহার ও মৃত্যুহার এ দুটি কমে যাওয়ার ফলে এমনটি ঘটেছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) ২০১৪ সালের এক প্রতিবেদনে অনুযায়ী, ১৯৭৪ সালে বাংলাদেশি একজন নারী গড়ে ৬ দশমিক ৩ হারে সন্তানের জন্ম দিতেন। বর্তমানে এই হার ২ দশমিক ৩। অন্যান্য সূচকেও পরিবর্তন লক্ষণীয়। যেমন: নবজাতক শিশু ও অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যুহার প্রতি হাজারে যথাক্রমে ৭৪ থেকে কমে ৩৮ এবং ৭৮ দশমিক ৭ থেকে ৪৭ হয়েছে। তা ছাড়া মানুষের গড় আয়ু ৪৫ বছর থেকে ৭০ বছর হয়েছে। জন্ম ও মৃত্যুহারে এসব নাটকীয় অগ্রগতির ফলে দেশের জনসংখ্যার বয়স-কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শূন্য থেকে ১৪ বছর বয়সীদের হার ৪৮ থেকে ৩৫ শতাংশে নেমে এসেছে। আর ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের হার ১৯৯১ থেকে ২০১১ সালের মধ্যে বিশেষ হারে বেড়েছে। মোট জনসংখ্যায় কর্মক্ষম মানুষের (১৫ থেকে ৫৯ বছর) অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে (বর্তমান মোট জনসংখ্যা ১৫ কোটি ৮০ লাখের ৫৯ শতাংশ) এবং তা কমতে শুরু করার আগে আরও দুই দশক ধরে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে মোট জনসংখ্যার আনুমানিক ৩১ শতাংশ তরুণ (১০ থেকে ২৪ বছর বয়সী)। তারা শ্রমশক্তিতে ৪০ থেকে ৫০ দশক ধরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
বাংলাদেশে ‘জনসংখ্যাবিষয়ক সুযোগের জানালা’ প্রথম খুলতে শুরু করে নব্বইয়ের দশকে, যখন নির্ভরশীল জনসংখ্যার অনুপাত কমতে শুরু করেছিল। জনসংখ্যাবিষয়ক প্রভাব নিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় ২ কোটি ১৪ লাখ মানুষ দেশের কর্মক্ষম জনসংখ্যায় যুক্ত হয়। তাদের মধ্যে ১ কোটি ৬০ লাখ মানুষ অর্থনৈতিকভাবে সক্রিয় হয়েছে। বাংলাদেশের অর্থনীতি সেই কর্মক্ষম জনসংখ্যার ৫০ শতাংশের কিছু কম মানুষকে সন্তোষজনক উপায়ে কাজে লাগাতে পেরেছে। বাকি অর্ধেক বেকার, আংশিক বেকার বা শ্রমশক্তিতে কোনোভাবেই যুক্ত নয়। উপার্জনমূলক কাজে নারীর সংখ্যা বাড়লেও তা এখনো খুব কম।
বাস্তবতা বিবেচনায় নিয়ে বলা যায়, বাংলাদেশে ২০৪১ সালের মধ্যে নারীর সংখ্যা হবে ১০ কোটি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা তখনই সম্ভব হবে, যখন মেয়েরা উন্নত মানের শিক্ষা পাবে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করবে অথবা কারিগরি বা ভোকেশনাল প্রশিক্ষণ নিতে পারবে। নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হলো বাল্যবিবাহের প্রচলন। এই প্রথা মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ করতে এবং উপার্জনক্ষম হতে বাধা দেয়। বাল্যবিবাহ বন্ধ করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং শিক্ষা ও শ্রমশক্তিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই জনসংখ্যার সুবিধাগুলো উপলব্ধি করা যাবে।
ইউএনএফপিএর ‘হারনেসিং দ্য স্ট্রেংথ অব দ্য ইয়াং’ শীর্ষক প্রতিবেদন থেকে অনূদিত