বাংলাদেশের ঋতুবৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকাছয় ঋতুর দেশ বাংলাদেশ। সময়ের পালাবদলের এ দেশে একেক ঋতুতে দেখা যায় একেক ধরনের বৈচিত্র্য। সাধারণত এ ধরনের রচনায় বিভিন্ন ঋতুতে প্রকৃতির গুণগান করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যায়। অবহেলিত হয়ে পড়ে থাকা বিভিন্ন ঋতুর সেই সব বিচিত্রতা নিয়ে এই রচনা। গ্রীষ্মকাল‘তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত’—সংবাদপত্রে এই ধরনের শিরোনাম দেখামাত্র বুঝতে হবে দেশে গ্রীষ্মকালের আগমন ঘটেছে। অন্য সময়ের চেয়ে এ সময় সূর্যের তেজের পরিমাণ একটু বেশি থাকে। এ কারণে শরীরের সব বস্ত্র বিসর্জন দিয়ে অনেকের মনেই সাধু সন্ন্যাসী হওয়ার তীব্র বাসনা জাগ্রত হয়।গ্রীষ্মকালে আমাদের দেশে নানা ধরনের ফল পাওয়া যায়। গরমে সেই ফল পেকে সুমধুর গন্ধ বের হয়। ফল থেকে আসে সুগন্ধ আর গরমে ঘেমে মানুষের শরীর থেকে আসে দুর্গন্ধ। তাই অনেক সময় ফল খাওয়ার চেয়ে মানুষ ফ্যানের বাতাস খাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর এ কারণে দেখা দেয় লোডশেডিং। তাই গ্রীষ্মকালে আরও একধরনের শিরোনাম আমাদের দৃষ্টি আকর্ষণ করে—‘বিদ্যুৎসংকটে জনজীবন বিপর্যস্ত’।বর্ষাকালবাংলাদেশে বর্ষাকালের মতো গুরুত্বপূর্ণ ঋতু আর একটিও নেই। দেশের যাবতীয় উন্নয়ন কার্যক্রম এই ঋতুতেই সম্পাদন করা হয়। সাধারণত বৃষ্টির সঙ্গে বর্ষার সম্পর্ক থাকলেও এ দেশে বর্ষার প্রধান সম্পর্ক রাস্তা খোঁড়াখুঁড়ির সঙ্গে। এ প্রসঙ্গে জনৈক কবি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখে গেছেন—‘বৃষ্টি আসুক না আসুক আজ বর্ষাকালরাস্তা খুঁড়ে চল বানাই গভীর একটা খাল!’তাই রাস্তাঘাটে খোঁড়াখুঁড়ি দেখামাত্র বর্ষার আগাম সতর্কতা হিসেবে অনেকে ছাতা কেনা শুরু করেন।বর্ষাকাল ‘রিকশাচালকবান্ধব’ একটি ঋতু। এ ঋতুতে বৃষ্টি হলেও রিকশাওয়ালারা বেশি ভাড়া চায়, বৃষ্টি না হলেও গরমের কারণ দেখিয়ে বেশি ভাড়া চায়। এ ছাড়া বর্ষাকালে কবিরা বেশি বেশি কবিতা লেখেন, গৃহকর্ত্রী খিচুড়ি রাঁধেন, অলস ছেলেমেয়েরা কাঁথা মুড়ি দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয় ।শরৎকালঝকঝকে নীল আকাশ নিয়ে আগমন ঘটে শরৎকালের। প্রকৃতিপ্রেমীরা এই ঋতু অত্যন্ত পছন্দ করেন। এ সময় কাশবাগানে কাশফুল ফোটে। সেই ফুলের মনোহর সৌন্দর্যের আড়ালে প্রেমিক-প্রেমিকারা নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রেম করে যায়। এ ছাড়া শরতে শাপলা ফুটতে দেখা যায়। শহরের আধুনিক ছেলেমেয়েরা কোথাও সেই ফুল দেখলে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেয়—‘আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, ভেরি ভেরি নাইস ফ্লাওয়ার!’হেমন্তকালস্বচ্ছ আকাশ আর শীতের আমেজ নিয়ে আগমন ঘটে হেমন্তকালের। অবশ্য কথাটার পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যায় না। প্রকৃতি এখন নিজেও নিজের ওপরে ভরসা রাখতে পারে না। হেমন্তকালে কৃষকেরা খেত থেকে ধান তোলে। ধানের ফলন বাম্পার হলে সরকার এর সব কৃতিত্ব নিয়ে নেয় আর ফলন খারাপ হলে যাবতীয় দায়দায়িত্ব থাকে প্রাকৃতিক পরিবেশ আর কৃষকের ওপর।শীতকালএকসময় কুয়াশার চাদর মুড়ি দিয়ে এ দেশে শীতের আগমন ঘটত। তবে সেই দিন আর নেই। কুয়াশার চাদরের পরিবর্তে শীত এখন কুয়াশার ভারী কম্বল মুড়ি দিয়ে আসে। এই শীতে মেয়েদের ঠোঁট ফেটে যায় আর চেহারা একটু মলিন হয়ে যায় বলে তারা খুব রাগ করে। আর শীতের পোশাক পরে একটা ‘আলগা’ ভাব নেওয়া যায় বলে ছেলেরা খুব খুশি হয়। শীতের সকালে আরামের ঘুম থেকে উঠতে গিয়ে অফিসযাত্রী আর স্কুলপড়ুয়ারা শীত ঋতুর ওপর প্রায়ই ক্ষুব্ধ হয়ে ওঠে। তীব্র শীতে এ ঋতুতে অনেকের মধ্যে তীব্র জলাতঙ্ক (জল+আতঙ্ক) দেখা দেয়। অনেকেই এ সময় দিনের পর দিন গোসল থেকে বিরত থাকে । বসন্তকালবসন্তকে ঋতুরাজ বলে ডাকা হয়। তরুণ-তরুণীরাও এই ঋতু বেশ পছন্দ করে। কারণ, এই ঋতুতেই ‘বসন্ত উৎসব’ ও ‘ভালোবাসা দিবস’ নামে দুটি গুরুত্বপূর্ণ দিবস পাওয়া যায়।বসন্তে গাছের পাতা ঝরে যায়। তাই মাটিতে পড়ে থাকা গাছের পাতা পরিষ্কার করতে করতে অনেকের বিরক্তির সীমা থাকে না। এমনিতে শোনা যায় বসন্তে কোকিল ডাকাডাকি করে। কিন্তু আজকালকার কোকিলেরা এসব প্রাচীন ধ্যানধারণাতে বিশ্বাসী না। আধুনিক কোকিলদের মতবাদ হচ্ছে, ‘আমার ডাক আমি দেব, যখন খুশি তখন দেব’।উপসংহারবহু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে এভাবেই নানা ঋতুতে নানা বৈচিত্র্য দেখা যায়।