বাংলাদেশের জয়ের জন্য উদগ্রীব থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মাঠে খেলা চলছে৷ টানটান উত্তেজনা৷ চার বলে দরকার ১০ রান৷ আপনি আছেন বাসে বা অন্য কোনো কাজে৷ মন পড়ে আছে ক্রিকেট মাঠে৷ হেডফোন গুঁজে কান পেতেছেন এফএমে৷ এই সময়ে শুনতে পাবেন ধারাভাষ্যকার তামান্নার কণ্ঠ৷

তামান্না সিদ্দিকী l ছবি: খালেদ সরকার
তামান্না সিদ্দিকী l ছবি: খালেদ সরকার

ওফ! আর কয়টা রান করলে হতো। এ ভাই খেলার কী অবস্থা? সম্প্রতি বাসে চেপে কাজে যাচ্ছিলাম। অধিকাংশ বাসযাত্রীই খেলার সর্বশেষ তথ্য জানতে উদগ্রীব। কয়েক মাইল দূরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছিল বাংলাদেশের খেলা। বাসযাত্রীদের মন যেন পড়ে রয়েছে সেখানেই। তাই তো অনেকের কানে হেডফোন। রেডিওতে খেলার ধারাভাষ্য শুনছেন। মাঝে পাশের যাত্রীকেও খেলার সংবাদ জানাচ্ছেন। এফএম রেডিওতে ক্রিকেট নিয়ে এখন যে কজন ধারাভাষ্য শোনান তাঁদের একজন তামান্না সিদ্দিকী। কাছের মানুষদের কাছে ইউনা নামে পরিচিত। এফএম বেতারকেন্দ্র রেডিও ভূমিতে ধারাভাষ্য দেন তিনি।
সেদিনই সন্ধ্যায় কথা হয় এই ধারাভাষ্যকারের সঙ্গে। নামের আগে ক্রিকেট ধারাভাষ্যকার—কেমন লাগে আপনার। তামান্না একটু ভেবে বললেন, ক্রিজে ব্যাট করছেন সাকিব, তামিমরা। কিংবা বল হাতে তেড়ে আসছেন মাশরাফি বা মুস্তাফিজ। বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমীই এ দৃশ্য না দেখে থাকতে চান না। কিন্তু কাজের কারণে অনেককে থাকতে হয় টিভি থেকে দূরে বা গ্যালারির বাইরে। তাঁদের জন্যই এ পেশা বেছে নেওয়া।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করা তামান্না শৈশবে ক্রীড়া পরিষদের জুনিয়র জিমন্যাস্ট ছিলেন। খেলতেন হ্যান্ডবল, ভলিবল।  বাংলাদেশ বেতারের সংবাদ বিভাগে খেলা নিয়ে কাজ করতে গিয়ে ক্রিকেটের সঙ্গে বোঝাপড়া হয়। বেতারে তিনি উপস্থাপনা করছেন ২০০২ সাল থেকে। তামান্নার ধারাভাষ্য শুরু বাংলাদেশ ক্রিকেট দলের সফল বিশ্বকাপ মিশন দিয়ে। মানে গত বছর অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সময় শুরু হয় তাঁর ধারাভাষ্য।
একই সঙ্গে উপস্থাপনা ও ক্রিকেটের ধারাভাষ্য। তামান্নার জীবনে কোনটি এগিয়ে? বললেন, ‘আলাদা করে কখনোই ভাবা হয়নি। ভালো লাগা আর আগ্রহ থেকে কাজ করে যাচ্ছি।’ ক্রিকেট ধারাভাষ্য, ভালো লাগা নাকি ভালোবাসা? তামান্নার জবাব, ‘ভালো লাগা থেকে এসেছিলাম ধারাভাষ্য দিতে। তবে এত দিনে ভালোবেসে ফেলেছি এ পেশাকে।’ এ সময় তিনি বলেন, ‘আমি খুবই আড্ডাবাজি পছন্দ করি। আড্ডাকে যদি পেশা হিসেবে বেছে নেওয়া যেত তাহলে এ দুইয়ের বাইরে আড্ডাবাজিকেই বেছে নিতাম পেশা হিসেবে।’

ক্রিকেটে এই ধারাভাষ্যকারের প্রিয় দল বাংলাদেশ। এর বাইরে ভালো লাগে দক্ষিণ আফ্রিকার খেলা। কিন্তু প্রিয় দল যখন মাঠে খেলতে নামে তখন ধারাভাষ্যে পক্ষপাতিত্ব বা আবেগ কাজ করে কি না জানতে চাওয়া হলে বলেন, যখন বাংলাদেশের খেলা চলে তখন রেডিও ভূমির পুরো দলই নিরপেক্ষ থাকে না। বাংলাদেশের জয় তো অবশ্যই চাই। এ ক্ষেত্রে বলা যেতে পারে, গত বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচের কথা। রুবেল হোসেন যখন ওই ম্যাচে শেষ উইকেটটি পেলেন ধারাভাষ্যে আমরা যারা ছিলাম সবার চোখে তখন জল। সঙ্গে দুমড়েমুচড়ে স্টাম্প ভেঙে দিয়ে মাশরাফির উইকেট নেওয়া আমার প্রিয় মুহূর্ত। পুরো ম্যাচে অধীর আগ্রহে থাকি এমন দৃশ্য দেখার জন্য।