বাংলাদেশের ফরাসি প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি শিল্পী অন্তনাঁ লাগার্দ l প্রথম আলো
ফরাসি শিল্পী অন্তনাঁ লাগার্দ l প্রথম আলো

হালকা দাড়ি আর উষ্কখুষ্ক চুলের ২৬ বছর বয়সী ফরাসি শিল্পী অন্তনাঁ লাগার্দ মাত্র সপ্তাহ খানেকের জন্য এসেছিলেন বাংলাদেশে। প্যারিস থেকে মাসকট হয়ে সোজা চট্টগ্রাম। গোটা বাংলাদেশ না ঘুরলেও চট্টগ্রামকে দেখে দেশটা সম্বন্ধে ধারণা করেছেন। আর তাতেই মজেছেন এই দেশ আর এখানকার বাসিন্দাদের প্রেমে। তাঁর চোখে এখানকার রাস্তা-ঘাট জীবন্ত আর্ট গ্যালারি। আর মানুষগুলো চলমান শিল্পকর্ম।
এমন মুখরক্ষার কথা তো ভিনদেশি অতিথিরা বলেই থাকেন, মন্তব্য করতেই অন্তনাঁ উত্তেজিত হয়ে ওঠেন। বলেন, ‘সত্যি বলছি দেশটা খুব অসাধারণ। এখানে এসে এই কদিনে এত লোকের মুখে হাসি দেখেছি, যা গোটা জীবনেও দেখিনি। যাওয়ার সময় ঘনিয়ে এলেও প্যারিসে ফিরতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে, ইস! কেউ যদি আমাকে কিডন্যাপ করে এ দেশে রেখে দিত!’
২০ মার্চ নগরের আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফেতে বসে কথা হচ্ছিল ফ্রান্সের বেজসোঁ শহরের বাসিন্দা অন্তনাঁ লাগার্দের সঙ্গে। তিনি এসেছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের ফ্রাঙ্কো-ফোনে সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত শিল্প প্রদর্শনীতে যোগ দিতে। অন্তনাঁ সুপেরিয়র ইনস্টিটিউট অব ফাইন আর্ট বেজসোঁ (আইএসবিএ) থেকে অন্তনাঁ স্নাতক ডিগ্রি নিয়েছিলেন ২০০৯ সালে। এরপর ২০১২ ও ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিল্পকলার নানা বিষয়ে আরও দুবার উচ্চতর ডিগ্রিও নেন। তরুণ এই শিল্পী সে দেশে শিল্পাঙ্গনের পরিচিত মুখ। ফ্রান্সের বিভিন্ন শহরে তাঁর বেশ কটি শিল্পকর্মের প্রদর্শনী দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
কথার শুরুতেই বাংলাদেশ নিয়ে তাঁর একরাশ উচ্ছ্বাস শুনেছি। আলাপে বারবার প্রসঙ্গটা এল ঘুরে-ফিরে। তবে সহজ জীবনের প্রতি এই আকর্ষণ তাঁর তৈরি হয়েছে আইভরি কোস্টে গিয়ে। ২০১৩ সালে এক বছরের জন্য আইভরি কোস্টে গিয়েছিলেন আফ্রিকার শিল্পকর্ম সম্পর্কে অভিজ্ঞতা নিতে। মূলত ওই সফরই অন্তনাঁর জীবনদর্শন বদলে দেয়। তখন থেকেই অন্তনাঁ জীবনের মানে নতুনভাবে বুঝতে শুরু করেছেন। আর সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে দেখেছেন তিনি। তাঁর মতে, ফ্রান্সের চেয়ে বাংলাদেশ অনেক বেশি বাসযোগ্য দেশ।
ব্যাখ্যা করতে গিয়ে অন্তনাঁ বলেন, ‘ফ্রান্সে নিজের খরচ জোগাতে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হয় আমাকে। কাজ করি ছুটির দিনেও। সেখানে সবাইকে এভাবে ছুটতে হচ্ছে। আমরা যন্ত্র বনে গেছি। নিজের প্রতিবেশীকেও চিনি না। বাংলাদেশের পরিস্থিতি এর চেয়ে অনেক ভালো। এখানে মানুষ প্রাণ খুলে হাসে।’
ড্রয়িং, পেইন্টিং, ভাস্কর্য, স্থাপনা শিল্প, পারফরম্যান্স ও ভিডিও মাধ্যমে কাজ করেন এই শিল্পী। ফ্রাঙ্কো-ফোনে উৎসব উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ‘স্মল পেপার’ বা ‘ছোট কাগজ’ শিরোনামের প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ছয়জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর গ্রন্থনাও করেছেন। আলাপের একপর্যায়ে প্রদর্শনীকক্ষে ঝোলানো অন্তনাঁর শিল্পকর্ম দেখতে যাই।
প্রদর্শনীতে স্থান পাওয়া অন্তনাঁর পাঁচটি ছবির বিষয়বস্তু আইভরি কোস্টের গৃহযুদ্ধ। ২০১৩ সালে আইভরি কোস্ট থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রকে তিনি শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। ‘বর্বরতা’, ‘ভয়’ কিংবা ‘আশা’র মতো কিছু নির্দিষ্ট শব্দ ছাড়া সংবাদপত্রের সব সংবাদ কালি দিয়ে ঢেকে দিয়েছেন তিনি।
এমন আলোহীন ভয়ের রাজত্বে কী করে অন্তনাঁর পুনর্জন্ম হলো? তিনি জানান, আরও দুজন সহকর্মীর সঙ্গে আইভরি কোস্টে এক বছর তিনি বিদ্যুৎবিহীন ১৫ বগ৴ফুটের একটি কক্ষে থাকতেন। একবার রাস্তায় বিদ্রোহী সৈন্যদের হামলার মুখে পড়েন। মাথায় বন্দুক ঠেকিয়েও গুলি করেননি তাঁকে সৈনিকেরা। অন্তনাঁর মতে, সেই মুহূর্তেই মরে গিয়ে আবার নবজীবন পেয়েছিলেন। আইভরি কোস্ট থেকে দেশে ফিরে তাঁর কাঠমিস্ত্রি বাবার সাহায্য নিয়ে একটি কফিন বানিয়েছিলেন। সেই কফিনে নিজের আগের জীবনকে সমাহিতও করেছেন।
কথায় কথায় জানা গেল, ফ্রান্সে তাঁর মতো তরুণ শিল্পীদের অন্য কোনো কাজের অবসরেই শিল্পচর্চা চালিয়ে যেতে হয়। অন্তনাঁ সারা দিনে মাত্র চার ঘণ্টা ঘুমান। কাজ থেকেই ফিরে বসেন শিল্পচর্চায়। তিনি জানান, শিল্প ও সাহিত্যের দেশ হলেও প্যারিস হামলার পর অনেক জটিল হয়ে পড়েছে ফ্রান্সের পরিস্থিতি। মানুষের মনে এখন অজানা একটা ভয় কাজ করে। এই পরিস্থিতি শিল্পের জন্য সহায়ক নয় বলেই মনে করেন তিনি।
দেশে ফিরে এবার বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে কাজ করারও পরিকল্পনা আছে তাঁর। আলাপের এক ফাঁকে তিনি তাকান আমার ডায়েরির দিকে। জানতে চান, এসব বাংলা হরফ কি না? হ্যাঁ সূচক জবাব দিতেই মুঠোফোনে ছবি তুললেন তিনি। বললেন, ‘এখানকার বর্ণমালাও শিল্পকর্মের মতো। খুব সুন্দর, হয়তো ভবিষ্যতে কোনো একটি শিল্পকর্মে ব্যবহার করব।’