বাংলাদেশের বালুর ট্রাক এখন যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
বাংলাদেশই রোল মডেল, পৃথিবীকে পথ দেখায়। খালেদা জিয়ার বাড়ির সামনে যেমন বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল, তেমনই বালুবোঝাই ট্রাক দিয়ে ১২ নভেম্বর বিক্ষুব্ধ জনতার রোষ থেকে রক্ষা করা হয়েছে ‘ট্রাম্প টাওয়ার’। তবে বিষয়টি নিয়ে দেশে ও যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করেছে রস+আলো। বিস্তারিত জানাচ্ছেন শরীফ মজুমদার

বিশেষ প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে কতিপয় ‘দুষ্টু লোকের’ ব্যাপক বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের নিউইয়র্কের বাসভবন ট্রাম্প টাওয়ার। সরেজমিনে নিউইয়র্কের মিডটাউনের ফিফথ অ্যাভিনিউর ৫৮ তলা টাওয়ারটির সামনে গিয়ে দেখা যায়, নানা বয়সী কিছু ‘দুষ্টু লোক’ ট্রাম্প টাওয়ার ঘিরে বিক্ষোভে মেতে উঠেছে। এ সময় তাদের ‘হটাও ট্রাম্প, বাঁচাও দেশ!’, ‘হিলারি আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!’, ‘ট্রাম্পের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!’ ইত্যাদি জ্বালাময়ী স্লোগান দিতে দেখা যায়।

এদিকে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশি ব্যারিকেডের পাশাপাশি টাওয়ারের সামনে বাংলাদেশি গণতন্ত্রের স্টাইলে কয়েকটি বালুর ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। জানতে চাইলে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিক্ষোভকারীরা বেশি ‘তেড়িবেড়ি’ করাতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এ ছাড়া তিনি বিরোধীদের দমনে এমন অভিনব অবস্থার প্রবর্তন করায় বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

‘যুক্তরাষ্ট্র কেন বিরোধীদের দমনে বাংলাদেশি পদ্ধতি অনুসরণ করল?’ ফেসবুকের ইনবক্সে ডোনাল্ড ট্রাম্পের কাছে কয়েকবার জানতে চাওয়া হলেও মেসেজ সিন করেও তিনি কোনো রিপ্লাই দেননি। অথচ নির্বাচনের আগে ‘আপনার কাছে চিকন পিনের চার্জার হবে?’—এ ধরনের প্রশ্নেরও তিনি অত্যন্ত ইতিবাচক উত্তর দিয়েছেন। ধারণা করা হচ্ছে, নির্বাচিত হওয়ার পর বাংলাদেশি রাজনীতিবিদদের মতোই তাঁর ‘ব্যস্ততা’ বেড়ে গেছে।