প্রকাশনা উত্সবে বিচারপতি হাবিবুর রহমান
বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় প্রজন্ম হচ্ছে শিশু ও কিশোর
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় প্রজন্ম হচ্ছে শিশু ও কিশোর। তাই তাদের জন্য সৃজনশীল সাহিত্য রচনার প্রয়োজনীয়তা অপরিসীম। এলিজাবেথ আরিফা তাঁর লেখনীর মাধ্যমে ছোটদের মনে আনন্দময় ভুবন সৃষ্টি করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।চট্টগ্রাম একাডেমির উদ্যোগে সম্প্রতি এলিজাবেথ আরিফা মুবাশশিরার দুটি গল্পগ্রন্থের প্রকাশনা উত্সবে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ। ধন্যবাদ বক্তব্য দেন রম্যলেখক ফাহমিদা আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়েশা হক। প্রকাশনা উত্সবে বলাকা প্রকাশন থেকে প্রকাশিত ফাল্গুনে একদিন ও শৈলী প্রকাশন থেকে প্রকাশিত ফুলপরীর দেশে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।