বাংলাদেশের স্বাধীনতার উৎসমূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রম প্রোটেস্ট টু ফ্রিডম: দ্য বার্থ অব বাংলাদেশলেখক: মোকাররম হোসেনপ্রকাশক: সাহিত্য প্রকাশ, ঢাকা। প্রচ্ছদ: অশোক কর্মকার পৃষ্ঠা: ২৭৫। মূল্য: ৫০০ টাকাস্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বমানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় একটি ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। আর সেই ধারাবাহিকতা হলো শোষণ-বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদের। ১৯৪৭ সালে দেশবিভাগের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির পূর্বাংশের (যা পূর্ব পাকিস্তান নামকরণ হয়েছিল) ওপর পশ্চিমাদের আধিপত্যমূলক ও ঘৃণার মনোভাব খুব দ্রুতই বাঙালিদের প্রতিবাদমুখর করে তোলে। কালক্রমে বিভিন্ন রূপে এই প্রতিবাদ তীব্র আন্দোলনে রূপ নেয়, যা স্বাধিকার থেকে শেষ পর্যন্ত স্বাধীনতার দিকে নিয়ে যায়।ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মোকাররম হোসেন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম নিয়ে নিবিড় গবেষণার ভিত্তিতে যে বইটি লিখেছেন, তার সার কথাটা এ রকমই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল। তারও আগে তিনি বেড়ে ওঠেন পূর্ব পাকিস্তানে, যখন একটার পর একটা প্রতিবাদ-প্রতিরোধ তাঁকে আলোড়িত করে। বইটির ভূমিকাতেই তিনি লিখেছেন: ‘১৯৫২ সালে যখন পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরীহ বাঙালিদের ওপর গুলি চালাতে দ্বিধা করেনি, তখন আমি মাত্র (প্রাথমিক বিদ্যালয়ের) দ্বিতীয় শ্রেণীর ছাত্র। মাত্র দুই বছরের মধ্যে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। ১৯৫৮ সালে যখন আইয়ুব খান তাঁর সব শক্তিমত্তা ও ব্যাপকতা নিয়ে সামরিক শাসন জারি করেন, তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আমরাই ছিলাম ছাত্রদের সেই প্রথম দল, যারা আইয়ুব সরকারের প্রবর্তিত নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক সনদ (এইচএসসি) গ্রহণ করি। ১৯৬৩ সালে আইয়ুব খান মোনেম খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত করেন। মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য মরিয়া হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমন কোনো চ্যান্সেলরের কাছ থেকে ডিগ্রি গ্রহণ না করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, যাকে প্রশাসন সরাসরি নিয়োগ করেছে, পূর্ব পাকিস্তানের জনগণের ভোটে যিনি নির্বাচিত নন। ঘটনাক্রমে এই পরিস্থিতিই ছাত্র ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটায়, যা সামরিক শাসনের বিরুদ্ধে বিরাট প্রতিবাদে রূপ নেয়। মোনেম খানের পুলিশ বাহিনী শত শত ছাত্রকে গ্রেপ্তার করে, যার মধ্যে আমার বড় ভাই রহমতুল কিবরিয়াও ছিলেন।’মোকাররম হোসেন আরও লিখেছেন: ‘সামরিক শাসনের বিরোধিতা ও যাবতীয় গণবিক্ষোভ-প্রতিবাদ সবই আমার চারপাশে ঘটছিল। আমি ছিলাম সেসব ঘটনাপ্রবাহ ও ঐতিহাসিক গতিময়তার একজন পর্যবেক্ষক। সে সময় দৈনিক পত্রপত্রিকা ও বইপত্র পড়া ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না। আমার বাবা বাড়িতে ইত্তেফাক ও পাকিস্তান অবজারভার রাখতেন, যা তাঁর সব ছেলেমেয়েকে পড়তে হতো। আমি যদিও তৎকালীন সময়ে আমাদের সমাজ-রাজনীতি-অর্থনীতিতে যা হচ্ছে তা সম্পর্কে পড়তাম ও পর্যবেক্ষণ করতাম, বিষয়গুলো রাতে আমাদের পারিবারিক খাবার টেবিলে কমবেশি আলোচনা হতো। সে সময় অনেক বিষয় নিয়েই আমি আমার বাবার সঙ্গে তর্ক করতাম। বলা যেতে পারে, এভাবেই অবিভক্ত পাকিস্তানের ইতিহাস সম্পর্কে একটি ধারণা ও দৃষ্টিভঙ্গি আমার মানসলোকে তৈরি হয়। আমি এটাও মনে করি, এ ধারণাটি আসলে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিংহভাগ নীরব জনগণেরই ধারণা ও দৃষ্টিভঙ্গি, যা এই বইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে।’ মোকাররম হোসেন বইটিকে নয়টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন। অবশ্য প্রাক-কথনকে আরেকটি অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেখানে তিনি খুব সংক্ষেপে ঐতিহাসিক বাংলার গুরুত্বপূর্ণ কিছু ঘটনাপ্রবাহের ওপর আলোকপাত করেছেন, যা পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট এবং বাঙালিদের জন্য এর বিরূপতা অনুধাবনে সহায়তা করবে। বইটি শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে পড়া কিছুটা কঠিন। তবে বিভিন্ন অধ্যায় আগ-পিছু করে পড়লেও ক্ষতি নেই। কোনো বিশেষ বিষয়ে আগ্রহ মেটাতে সেভাবে পড়ার চেষ্টাটা বরং কাজে লাগবে। যেমন ‘গণহত্যা: বিশ্ব যা উপেক্ষা করেছে’ শিরোনামে অষ্টম অধ্যায়টি পাকিস্তানি সামরিক বাহিনী ও তার সহযোগীদের বাঙালি নিধনের ওপর। এতে তিনি তথ্যপ্রমাণসহকারে দেখিয়েছেন যে কীভাবে বিশ্বের বড় শক্তিগুলো এই গণহত্যাকে নীরবে সমর্থন দিয়েছে বা যথেষ্ট প্রতিবাদ জানায়নি। এ প্রসঙ্গে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি। বলেছেন: ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ওপর ১৯৬৫-১৯৭৩ সময়কালের আমেরিকান পেপারের অনেকগুলোই “গোপনীয় ও সংরক্ষিত” রাখা হয়েছে, যা কখনোই প্রকাশ করা হয়নি। প্রকাশিত দলিলগুলোর মধ্যে ১৯৭১ সালের ১৬ মার্চ থেকে ১৯৭১ সালের ২ এপ্রিল পর্যন্ত কোনো দলিল নেই, শুধু ২৯ মার্চ তারিখের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিষয়ে একটি দলিল আছে।... বরং প্রকাশিত দলিলগুলো এটাই বোঝাতে চায় যে ওই সময়ে পূর্ব পাকিস্তানে কোনো গণহত্যা হয়নি, পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করেনি (পৃ. ২২৬)।’ আজ েযখন যুদ্ধাপরাধীদের বিচারের একটি প্রক্রিয়া চলছে, তখন তথ্যপ্রমাণ হিসেবে এসব গোপন দলিল নিঃসন্দেহে অনেক কাজে দিত।মোকাররম হোসেন যদিও সমাজতত্ত্ব ও অপরাধ বিষয়ে অধ্যাপনা করেন, তবু এ বইটি রচনায় তিনি ইতিহাসবিদের মতোই শ্রম দিয়েছেন। ওয়াশিংটনে লাইব্রেরি অব কংগ্রেসে গিয়ে কাজ করেছেন, ঘেঁটেছেন ১৯৭১ সালের লন্ডন টাইমস, গার্ডিয়ান, ডন ও মর্নিং নিউজ পত্রিকাগুলো। সহায়তা নিয়েছেন বিভিন্ন বইপত্রের, যার দীর্ঘ তালিকা বইয়ের শেষে দেওয়া আছে। তবে মুদ্রণপ্রমাদ বেশ চোখে ঠেকে, যা অনেক ক্ষেত্রে তথ্য-বিকৃতিও ঘটিয়েছে। যদিও শেষে একটি শুদ্ধিপত্র দেওয়া হয়েছে, যা যথেষ্ট নয়। দ্রুত এসব ভুলত্রুটি সংশোধন করে একটি নির্ভুল সংস্করণ কাম্য, যেন বাংলাদেশের বাইরে বেড়ে ওঠা প্রজন্ম নিজ দেশের দীর্ঘ সংগ্রামের বস্তুনিষ্ঠ ও বিস্তৃত ইতিহাস জানতে পারে।