
ঢাকায় আজ আমার দ্বিতীয় দিন। প্রথমত, আমি খুব ক্লান্ত। দ্বিতীয়ত, এ শহরে পা রাখার পর থেকেই দারুণ অভ্যর্থনা পেয়ে আমি ভীষণ আলোড়িত। আর কখনো বাংলাদেশে আসা হবে কি না নিশ্চিত ছিলাম না। আমি খুব বৃদ্ধ নই, তবু তরুণও তো নই। এই অভিজ্ঞতা আমার জন্য প্রচণ্ড আবেগের। গতকাল থেকে অদ্ভুত সব অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। কিছু জায়গা, কিছু মুখ, জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি আমাকে আবেগতাড়িত করছে। সকালে কয়েকজন মুক্তিযোদ্ধা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা বললেন, এই দেশে যেই বিশেষ মানুষগুলোর উপস্থিতি তাঁরা খুব করে চাইছিলেন, তাঁদের মধ্যে আমি একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হলো। মুজিবকন্যার দেখা পাওয়াও আমার জন্য একটা দারুণ ব্যাপার। প্রথমবার যখন এই দেশে এসেছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি তাঁর বাবা, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র গঠন নিয়ে কথা বলেছিলেন।
৪৩ বছর পর ফেলে আসা পথ ধরে হাঁটা যেকোনো মানুষের জন্যই বিরল ও অসাধারণ অভিজ্ঞতা। একই, অথচ একেবারে অন্য একটা মানুষ হয়ে আবার আমি এই শহরে এসেছি। এবারের যাত্রায় প্রতি পদক্ষেপে আবিষ্কার করছি, ‘৪৩ বছর আগের আমি’র কোন অংশগুলো বেঁচে আছে, আর কোন অংশগুলো মরে গেছে। এমন অভিজ্ঞতা মানুষের জীবনে খুব কমই হয়। এ কথার মর্মার্থ বোঝার মতো বয়স তোমাদের অধিকাংশেরই হয়নি। বুঝবে, যখন আমার মতো বয়স হবে। দেখবে, এই অভিজ্ঞতা খুব অদ্ভুত, স্মৃতিময় এবং অস্বস্তিকর।

আমাকে বলা হয়েছে দর্শন ও দায়বদ্ধতা নিয়ে কথা বলতে। বিষয়টা মন্দ না। ৪৩ বছর আগে যখন প্রথম বাংলাদেশে এসেছিলাম, তখন সম্ভবত এই বিষয়টাই আমাকে ভাবাচ্ছিল। বাংলাদেশ তখন আমার কাছে পৃথিবীর শেষ প্রান্তের মতো। যে দেশটার তখনো জন্ম হয়নি, যে দেশটা তখন ধুঁকছে, সেই দেশে পা রাখার সময় আমার—একজন ফরাসি যুবকের—মাথায় কী খেলা করছিল? অল্প কিছু প্রবন্ধ লিখেছি মাত্র, তখনো বই লেখা হয়নি। নিছক শিক্ষানবিশ ছিলাম। গবেষণা, দায়বদ্ধতা, দর্শন—এসব মাত্র বুঝে উঠতে শুরু করেছি। সেই অবস্থায় আমি কী করলাম? একটা উড়োজাহাজে চড়ে বসলাম। নয়াদিল্লি, কলকাতা হয়ে যশোর, খুলনা... অবশেষে ঢাকায় পা রাখলাম। কেন? নিতান্তই তরুণ বেরনার-অঁরি লেভি তখন কী ভাবছিল?
...লুই অলথুসার ছিলেন আমার গুরু। দর্শন শাস্ত্রের বেশির ভাগ তাঁর কাছেই শিখেছি। অলথুসারের তত্ত্ব ছিল, বিশ্বাস করতে হলে অবিশ্বাসও করতে হবে, জড়াতে চাইলে আগে তোমাকে দূরে সরে আসতে হবে, বিশ্বব্রহ্মাণ্ডে কোনো প্রভাব ফেলতে চাইলে আগে তোমাকে বিশ্বভ্রহ্মাণ্ডের বাইরে পৌঁছাতে হবে। ...তিনি আমাকে ভীষণ প্রভাবিত করেছিলেন।
...গতকাল রাতে বাংলাদেশের দুজন বুদ্ধিদীপ্ত তরুণের সঙ্গে কথা হলো। আমি যখন প্রথম বাংলাদেশে এসেছিলাম, তখন আমার যে বয়স ছিল, তাদের বয়সটা এখন তেমন। মনে হলো, তারা খুবই হতাশ। তারা আমাকে জিজ্ঞেস করল, ‘দিন শেষে পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটা কোথায়? আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের তুরুপের তাস কোনটা? আমাদের বৈদেশিক নীতিমালা কী হওয়া উচিত? বিশ্বে আমাদের তথাকথিত মিত্র যারা, এমনকি যারা আমাদের স্বাধীন হতে সাহায্য করেছিল, তারাও আমাদের স্রেফ এই উপমহাদেশের একটা অংশ ভাবে। আমরা কেন সেটা মেনে নিই?’
পাকিস্তানকে দেখো। একটা দুর্বৃত্তপ্রবণ দেশ। যে দেশে আমেরিকান সাংবাদিককেও অপহরণ করে কতল করা হয়। অথচ তাদের আমেরিকান ভাইয়েরা ঠিকই তাদের সাহায্য করছে, অর্থের জোগান দিচ্ছে। অবাক হই যখন দেখি বর্বরতা সত্ত্বেও পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পাচ্ছে, অথচ বাংলাদেশের মাধুর্য, সারল্য, আত্মত্যাগ কেন যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে পারছে না? আজ তোমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে এ প্রসঙ্গে কথা হচ্ছিল। আমার মনে হয় তোমরা এভাবে ভাবতে পারো, এই খেলায় প্রতিটা দেশ তাদের নিজেদের কার্ড নিয়ে বসেছে। প্রত্যেকের হাতে একটা করে কার্ড আছে। কিছু কার্ড অশুভ, নোংরা। পাকিস্তানের হাতে তেমনই একটা নোংরা কার্ড আছে—তাদের পারমাণবিক শক্তি। মিত্রদের ভয় দেখাতে হলে তারা চুপিসারে বলে, আমাদের অস্ত্রশস্ত্রগুলো কিন্তু খুব একটা নিয়ন্ত্রণে নেই! তখনই আমেরিকা ঘাবড়ে যায়। পাকিস্তানের হাতে বড় কোনো সাহায্য কিংবা এফ-সিক্সটিন তুলে দেয়। খুবই বাস্তবিক, রূঢ়ভাবে যদি দেখি—এটাই পাকিস্তানের কার্ড। ম্যালাপারতে (ইতালীয় কূটনৈতিক) যেভাবে যুদ্ধকে দেখেছেন, সেভাবে খুব ঠান্ডা মাথায় আমরা বিশ্বের অন্যান্য দেশের কার্ডগুলো নিয়েও ভাবতে পারি।
এই খেলায় বাংলাদেশের কার্ড কোনটা? আমার মনে হয়, বাংলাদেশের হাতেও একটা বড় কার্ড আছে। যেটা জাতিসত্তা হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা ভালো অবস্থান দিতে পারে, যদি তোমরা ঠিকভাবে ব্যবহার করতে পারো। স্পষ্ট করে যদি বলি, এই কার্ড হলো শেখ মুজিবুর রহমানের শিক্ষা। এই কার্ড হলো মুক্তিবাহিনীর চেতনা। সহনশীলতার শক্তি, যেটা এই অঞ্চলে ছড়িয়ে আছে।
বহির্বিশ্বে অধিকাংশ সময় বাংলাদেশের নাম নেওয়া হয় ‘সুলভ কারখানা’ হিসেবে। বিশ্বের কাছে এই দেশ হলো কম খরচে কাপড় তৈরির রাজধানী। ইউরোপের বড় বড় কোম্পানির কাছে বাংলাদেশ ‘হল অব শেইম’, যেখানে তারা আসে আর নিজেদের লাভের অংশটা বুঝে নেয়। কিন্তু বাংলাদেশ তো এর চেয়েও বেশি কিছু। বাংলাদেশের নিজস্ব চেতনা আছে, দর্শন আছে। বিশেষ কিছু নীতি আছে। এই বার্তা দেশে ফিরে আমি সবার কাছে পৌঁছে দেব। এটাই হবে আমার নিজের প্রতি দায়বদ্ধতা ঘোচানোর উপায়। যে দায়বদ্ধতা আমি সেই ’৭১-’৭২ সালে এই দেশে এসে আবিষ্কার করেছিলাম। সবাইকে ধন্যবাদ। (সংক্ষেপিত)
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ
সূত্র: ইউল্যাবের ওয়েবসাইট