বাংলাদেশের হূদয় হতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের ঘনঘটার এই দেশ কী করে বারবার ঘুরে দাঁড়ায়? কোথায় বা তার আসল শক্তি? জানতে হলে তাকাতে হবে এ দেশের নরম মাটির দিকে। মাটি যেন এখানে অনুপম এক মহাকাব্য রচেছে। গত শুক্রবার শিল্পকলা একাডেমীর গ্যালারিতে যেন সেই মহাকাব্যেরই টুকরো ছবি দেখা গেল। আলোকচিত্রী মউদুদুল আলমের বাংলাদেশকে একনজর দেখেই প্রেমে পড়ে যেতে হয়। চোখ ধাঁধানো নয়, সে রূপ গভীর ও প্রশান্ত।শিল্পকলা একাডেমীর গ্যালারির দ্বিতীয় তলায় মউদুদুল আলমের একক আলোকচিত্র প্রদর্শনীর বিষয় বাংলাদেশ। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সেন্টার ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিজ্যুয়াল আর্ট আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪৬টি আলোকচিত্র। এর মধ্যে তিনটি ছাড়া বাকিগুলো তোলা ডিজিটাল মাধ্যমে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করেছেন মউদুদুল আলম। ছবি আঁকেন তিনি, লেখেন কবিতাও। আলো-ছায়া, রং ও বিন্যাসের কৌশল ছাপিয়ে তাই ভিন্ন এক মাত্রা চোখে পড়ে তাঁর তোলা ছবিতে। মনে হয়, ফ্রেমবন্দী স্থির দৃশ্যটি কোথাও কোথাও কবিতা হয়ে উঠেছে।প্রদর্শনীতে স্থান পাওয়া একটি আলোকচিত্রের বিবরণ তুলে ধরা যাক। দিগন্তবিস্তৃত ধানের খেতের মধ্যে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ কৃষক। কাঁধে লাঠির আগায় বাঁধা বালতি, হাতে কাস্তে। পেছনের পটভূমিতে নীল আকাশে ভাসমান পেঁজা তুলোর মতো খণ্ড খণ্ড মেঘ। দূরে আরও এক কৃষকের ছায়ামূর্তি, একেবারে পেছনে আবছা পাহাড়ের রেখা। সুখ ও সমৃদ্ধির এমন উপস্থাপনকে কাব্যিক না বলে আর উপায় থাকে না।শান্ত, ছোট্ট পাহাড়ি নদীর দুই পাশে ঘন জঙ্গল ও উঁচু পাহাড়। নদীর জল আয়না হয়ে প্রতিবিম্বিত করছে ঝুঁকে আসা দুই পাড়ের গাছ-গাছালিকে। এসবের মধ্য দিয়ে জলের বুক চিরে চলছে একটি ডিঙি নৌকা। এমন ছবিরও দেখা মিলল প্রদর্শনীতে। পাহাড়, নদী, সমুদ্র ও সমতল ভূমির রং, রূপ ও রস এভাবেই ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী। এককথায় বললে বাংলাদেশের প্রকৃতি ও মানুষ মউদুদুল আলমের বিষয় হয়ে এসেছে। তবে রূপসী বাংলার রূপময়তাকে তুলে ধরতে গিয়ে যেন দ্বন্দ্বমুখর জীবনকে কিছুটা যেন পাশ কাটিয়ে গেছেন আলোকচিত্রী। বাংলার আবহমান ছবিটাই যেন ধরতে চেয়েছেন তিনি। যার অপর নাম শাশ্বত বাংলা।