প্রতিদিন নেতিবাচক সংবাদ পড়তে পড়তে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, ঠিক তখনই শনিবারের ‘ছুটির দিনে’ হাজির হয় প্রেরণাদায়ক কোনো গল্প নিয়ে! উল্লেখযোগ্য কিছু ছবিতে ঘটনাবহুল কথা দিয়ে সাজানো হয়ে থাকে এসব কাহিনি (এগুলোকে কাহিনিই বলতে চাই, সংবাদ নয়)। ১৩ মার্চ যিনি ছবি তুলে সংবাদ তৈরি করেন ছুটির দিনে ৫৩০তম সংখ্যায়, তিনিই হয়ে গেলেন এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র। জুয়েল সামাদ একজন ফটোসাংবাদিক, ক্যামেরাযোদ্ধা, অকুতোভয় বাংলাদেশি সেনা! সত্যিই তিনি বাংলাদেশের অমূল্য ‘জুয়েল’, যাঁর দ্যুতি ছড়িয়ে পড়েছে আফগানিস্তান, ইরাক যুদ্ধ ছাপিয়ে হোয়াইট হাউস পর্যন্ত! ক্যামেরার ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে সে দ্যুতি ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে আর উজ্জ্বল ওঠে বাংলাদেশের নাম।বারাক ওবামা ও মিশেল ওবামার পাশে দুজন বাংলাদেশি জুয়েল সামাদ ও ফারজানা গোধূলি, সত্যিই গর্বে ভরে ওঠে আমাদের বুক, স্বপ্ন আর সম্ভাবনার কথা ভেবে ছলছল করে ওঠে আমাদের দুই চোখ। আর সেই স্বপ্নিল চোখ দিয়ে আমরা দেখতে পাই ‘আগামী বাংলাদেশ’।নাজমুল হুদা ফার্মেসি ডিসিপ্লিন (শেষ বর্ষ) খুলনা বিশ্ববিদ্যালয়