বাংলার পেয়ারু আবু কাওয়াল
‘বাংলার পেয়ারু কাওয়াল’ হিসেবে পরিচিত সৈয়দ আবু আহমেদই (আবু কাওয়াল নামেই যিনি সমধিক পরিচিত) কাওয়ালি গানের প্রচলন করেন চট্টগ্রামে। তাঁর কণ্ঠেই ব্যাপক জনপ্রিয়তা পায় কাওয়ালি। ১৯২৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর তিনি চট্টগ্রাম তো বটেই, ভারত, মিয়ানমার ও পাকিস্তানের আনাচকানাচে কাওয়ালি গেয়ে বেড়িয়েছেন। আজ তাঁর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও কাওয়ালি উৎসব হবে আজ। ডিসি হিলে বিকেলে এ উৎসবে কাওয়ালি পরিবেশন করবেন তাঁর সন্তান ও কাওয়ালি গানের দিকপাল সৈয়দ আমিনুল ইসলাম। আরও থাকবেন দেশের খ্যাতিমান কাওয়ালেরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শিল্পী শাহরিয়ার খালেদ।কাওয়ালি গানের সম্রাট সৈয়দ আবু আহমেদের জন্ম ১৯১১ সালের ১১ বৈশাখ, ২৪ এপ্রিল ফটিকছড়ির নানুপুরে। ১৯২০ সালের আগে চট্টগ্রামে কাওয়ালি গানের প্রচলন ছিল না। তবে আধ্যাত্মিক, ভক্তিমূলক ও বিচ্ছেদ গানের প্রচলন ছিল ফটিকছড়ির মাইজভান্ডার দরবার, লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার ও পটিয়ার আমির ভান্ডারসহ আরও কয়েকটি দরবারে। আবু কাওয়ালের বাবা হজরত সৈয়দ মাওলানা নিছার আহমেদ (রহ.) মাইজভান্ডার দরবারের আধ্যাত্মিক সাধক গোলামুর রহমানের (রহ.) ভক্ত ও সহচর ছিলেন। তিনি টুকটাক সংগীতচর্চা করতেন। এভাবে পড়াশোনার সময়ই সৈয়দ আবু আহমেদ সংগীতের অনুরাগী হয়ে ওঠেন এবং ভারতের বিখ্যাত কাওয়াল পেয়ারুর ভক্ত হয়ে যান। লেখাপড়া শেষে ১৯৩০ সালের দিকে মিয়ানমারের ইয়াঙ্গুন (তৎকালীন রেঙ্গুন) যান আবু আহমেদ। সেখানে একদিন গানের অনুষ্ঠানে পরিচয় হয় পেয়ারু কাওয়ালের সঙ্গে। পেয়ারুর শিষ্যত্ব গ্রহণ করে সংগীতে মজে যান তিনি। ১৯৩০-৩১ সালের দিকে আবু কাওয়াল চট্টগ্রামে কাওয়ালি গানের প্রচলন করেন। একমাত্র পেয়ারু কাওয়ালই একক (শুধু তবলাবাদক নিয়ে) কাওয়ালি করতেন। আবু কাওয়াল সেই একক কাওয়ালির প্রচলন করেন চট্টগ্রামে। ওই সময়ে লোকশিল্পী আব্বাসউদ্দীনও কাওয়ালি গানের রেকর্ড করেছিলেন। আর তা কলকাতা ও বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল। একসময় নগরের কদমতলী, আলকরণ, আগ্রাবাদ রশিদ বিল্ডিং এলাকায় নিয়মিত কাওয়ালি গান হতো। এখানে গাইতেন আবু কাওয়াল ও তাঁর শিষ্যরা। এখনো মাইজভান্ডার দরবার, লোহাগাড়া দক্ষিণ শুকছড়ি দরবার, সাতকানিয়ার মির্জাখীল দরবার, খলিল শাহের দরবার, পটিয়ার আমীর ভান্ডার, হালিশহর চিশতিয়া নেজামিয়া দরবারে নিয়মিত কাওয়ালি গানের আসর বসে। কাওয়ালি গান হয় মূলত আরবি, ফার্সি, উর্দু ও হিন্দি ভাষায়। এ গানের বেশ কয়েকজন গীতিকার (সায়ের) ছিলেন চট্টগ্রামে। এর মধ্যে হজরত সৈয়দ নিছার আহমেদ, মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরি, মাওলানা বজলুল করিম মন্দাকিনী, হজরত আবদুস সালাম ইছাপুরির নাম উল্লেখযোগ্য। আবু কাওয়ালের সার্থক উত্তরসূরি সৈয়দ আমিনুল ইসলাম। তিনি কাওয়ালি ও গজল গান গেয়ে দারুণ নাম করেছেন। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও, বিশেষ করে ভারত, পাকিস্তানে আমিনুল ইসলামের ব্যাপক পরিচিতি ও সমাদর আছে কাওয়ালি ও গজল গানের শিল্পী হিসেবে। নিজেই গান লেখেন এবং সুর করেন। তাঁর গজল শোনে মুগ্ধ হন ভারত, পাকিস্তানের প্রসিদ্ধ গায়েকরা। সৈয়দ আমিনুল ইসলামের বড় কৃতিত্ব তিনি কাওয়ালি ও গজল গানকে পৌঁছে দিতে পেরেছেন গ্রামের মানুষের মধ্যেও। চট্টগ্রামের অজগাঁয়েও তাঁর গান শুনতে হাজার হাজার মানুষের সমাগম হয়। গত ৪০-৪৫ বছর ধরে এ গান নিয়ে তিনি চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে গেছেন। এ গান সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। মির্জা গালিব, আল্লামা ইকবাল, খসরু, হাফিজসহ অনেক কবির গান করেন আমিনুল ইসলাম, তবে এখন নিজের লেখা গানই বেশি করছেন। কাওয়ালি, গজল ও আধুনিক গান মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন তিনি। এগুলো আগামী দিনে গ্রন্থাকারে প্রকাশ করবেন বলে জানালেন। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে গানগুলো নিয়ে অ্যালবাম করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।চট্টগ্রামের প্রযোজনা প্রতিষ্ঠান আমিন স্টোর, বিনিময় স্টোর, জাহেদ ইলেকট্রনিকস ও ন্যাশনাল ইলেকট্রনিকস থেকে অর্ধশতাধিক কাওয়ালি গানের অ্যালবাম বাজারে এসেছে তাঁর। এর মধ্যে আমিন স্টোর প্রযোজিত সৈয়দ আমিনুল ইসলামের ভলিয়ম ১-৪, (বাতে নবী কি মান), বিনিময় স্টোরের মাস্ত মাস্ত, নুরানী জলোয়া খুবই জনপ্রিয় হয়েছে।