বাংলার মাটি বাংলার জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাংলা প্রকাশ করতে পারি না। কিন্তু বাংলা ভালো লাগে।’ দুই দফায় প্রায় মাস পাঁচেকের মতো বাংলাদেশে অবস্থান করে এ রকম কিছু বাংলা ভাষা শিখেছেন মিগেল অলিভার। সে কথাই তিনি বলছিলেন তাঁর ‘ভুলো না আমায়’ নামের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে। এর পরে অবশ্য মাতৃভাষা স্প্যানিশেই শেষ করেছেন বক্তব্য। পরে সেটি বাংলায় তরজমা করে শোনানো হয়েছে দর্শক-শ্রোতাদের। মিগেল অলিভারের সঙ্গে কথাবার্তা হয়েছিল প্রদর্শনী শুরুর আগে গ্যালারি চিত্রকেই। মিগেল কথা বলছিলেন স্প্যানিশ আর সদ্য শেখা টুকরো-টাকরা বাংলা শব্দ ও বাক্যের মিশেল দিয়ে। পাশেই ছিলেন শিল্পী শহীদ কবির। বাংলা দর্শনপ্রথম দর্শনেই মিগেল মুগ্ধ হয়েছিলেন। সেবার শহীদ কবির ও তাঁর বন্ধুদের সঙ্গে মিগেল বরিশালসহ বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছেন। মাস খানেক বসবাস করেছেন ময়মনসিংহের গারো পাহাড় এলাকায় গারো আদিবাসীদের সঙ্গে। সেবার মিগেল প্রায় মাস চারেক ছিলেন বাংলাদেশে। মজার মজার সব কাণ্ড ঘটেছিল তখন। মিগেল নিজে ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করলেও সমাজের নিচুতলার খেটে খাওয়া মানুষের প্রতি তাঁর গভীর হূদয়ানুরাগ। বাংলাদেশে এসে তিনি সরাসরি চলে গেছেন প্রান্তিক মানুষের কাছে। ঘনিষ্ঠ হয়ে মিশেছেন তাঁদের সঙ্গে। তাঁদের সঙ্গে থেকেছেন, খেয়েছেন। গান শুনেছেন। একটা ঘটনার কথা বলছিলেন শহীদ কবির। প্রথম ঢাকায় এসে কয়েক দিন তাঁদের সঙ্গে থাকার পর একা একাই ঘুরতে বের হতেন মিগেল। একদিন তিনি গেছেন চাঁদপুর এলাকায়। ঘুরতে ঘুরতে নৌকায় এক বালক মাঝির সঙ্গে তাঁর দোস্তি হয়ে গেছে। বালক তাঁকে নিয়ে গেছে তাদের বাড়িতে। নিতান্তই জীর্ণ-দীর্ণ ঘরবাড়ি। বালক মাঝির মা তখন উঠানের খোলা চুলায় দুপুরের ভাত রান্না করছেন। মিগেল গিয়ে বসলেন তাঁর কাছে। রান্নায় জ্বালানি-সংকট। মিগেল বাড়ির পাশের একটি গাছ থেকে শুকনো ডাল ভেঙে এনে দিলেন। মহিলা রীতিমতো মুগ্ধ। কিন্তু কথাবার্তায় সেই ভালো লাগা মুগ্ধতা জানাতে পারছেন না। স্প্যানিশ, ইংরেজি—দুটোই তাঁর কাছে দুর্বোধ্য, মিগেলের কাছে বাংলাও তাই। উপায় কী? মিগেল পকেট থেকে সেলফোনটি বের করে শহীদ কবিরের নম্বর চাপলেন। কবির বলছিলেন, ‘সে এক অদ্ভুত কাণ্ড। মিগেল ফোন করে বলল, সে চাঁদপুরের কোনো এক গ্রামে কার যেন এক বাড়িতে গেছে। প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম, বিপদে পড়ল না তো! তারপর ওর কথা শুনে হাসব না কাঁদব ভেবে পেলাম না। ততক্ষণে সে ফোনটি ভদ্রমহিলাকে দিয়েছে। তিনি আমাকে বললেন, বিদেশি ছেলেটির ব্যবহারে তিনি খুবই অবাক আর খুশি হয়েছেন। ছেলেটি এখন তাঁর চুলায় লাকড়ি ঠেলে দিচ্ছে। দুপুরে তাঁদের সঙ্গে খাবে। ’মিগেল এবার বাংলাদেশে এসেছেন মাস খানেক আগে। এবার শুরু থেকেই নিজের মতো করে ঘুরছেন বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ—এসব এলাকায়। মাঝিদের সঙ্গে নৌকায় উঠে তাঁদের সঙ্গে খাওয়া-দাওয়া, গান শোনা, নদীপারের মানুষের বাড়িতে গিয়ে তাঁদের জীবনযাত্রার খুঁটিনাটি দেখে তা অনুভব করার চেষ্টা করেছেন। হাত দিয়ে ভাত খাওয়া তো প্রথমবার এসেই শিখেছিলেন। মরিচের ঝালও তাঁর বেশ পছন্দ হয়েছে। মরিচ সম্পর্কে মিগেলের বাংলা প্রতিক্রিয়া এ রকম, ‘মরিচ ঝাল, কিন্তু ভালো।’ বরিশালে গিয়ে চড়া ঝালের মাছের ঝোল খেয়ে রীতিমতো মুগ্ধ। কারণটাও বললেন, ইউরোপে মিঠাপানির মাছ সহজে মেলে না। তাঁরা সামুদ্রিক মাছেই অভ্যস্ত। মিঠাপানির মাছের স্বাদ তাঁর কাছে বেশ আলাদা এবং সুস্বাদু বলেই মনে হয়েছে।অপার হয়ে বসে আছিমিগেল কবিতা ভালোবাসেন। ঢাকায় এসে রবীন্দ্রসংগীত শুনেছেন প্রচুর। তবে তাঁর মন ভরিয়ে দিয়েছে লোকসংগীত। ‘কাঙ্গালিনী’ নামটি ভোলেননি। প্রথমবার এসে কাঙ্গালিনীর গান শুনেছিলেন। একটি গানে খুব মজা পেয়েছিলেন, গানটির কথা পুরো মনে নেই। বিষয়টা এ রকম, ‘থাকত যদি টাকাপয়সা তবে একটা কলসি কিনতাম, সেই কলসি গলায় দিয়ে পানিতে ডুবে মরতাম’। এ ছাড়া লালনের গানের সুর তাঁর মর্মমূল স্পর্শ করে গেছে। লালনের ‘অপার হয়ে বসে আছি’ গানটির ভাবার্থ কবির অনুবাদ করে বুঝিয়েছেন। আপ্লুত হয়েছেন মিগেল। তাঁর মনে হয়েছে, এসব গানের মধ্যে এই অঞ্চলের আত্মার স্পন্দন আছে। বাংলাদেশের নদ-নদী মন কেড়েছে মিগেলের। অধিকাংশ ছবিই নদী, মাছধরা, মাঝিদের নৌকা বেয়ে চলা, ভেলা ভাসিয়ে চলা ইত্যাদি।মাঝিদের গানও ভালো লেগেছে মিগেলের। অবাক হয়েছেন গান শোনাতে বলেই তাঁরা গাইতে শুরু করেন। কোনো ভান-ভণিতা নেই। এই বিষয়টি ইউরোপ থেকে বহু আগেই হারিয়ে গেছে। স্পেনের জিপসিদের মধ্যে কিছু কিছু এই প্রাণের উত্তাপ আছে। সেটাই তিনি খুঁজে পেয়েছেন বাংলার লোকসংগীত আর দেহাতি মানুষের মধ্যে। এরাই মিগেলের শিল্পকর্মের প্রধান বিষয়। অবাক বাংলা!প্রান্তিক মানুষ, টোকাই, গারো আদিবাসীরাও উঠে এসেছে মিগেলের কাজে। তবে সবই যে ভালো লেগেছে, তা নয়। খুব ব্যথা পেয়েছেন ছোট ছোট ছেলেমেয়ের খালি পায়ে হাঁটতে দেখে। এ থেকেই বুঝে গেছেন সাধারণ মানুষের অভাব কতটা। আরেকটি বিষয়ও তাঁকে ধাক্কা দিয়েছে, ‘ভাইয়ে ভাইয়ে মারপিট করতে দেখে।’ বিস্মিত হয়েছেন দ্রুতগামী মালবোঝাই ট্রাকের ওপর মানুষকে ঘুমাতে দেখে, রাজপথে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় মানুষের লাশ পড়ে থাকতে দেখে। ঢাকার যানজট, পথে পথে আবর্জনা—এসব নিয়ে মিগেলের তেমন আপত্তি নেই। লোক বেশি, পথে যানবাহন বেশি হবেই। দারিদ্র্য আছে। ‘এসব একসময় তোমরা সমাধান করে ফেলতে পারবে’ এমন একটা ধারণা হয়েছে তাঁর। এখানকার মানুষের প্রচুর পরিশ্রম করার সামর্থ্য আছে, তারা অল্পে সন্তুষ্ট থাকে। এগুলো মানুষে বিরাট গুণ। এর মাধ্যমেই এ দেশের উন্নতি হবে বলে মিগেলের মনে হয়েছে।এসব নিয়েই দেশটিকে নিয়ে তাঁর মুগ্ধতা কাটেনি। মিগেলের মতে, তাঁর দেখা সব থেকে সুন্দর দেশ। গ্রামের মাঠে এক বৃদ্ধাকে তাঁর পোষা ছাগলের বাচ্চাটিকে কোলে করে নিয়ে যেতে দেখে, নদীর পাড়ে গ্রামের মেয়েদের গোসল করতে দেখে, শিশিরভেজা মেঠোপথে কৃষকদের পাশে হাঁটতে হাঁটতে বাংলার প্রকৃতি ও খেটে খাওয়া মানুষকে বড়ই ভালোবেসে ফেলেছেন সুদূর স্পেনের মিগেল অলিভার। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায়ও তিনি যে শেষ কথাটি বলেছিলেন, তার মর্ম হলো—এ দেশের কাদামাটিকে কোনো দিন যেন ভুলে না যাই, সে জন্যই আমার রংতুলিতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছি। শুধু এলেন, দেখলেন, ছবি আঁকলেন চলে গেলেন—এর মধ্যেই সীমিত রাখতে চান না বাংলার প্রতি তাঁর মুগ্ধতাকে। এর মধ্যে অল্প কিছু বাংলাও শিখে ফেলেছেন। তাতে অবশ্য কাজ চলে না। তবে চেষ্ট চালিয়ে যাচ্ছেন ভাষাটিও শিখে ফেলতে। মিগেলকে গারোরা তাদের ভাষায় নাম দিয়েছে ‘মারাক মিগেল’। গারোদের ভাষার ‘মারাক’ শব্দের অর্থ আপন। খুব পছন্দ হয়েছে তাঁর এই নামটি। তাঁর আরও ভালো লাগবে বাঙালিরাও যদি কখনো এমন করে তাঁকে গ্রহণ করে।মিগেল অলিভারমিগেল অলিভার এখন বসবাস করছেন বেলজিয়ামে। স্ত্রী বিয়াত্রিচ অর্থনীতিবিদ। ইউরোপীয় কমিশনে কাজ করেন। দুই ছেলে আর এক মেয়ে তাঁদের। মিগেলের ইচ্ছা আছে, তাঁরা সময়-সুযোগ করে উঠতে পারলে সপরিবারে আসবেন এ দেশে।মিগেলের শিল্পকলাবিষয়ক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তিনি অধ্যয়ন করেছেন স্থাপত্যবিদ্যায়। মাদ্রিদের একটি অভিজাত ধনাঢ্য পরিবারের সন্তান তিনি। স্থাপত্যবিদ্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেও পেশাগতভাবে কাজ করতে গিয়ে আর বিষয়টি ভালো লাগেনি তাঁর। বরং আগ্রহ জন্মে শিল্পকলার প্রতি।১৯৮৯ সালে শহীদ কবির যখন মাদ্রিদে কাজ করছিলেন ‘রেপ্রো আর্ট এচিং এডিটরিয়াল’ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে, তখন মিগেল সেখানে একদিন হাজির তাঁর কতগুলো ড্রয়িং নিয়ে। বক্তব্য—শিল্পশিক্ষা করবেন। কবির বুঝলেন ওর হবে। ভর্তি করে নিলেন। শিল্পকলার চর্চা করতে গিয়েই শহীদ কবিরের সঙ্গে গভীর হূদ্যতা। মিগেল শহীদকে নিয়ে যান তাঁদের গ্রামের বাড়ি আন্দালুসিয়ায়। সেখানে স্পেনের জিপসিদের সঙ্গে আনন্দময় সময় কাটান তাঁরা। শহীদ কবির বাংলাদেশ এবং তাঁর জন্মভূমি বরিশাল সম্পর্কে অনেক গল্প করেছেন মিগেলের কাছে। তাতে বাংলাদেশ ও বাঙালির ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন মিগেল। বাংলাদেশটা চোখে দেখার তাগিদে প্রথমবার এসেছিলেন ২০০৯ সালে। তাঁর বেশ কয়েকটি একক প্রদর্শনী হয়েছে স্পেন, বেলজিয়াম, কোস্টারিকা, আর্জেন্টিনা, নিউইয়র্ক, চীনসহ বিভিন্ন দেশে। যৌথ প্রদর্শনী হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মিগেলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ভুলো না আমায়’ চলছে ধানমন্ডি ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে। চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।