বাংলার শাড়িতে আফ্রিকান কিশোরী

দেশে একটা কথা প্রায়ই উচ্চারিত হয়, আকাশ সংস্কৃতির ভিড়ে আমাদের বাংলা সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমি বলি কথাটা ঠিক নয়। বরং আমাদের সংস্কৃতি আজ বাংলার মাটি ছেড়ে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে স্বগৌরব ও স্বমহিমায়। সুদূর আমেরিকায় আজ বাংলা সংস্কৃতির যেমন কদর রয়েছে, তেমনি প্রবাসী বাঙালিদের হূদয়জুড়ে বাংলা মায়ের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবি লক্ষ করলে দেখা যাবে কিছু আফ্রিকান কিশোরী বাঙালি সাজে সেজে বাংলা নৃত্য পরিবেশন করছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রতিবছর আফ্রিকান সাংস্কৃতিক উত্সব (কালচার সেলিব্রেশন) হয়। এই অনুষ্ঠান শুধু আফ্রিকানদের জন্য। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। আয়োজকদের অনুরোধে বাংলাদেশি নৃত্যশিল্পী গ্লোরিয়া রোজারিও কয়েকজন আফ্রিকান কিশোরীকে শেখান বাংলা নাচ। আমাদের নাচ শিখে উত্সবে পরিবেশন করেছে। আমাদের বাংলা নাচ অসাধারণ দক্ষতায় আফ্রিকান কিশোরীরা নেচেছে। এটা আমাদের জন্য গর্ব বটেই। এই গর্ব সারা বাংলার মানুষদেরও।

গত ৩০ আগস্ট মেরিল্যান্ডের সেন্ট ক্যামিলাস হল রুমে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক কালচারাল সেলিব্রেশন ২০১৪। এতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাসরত হাজার আফ্রিকান নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বিশ্ব মানবতার নেতা নেলসন ম্যান্ডেলার প্রতিকৃতি। যাঁকে ঘিরেই আফ্রিকা জনগণের গর্ব ও অহংকার। যাঁর আদর্শকে সামনে নিয়ে তাঁদের স্বপ্ন বোনা। Renalssance center for culture and education ব্যানারে আয়োজিত এবারের অনুষ্ঠানমালায় ছিল গান, নাচ, দেশীয় বাদ্যযন্ত্রের বাদনসহ নানা কিছু। সেই ছিল খাবার।
বাংলাদেশ এবার আফ্রিকান এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়। অনুষ্ঠানে মঞ্জুরী নৃত্যালয়ের শিক্ষার্থী পিটার পালমা, রিতি রোজারিও ও মনিশা গোমেজ বাংলা নাচ উপহার দিয়ে আফ্রিকান দর্শকদের মন জয় করে নেয়। এই সময় মুহুর্মুহু করতালিতে তাদের অভিনন্দন জানায় আগত সবাই।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আফ্রিকান চার কিশোরীর বাংলা নাচ। বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরে প্রথমবারের মতো নাচতে তাদের মোটেও অসুবিধা হয়নি। তারা বাংলা ভাষা না বুঝলেও বাংলা গানের সঙ্গে সাবলীলভাবে নৃত্য পরিবেশন করে। গানের কথা ও নাচের মুদ্রা বলে দিয়েছিল বাংলা গান ও নাচ ভিন্ন ভাষাভাষী ও ভিন্ন সংস্কৃতিতে কত প্রভাব ফেলতে পারে। এই কৃতিত্বটা মেরিল্যান্ডপ্রবাসী বাংলাদেশি নৃত্যশিল্পী গ্লোরিয়া রোজারিওর হলেও তা সারা বাংলার জনগণের অহংকার করার মতো।
সুবীর কাস্মীর পেরেরা
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র