‘স্বাধীনতার মাসে আরেকটু যেন স্বাধীন হয়ে গিয়েছিলাম,’ হঠাৎ একটা পাখি দেখে বলে উঠলেন সানিজদা মাসুদ, ‘এই পাখিটার মতো হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আজ আমার হারিয়ে যাওয়ার নেই মানা।’ সানিজদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এরই মাঝে আরেক সহপাঠী আউয়াল ফয়সাল বললেন, ‘যদিও সমুদ্র আর পাহাড়ের কাছে বেড়ে উঠেছি, তাতে কী? এবার বন্ধুদের নিয়ে একসঙ্গে পাহাড় আর সমুদ্র দেখায় অন্য ধরনের ভালো লাগা তৈরি করেছে। চলছে আড্ডা আর এই আড্ডার বিষয় পুরোটাই রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও সেন্ট মার্টিন নিয়ে।’১০ মার্চ পাঁচ দিনের সফর শেষে আবার ক্যাম্পাসে ফিরেছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তবে তাঁদের বিস্ময়ের ঘোর এখন পর্যন্ত কাটেনি। তাই এই স্মৃতি রোমন্থন করা। বন্ধু সোহেল ফরায়েজী বললেন একটু ভিন্নভাবে, ‘যেহেতু সাহিত্যে সমুদ্রের কথা বহুবার পড়েছি। তবে এবার চোখে দেখার সুযোগ হলো।’অন্য বন্ধুরা ততক্ষণে হেসেই খুন। এরই মাঝে সাহিত্যের ঝাঁপি খুলেছেন সোহেল। নাহ্, এবার নিজের ভাষাতেই বললেন তিনি, ‘সমুদ্র মাদকতা জাগায়, এই মাদকতা গ্রহণ করতে নিজেকেও একটু ভিন্ন জগতে নিয়ে গিয়ে অবলোকন করা দরকার। আমি ও আমার বন্ধুরা সেই নির্জন জগতে ভেসে সমুদ্রের সঙ্গে দ্রবীভূত হয়েছিলাম।’ অন্য বন্ধু হীরামন সরকার কিছুটা নিশ্চুপ। স্নিগ্ধ হাসিতে আছে অনেক অর্থ। অল্প কথায় জানালেন, ‘সাহিত্যের সঙ্গে প্রকৃতির এক দারুণ মিল আছে, আর এই মিল খুঁজে পেতে হলে প্রকৃতির কাছাকাছি আসতে হয়।’সানিজদা আবার বলেন, ‘আমার কাছে বারবার মনে হচ্ছিল সেন্ট মার্টিনের নীল পানি যেন বৈষ্ণব পদাবলির রাধার সেই ভেজা শরীরের নীল শাড়ি। আর সমুদ্রের বিশালতায় কী যেন এক ভালো লাগা।’ওদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪৫ শিক্ষার্থীর দলে পাঁচ দিন আনন্দময় কেটে গেছে। বন্ধুত্ব আরও প্রগাঢ় হয়েছে। হয়তো আগে অনেকেই একজন অন্যজনের সঙ্গে কথা বলতেন না, তবে এই সফর বন্ধুত্ব আরও গাঢ় করল। সানিজদা আবারও গলা মেলালেন, ‘ক্যাম্পাসে ফিরেছি অনেক দিন হলো, কিন্তু এখন পর্যন্ত পড়ায় মন দিতে পারছি না। বারবারই ফিরে যাচ্ছি সেই সময়ে।’কথার ফাঁকে ফাঁকে অনবরত চলছে তাঁদের খুনসুটি আর স্মৃতি রোমন্থন। এই শিক্ষাসফরের আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রফিক উল্লাহ খান বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সফর শিক্ষার্থীদের বিকাশে সাহায্য করে। সাহিত্য পড়তে হলে প্রকৃতিকে চোখ মেলে না দেখলে কি চলে?