বাংলোটি এখন শুধু কালের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা ভিটার ওপর আড়াই ফুট ইটের গাঁথুনি। তার ওপর বাঁশের কারুকাজ করা বেড়া। টিনের ছাউনির ঘরটার সামনে সুদৃশ্য বড় বারান্দা। বারান্দার সামনেই দিঘির পাড় ঘেঁষে পাকা সড়ক। বারান্দায় দাঁড়িয়ে বা বসে বিকেলে দিঘির জলে হাঁসের জলকেলি উপভোগ কিংবা সন্ধ্যায় দখিনা বাতাসে দেহমন জুড়িয়ে নেওয়ার মজাটাই আলাদা।বলছিলাম ফেনী শহরের কেন্দ্রস্থল রাজাঝির দিঘির উত্তর পাড়ের সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোটির কথা। ফেনীর একসময়কার একমাত্র ‘সার্কিট হাউস’ খ্যাত শতবর্ষী এই বাংলোটিতে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ রাজনীতিক, মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের অনেক নাগরিক খাওয়াদাওয়া ও রাত যাপন করেছেন। ফেনী হয়ে অন্য জেলায় যাওয়ার পথে বিশ্রামকেন্দ্র হিসেবে ব্যবহূত হতো এটি। এমন ঐতিহ্যবাহী বাংলোটি এখন শুধুই কালের সাক্ষী। সড়ক বিভাগের লোকজন ছাড়া আর কেউ এ বাংলোর দিকে নজর দেন না। দুজন কর্মচারীর পাহারা ও তত্ত্বাবধানে বাংলোটি প্রায় সময় তালাবদ্ধ দেখা যায়।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠার পর রাজাঝির দিঘির চারপাশে বিভিন্ন সরকারি অফিস-আদালত ও পুলিশ স্টেশন স্থাপিত হয়। কয়েক বছরের মধ্যে মহকুমা প্রশাসকের বাসভবনের পাশেই দিঘির উত্তর পাড়ে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোটি নির্মাণ করা হয়। এতে অতিথিদের থাকার জন্য জবা, জুঁই, চামেলি ও চম্পা নামে চারটি থাকার ঘর, একটি বৈঠকখানা (হলরুম) এবং একটি ডাইনিং রুম রয়েছে। এ ছাড়া পেছনে রয়েছে রান্নাঘর ও কর্মচারীদের থাকার ঘর।ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, এটি নির্মাণ করেছিল অবিভক্ত নোয়াখালী সড়ক বিভাগ। ১৯৯৫ সালের আগ পর্যন্ত এটি ছিল সব সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেনী সফরকালীন একমাত্র বিশ্রামাগার। বাংলোটি একসময় নষ্ট হওয়ার উপক্রম হয়। কয়েক বছর আগে এটিকে আগের মতো সংস্কার করা হয়েছে।শহরের শতবর্ষী ব্যক্তি আবদুল কাদের বলেন, এটি ছিল ফেনীর একমাত্র সার্কিট হাউস। পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল লিয়াকত আলী খান ১৯৪৮ সালে ফেনী সফরের সময় এখানে উঠেছিলেন। এ ছাড়া স্বাধীনতার আগে-পরে এখানে অবস্থান করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মশিউর রহমান যাদু মিয়া, আবদুল মালেক উকিল প্রমুখ। এ ছাড়া ১৯৯৫ সালের আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি এখানে থেকেছেন। ১৯৯৫ সালে প্রায় ৪০০ গজ দূরে ফেনীর বিজয় সিংহ দিঘির পাড়ে সরকার বড় পরিসরে নতুন সার্কিট হাউস নির্মাণ করে। সরকারি বিভিন্ন অফিস ভবনও তৈরি হয় সেদিকে। এর পর থেকে নামীদামি ব্যক্তিরা এই বাংলোর দিক থেকে মুখ ফিরিয়ে নেন।