পাশের গাড়িকে পাশ কাটিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন আপনার মোটরবাইক নিয়ে। কিন্তু একবারও লক্ষ করেছেন কি এই রাস্তায় আপনার বাইকের গতিসীমা কত? কিংবা ট্রাফিক সিগন্যালে কোন বাতি জ্বলছে? অনিয়ন্ত্রিত এই গতির কারণে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা।বিষয়টি নিয়ে কথা হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক তানভির আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘বাইক দুর্ঘটনার কারণে বড় ধরনের যে ক্ষতিগুলো হয় তা হলো মস্তিষ্কের রক্তক্ষরণ, লিভার ফেটে যাওয়া, কোমরের হাড় ভেঙে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া, নাক ভেঙে যাওয়া, চোখে আঘাত লাগা। আর ছোট ক্ষতির মধ্যে আঙুল কেটে যেতে পারে, হাত কিংবা পায়ে মাংস ছিঁড়ে হাড় বেরিয়ে আসতে পারে।’তাই লক্ষ রাখা উচিত পথের ঝুট-ঝামেলা এড়িয়ে চলতে গিয়ে যে মোটরবাইক ব্যবহার করছেন, তা যেন দুর্ঘটনা না ঘটায়। ‘এ জন্য ট্রাফিক আইনগুলো সব সময় আপনাকে সাহায্য করবে ঝুঁকিমুক্তভাবে বাইক চালানোর ক্ষেত্রে। শুধু সচেতনতাই পারে আপনাকে নিরাপদ রাখতে।’ বললেন রমনা ট্রাফিক জোনের সার্জন আশরাফ উদ্দিন। তিনি জানিয়েছেন ট্রাফিক আইন অমান্যের জন্য কী ধরনের মামলা হতে পারে। গতি যত ঝুঁকি ততগতিসীমার ওপরে বাইক চালানোর জন্য মোটরযান-সংক্রান্ত ১৯৮৩ অধ্যাদেশ অনুযায়ী ১৪২ ধারায় মামলা দিতে পারেন ট্রাফিক সার্জন। আর দুর্ঘটনার ঘটলে মামলা হতে পারে ১৪৬ ধারায়। শুধু কি তাই? ঝুঁকিও আছে জীবনের। অনিয়ন্ত্রিত ক্ষিপ্রগতির কারণে দুর্ঘটনা বেশি ঘটে। যেমন ঘাড়ের হাড়ে আঘাত লেগে তৎক্ষণাৎ মৃত্যু, কোমরের হাড় ভেঙে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া ইত্যাদি দুর্ঘটনাগুলো ঘটছে। মূলত অনিয়ন্ত্রিত গতির কারণেই। তাই রাস্তা ফাঁকা পেলেই দ্রুতগতিতে বাইক চালানো থেকে বিরত থাকার চেষ্টা করুন।আর নয় ফুটপাতেবড় রাস্তার পাশে ফুটপাতটুকু থাকে হাঁটার জন্য। ট্রাফিক জ্যামে পড়লেই দেখা যায় কেউ কেউ বাইক নিয়ে উঠে পড়েন ফুটপাতে। আর স্বাভাবিক চিত্র এটাই যে ফুটপাতগুলো হয় খানাখন্দে ভরা। এর ফলে আপনিও চলতে পারেন না স্বাভাবিক গতিতে। শুরু হয় হেঁটে চলা মানুষের ভোগান্তি। এ জন্য আপনার বিরুদ্ধে ট্রাফিক আইনে ১৩৭ ধারায় মামলা হতে পারে। হতে পারে বিভিন্ন পরিমাণের অর্থমূল্যের জরিমানা।হেলমেট ছাড়া পথে নয়বাইকে চলেছেন অথচ হেলমেট নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, চালকের আসনে যিনি বসেছেন তাঁর হেলমেট থাকলেও পেছনের মানুষটির নেই। এই অসচেতনতার জন্য ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হেলমেট ব্যবহার না করলে মামলা হবে ১৪৯ ধারায়।সংকেতবাতি লক্ষ করুনতাড়া আছে, তাই সবুজবাতির জন্য অপেক্ষা না করেই যাওয়ার চেষ্টা। একবারও ভেবে দেখেছেন কি উল্টো দিক থেকে আসা গাড়িটি নিমেষেই সব শেষ করে দিতে পারে। তাই অপেক্ষা করুন সবুজবাতির জন্য। সিগন্যালে একটুখানি ফাঁক পেয়ে ভুল সুযোগ না নেওয়াই ভালো। কেননা এ জন্য ট্রাফিক আদেশ অমান্যের দায়ে ১৪০ ধারায় মামলা হবে অপরাধীর বিরুদ্ধে।বাইকের ফিটনেস ঠিকঠাকআপনার বাইক কালো ধোঁয়া ছাড়ছে না তো? এটি যেমন পরিবেশের ক্ষতি করে তেমনি ক্ষতি করে আপনার এবং আপনার পেছনের গাড়িতে বসে থাকা যাত্রীর। আর এই ফিটনেস সমস্যার জন্য মামলা হতে পারে ১৫০ ধারায়। আবার অনেক সময় দেখা যায় বাইকে লুকিং গ্লাস থাকে না কিংবা নিষিদ্ধ হর্ন ব্যবহার করেন। এ জন্য মামলা হতে পারে ১৩৯ ও ১৪৯ ধারায়।তাই একটুখানি সচেতনতা পারে আপনাকে দুর্ঘটনা এবং আইনি ঝামেলা থেকে মুক্ত রাখতে।