>

দেশের নানা প্রান্তের হাওর, বাঁওড়, বিল, হ্রদসহ অসংখ্য জলাশয় এখন অতিথি পাখির স্বর্গরাজ্য। পাখিদের এমনই কয়েকটি আবাসের কথা রইল আপনার জন্য
বাইক্কা বিলকে বলা হয় পাখিপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা। এই বিলে এখন রংবেরঙের পাখি। তাদের কিচিরমিচিরে মুখরিত চারদিক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এই বিল হাইল হাওরের অংশ। এটা শুধু পাখি নয়, মাছেরও অভয়াশ্রম। শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে আসা পরিযায়ী পাখি আবাস গড়ে বিলে। তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়ে স্থানীয় জাতেরও অনেক পাখি।
বালিহাঁস, খয়রা কাস্তে চরা, তিলা লালসা, গেওয়ালা বাটান, পিয়াং হাঁস, পাতি তিলা হাঁস, নীল মাথা হাঁস, উত্তুরে লেঞ্জা হাঁস, গিরিয়া হাঁস, উত্তুরে খুন্তি হাঁস, মরচে রং ভুতি হাঁস, মেটে মাথা টিটি, কানা লেজ জৌরালি, বিল বাটান, পাতি সবুজলা ইত্যাদি পাখিরই বিচরণ রয়েছে এই বিল এলাকাতে। কখনো তা ছড়িয়ে পড়ছে পুরো হাইল হাওরেই।
সম্প্রতি পাখিশুমারি থেকে জানা গেছে, এ বছর শীত মৌসুমে পরিযায়ী ও স্থানীয় পাখি গত দুই বছরের তুলনায় বেশি এসেছে। পাখিশুমারিতে পরিযায়ী ও স্থানীয় ৪০ প্রজাতির ১০ হাজার ৭১২টি পাখি গণনা করা হয়েছে। বাইক্কা বিলে কর্মরত রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, এবার বাইক্কা বিলে পাখি বেড়েছে। উদয়ী বাবু বাটান, বড় তিত ও বাংলা শকুন এর আগে বাইক্কা বিলে কখনোই দেখা যায়নি। এবারই প্রথম এ পাখিগুলোকে বাইক্কা বিলে দেখা গেল। ২০০৪ থেকে এ বছর পর্যন্ত বাইক্কা বিলে ১৯০ প্রজাতির উভচর পাখি দেখা গেছে।