বাইতুশ শরফ-গোলাঘাট সড়ক বেহাল, চলাচলে দুর্ভোগ

সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাইতুশ শরফ-গোলাঘাট সড়কের স্থানে স্থানে ইট উঠে গিয়ে সড়ক বেহাল হয়ে পড়েছে। কোনো কোনো স্থানে ইট সরে গিয়ে নদের বুকে ধসে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির এই হাল হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
১১ মার্চ দুপুরে সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া থেকে রামপুর বাইতুশ শরফ পর্যন্ত সড়কটি পাকা। এরপর থেকে প্রায় আড়াই কিলোমিটার আধা পাকা সড়কের স্থানে স্থানে ইট সরে গেছে। কোনো কোনো স্থানের সড়কের অংশ ডলু নদে বিলীন হয়ে গেছে। সড়কের কিছু কিছু স্থানে আবার ছোট-বড় গর্তেরও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাইতুশ শরফ-গোলাঘাট সড়কটি দিয়ে অন্তত ১০ হাজার মানুষ চলাচল করে। তা ছাড়া এওচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও আমিলাইশ ইউনিয়নের ডলুকুল গ্রামে উৎপাদিত বিভিন্ন মৌসুমি সবজি ও কৃষি পণ্য এই সড়ক দিয়ে পরিবহন করে সাতকানিয়া সদরের দেওয়ানহাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যাওয়া হয়। সড়কটি বেহাল হওয়ায় সবজি ও কৃষি পণ্য পরিবহনে খরচ হচ্ছে বেশি।
পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৭০) বলেন, একসময় সড়কটি কাঁচা ছিল। গত চার বছর আগে সড়কটিতে ইট বিছানো হয়। কিন্তু অতিরিক্ত গাড়ি চলাচল করার কারণে সড়কটির স্থানে স্থানে ইট সরে গিয়ে বেহাল হয়ে পড়েছে।
ইয়াকুব আলী বলেন, সড়ক কাঁচা থাকাকালীন শুধু বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু এখন ইট সরে যাওয়ায় সারা বছরই ভোগান্তি সয়ে যেতে হচ্ছে। অটোরিকশা বা রিকশায় চড়ে সড়ক দিয়ে চলাচল করতে গেলে ঝাঁকুনির কারণে কোমর ব্যথা হয়ে যায়। হেঁটে চলতে গেলেও দুর্ভোগ পোহাতে হয়।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক আলী হোসেন (২৬) বলেন, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। এ কারণে যাত্রীদের কাছ থেকে বাধ্য হয়েই বাড়তি ভাড়া নিতে হচ্ছে।
পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার কামাল বলেন, সড়কটি সংস্কার করা হয়েছে বেশি দিন হয়নি। তবে ভারী ও অতিরিক্ত যান চলাচলের কারণে সড়কটির স্থানে স্থানে ভেঙে হয়ে গেছে। সড়কটি নতুন করে সংস্কারের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়কে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে এলজিইডির সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সড়কটির সংস্কারকাজ করা হবে।