বাইসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার এই এডমন্টন শহরে সাইকেল চালানোর মতো আবহাওয়া থাকে বছরের মাত্র চার মাস—মে থেকে আগস্ট। বাকি সময় আবহাওয়া বেশ ঠান্ডা থাকায় সাইকেল নিয়ে বেশি সময় বাইরে থাকা যায় না। আর বরফের সময় তো কথাই নেই, সাইকেল চালানো অসম্ভব।দীর্ঘ শীতের সময় ঘরে বন্দী এডমন্টনবাসী মে থেকে আগস্ট অর্থাৎ বসন্ত ও গ্রীষ্মের এই সময়টায় যেন হাঁফ ছেড়ে বাঁচে। সবাই, বিশেষ করে কানাডীয়রা চেষ্টা করে ঘরের বাইরে বেশির ভাগ সময় কাটাতে। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে তো আর কথাই নেই। প্রায় সারা দিন কোনো পার্কে বা সুন্দর কোনো জায়গায় বেড়ানোর জন্য বেরিয়ে পড়ে সবাই। আর এ সময়গুলোতে ডাউনটাউনে বিভিন্ন আউটডোর অনুষ্ঠান তো আছেই। এ সময় সাইকেল চালানোটাও সবার কাছে একটা বিশেষ বিনোদন। এখানে পথচারী চলাচল এবং সাইকেল চালানোর জন্য মেইন রোডের পাশ দিয়ে সম্পূর্ণ আলাদা রাস্তা আছে, যেখান দিয়ে কোনো ঝামেলা ছাড়া বেশ আরামে সাইকেল চালানো যায়। সাইকেল চালানো কানাডীয়দের শখের একটা বিষয়। শুধু শিশু-কিশোরেরাই নয়, মাঝবয়সী আর শক্ত সামর্থ্যবান বৃদ্ধরাও সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এই গ্রীষ্মে একটা পরিচিত দৃশ্য হলো, পুরো পরিবারের একসঙ্গে সাইকেলে ভ্রমণ। অনেকবার দেখেছি, মা-বাবা তাঁদের তিন-চারজন ছেলেমেয়েসহ সাইকেল নিয়ে বের হয়েছেন। প্রত্যেকের আলাদা আলাদা সাইকেল। ছেলেমেয়েদের বয়স অনুযায়ী সাইকেলের ধরন এবং আকার। মজার ব্যাপার হলো, ছোট শিশুর বসার জন্যও মায়ের সাইকেলের সঙ্গে বিশেষ ব্যবস্থা থাকে। আর হ্যাঁ, সবার মাথায় থাকে হেলমেট। এখানে হেলমেট পরে সবাইকে সাইকেল চালাতে হয়। রাস্তায় একটা বিশেষ ধরনের সাইকেল দেখেছি কয়েকবার। এই সাইকেলের তিনটি চাকা এবং দুজনের একসঙ্গে বসার ব্যবস্থা। একজন সামনে, আরেকজন পেছনে। আর প্যাডেল আছে দুটো। বেশির ভাগ সময় দেখেছি চায়নিজ দম্পতিদের একসঙ্গে এই সাইকেল চালাতে। দৃশ্যটা বেশ চোখে পড়ার মতো—স্বামী-স্ত্রী একসঙ্গে একই তালে একটা সাইকেল চালাচ্ছেন।বাংলাদেশে নিজের জেলা শহর বগুড়ায় থাকার সময় সাইকেল চালাতাম। বাবার একটা ফনিক্স সাইকেল ছিল। স্কুল-কলেজে পড়ার সময় সেটা নিয়ে বিভিন্ন স্যারের বাসায় প্রাইভেট পড়তে যেতাম। ঢাকায় এসে আর সাইকেল চালানো হয়নি কখনো, সুযোগও ছিল না। তবে কানাডায় এসে প্রথম বছরেই মামাতো ভাইয়ের কাছ থেকে একটা পুরোনো সাইকেল পাই। অনেক-অনেক বছর পর সাইকেল চালাতে পেরে খুব ভালো লাগে। এরপর আমাদের এক কানাডীয় প্রতিবেশী তাঁর স্টোররুমে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি সাইকেল আমাকে দেন চালানোর জন্য। এ সাইকেলটি অনেক দামি, আর বেশি দিন চালানোও হয়নি। এখন আমার প্রায় প্রতিদিনের বিকেলের সঙ্গী এই সাইকেল। সাইকেল চালানোর উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যা। যখন পশ্চিম দিগন্তে সূর্য ডুবতে থাকে, তখন আমার বাসার কাছের বিশাল মাঠের পাশ দিয়ে সাইকেল চালাতে খুব ভালো লাগে। সূর্যাস্তের সময় একেক দিন আকাশের রং একেক রকম হয়। আবার কখনো কখনো হোয়াইটমাড ড্রাইভের ওপর দিয়ে চলে যাওয়া ১২২ নম্বর স্ট্রিটে সাইকেল চালানোর সময় যখন দেখি, নিচ দিয়ে ৮০ কিলোমিটার ঘণ্টায় গাড়িগুলো ছুটে চলছে, তখন কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াতে হয় উত্তর-দক্ষিণে বিস্তৃত এই সুন্দর হাইওয়েটি দেখার জন্য। আবার টিপ টিপ বৃষ্টিতে সাইকেল চালানোর অনুভূতিটুকুই অন্য রকম। আর ভাগ্য সুপ্রসন্ন হলে যদি ঝুম বৃষ্টি নামে, যেটা এডমন্টন শহরে খুবই বিরল, সেই ঘোর লাগা ঝুম বৃষ্টিতে সাইকেল চালানোর অভিজ্ঞতা যার নেই, তাকে সেই বিশেষ মুহূর্তের অনুভূতি বোঝানো অসম্ভব। মো. জিয়াউর রহমান ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা