বাইসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সাধনার পর আব্বা সাইকেল কিনে দিতে রাজি হলেন। সাড়ে তিন হাজার টাকা দিয়ে ভাইয়াকে ঢাকা পাঠালেন। আনন্দে আমি আত্মহারা। ক্লাসে সাড়ম্বরে ঘোষণা দিয়ে ফেললাম, এক সপ্তাহের মধ্যেই সাইকেল নিয়ে স্কুলে আসছি। ‘সানসি’ সাইকেল। বন্ধুদের সাইকেল চালানোর জন্য আর হাঁ হয়ে থাকতে হবে না। ছোট্ট আবদারটুকু পূরণের জন্য আব্বা, আম্মার কাছে কত পীড়াপীড়ি, কত কান্নাকাটিই না করেছি! আব্বার সহজ যুক্তি, সাইকেল পেলে ছেলে বখে যাবে। আমি বরাবরই একগুঁয়ে। মাথায় কোনো কিছু ঢুকলে সহজে ঝেড়ে ফেলা মুশকিল। আম্মার জোর অনুরোধেই না আব্বা রাজি হলেন। এত স্বপ্নের বস্তু, আকাঙ্ক্ষার ধন! সাইকেলটা হাতে পেলে কী করব তার একটা দীর্ঘ ছক করলাম। বন্ধুদের কাছে সাইকেল নিয়ে পরিকল্পনার কথা বললেই হা হা করে ওঠে। পাছে টিটকারি মারে। মনে মনে ভাবতাম, সবুর করো, আর মাত্র কয়েকটা দিন। প্রতিদিন লঞ্চঘাট গিয়ে ঘুরতাম। এখান থেকেই আমার স্বপ্নের সাইকেল নামবে। টার্মিনাল থেকে নামিয়েই সারা শহর ঘুরব। কত না রঙিন স্বপ্নের জাল বুনতাম ওই ছোট্ট বুকে! অবশেষে ভাইয়া ফিরলেন। খালি হাত। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাঁর সব টাকা পকেটমার হয়েছে। এখন স্কুলে গিয়ে কীভাবে মুখ দেখাই! গোপনে, প্রকাশ্যে কত কাঁদতাম! দীর্ঘদিন স্কুলে গেলাম না। মা সান্ত্বনা দিলেন, হবে হবে। কিন্তু আর হলো না। বন্ধুদের অপমান মুখ বুজে সইলাম। পাশ দিয়ে কেউ ‘সানসি’ সাইকেল নিয়ে গেলে কী বিষাদ নিয়েই না তাকিয়ে থাকতাম! আজ বড় হয়েছি। মোটরসাইকেল চালাই, গাড়ি চড়ি। কিন্তু যখনই ওই বয়সের কোনো ছেলেকে সাইকেল চালাতে দেখি, তখনই মনের মধ্যে এক শূন্যস্থান টের পাই। আহা! আল জহির চৌধুরীআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।