বাউকুলে পথ দেখালেন রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর ঈদগড়ে বাউকুল বাগানে সৌদিপ্রবাসী রহিম উল্লাহ l প্রথম আলো
রামুর ঈদগড়ে বাউকুল বাগানে সৌদিপ্রবাসী রহিম উল্লাহ l প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ঘেরা ঈদগড় ইউনিয়নজুড়ে বিষাক্ত তামাকের আগ্রাসন। অতি লাভের আশায় গ্রামের বহু চাষি ধানি জমিতে তামাক চাষ করছেন। কিন্তু ব্যতিক্রম সৌদি আরবপ্রবাসী চাষি রহিম উল্লাহ। তিনি ইউনিয়নের ছগিরাকাটা গ্রামে গড়ে তুলেছেন বাউকুল বাগান।
গত কয়েক বছরে রহিমের দেখাদেখি বহু চাষি তামাক ছেড়ে বাউকুল চাষ করছেন। বাউকুল বিক্রি করে ভালো আয়ও করছেন চাষিরা।
জেলার প্রথম বাউকুল বাগান: দীর্ঘ ১২ বছর সৌদি আরবের মক্কায় নির্মাণশ্রমিকের কাজ করছেন রহিম উল্লাহ (৩৩)। রহিমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায়। সারা দিন কঠোর পরিশ্রম করে রাতে বাসায় ফিরে টেলিভিশনে দেখতেন বাংলাদেশের নানা খবরাখবর। একদিন বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয় পাবনার ঈশ্বরদীর এক কৃষকের বাউকুল চাষের সাফল্যের কাহিনি। এর পর থেকেই নিজের গ্রামে এ রকম একটি বাউকুল বাগান করার স্বপ্ন দেখতেন রহিম উল্লাহ।
২০০৯ সালের দিকে রহিম উল্লাহ সৌদি আরব থেকে দেশে আসেন। তারপর নিজ বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে ঈদগড় ইউনিয়নে জমি খুঁজতে থাকেন। তখন ঈদগড়জুড়ে তামাক আর তামাক। তিনি স্থানীয় লোকজনকে বুঝিয়ে বাউকুল বাগানের জন্য ১২ দশমিক ৫ একর পতিত জমি ১৫ বছরের জন্য ইজারা নিলেন। ইজারামূল্য বছরে ১ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। ৫৩ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেন বাউকুলের বাগান তৈরির কাজ। কাজ শুরুর পর খরচ হয় আরও ২৫ লাখ টাকার মতো। বাউকুল চারা আনা হয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বাগানের নামকরণ করা হয় ‘আল্লাহর দান কৃষি ফার্ম’।
রহিম উল্লাহ বলেন, প্রায় ৭৭ লাখ টাকা বিনিয়োগে তৈরি করা এই বাগানের ২০১১ সালে ২ হাজার ৭০০ গাছে ফল ধরতে শুরু করে। ওই বছর কুল বিক্রি করে পান মাত্র ২ লাখ ৫৮ হাজার টাকা। লোকসান দেখে লোকজন হাসাহাসি শুরু করেন। পরের বছর আরও খারাপ অবস্থা। বাগানের কুল বিক্রি করে পেয়েছিলেন মাত্র ১ লাখ ১০ হাজার টাকা। তামাক ব্যবসায়ীরা নানা অপপ্রচার শুরু করেন। এতে তিনি ভেঙে পড়েননি। ২০১২ সালে তিনি পরামর্শের জন্য যান পাবনার ঈশ্বরদীর সফল বাউকুলচাষি ছিদ্দিকুর রহমানের কাছে।
ছিদ্দিকুর পাশে দাঁড়ান রহিমের। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি আসেন রামুতে অবস্থিত রহিমের বাউকুল বাগানে। তারপর বাউকুল চাষ পদ্ধতি দেখিয়ে দিলেন দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়া অদম্য কৃষক রহিম উল্লাহকে। ওই বছরই বাগানে বাম্পার ফলন হয়। গাছের কুল বিক্রি করে রহিমের আয় হয় ১৭ লাখ ৭৮ হাজার টাকা। বাগানে কর্মসংস্থান হয় এলাকায় ৩০ জন বেকার যুবকের। যাঁদের বেতন মাসিক ১০ হাজার টাকা।
রহিম উল্লাহ জানান, তিনি বছরে ছয় মাস সৌদি আরব আর ছয় মাস দেশে থাকেন। এ কারণে বাগানের দেখভাল সম্ভব হয় না। আর তাই লোকসান গুনতে হচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে একধরনের ছত্রাকের (কাণ্ড পচা রোগ) আক্রমণে গাছের ফুল ও কুল ঝড়ে পড়ে। এ কারণে আশানুরূপ কুল উৎপাদিত হয়নি। চলতি সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাগানের বাউকুল বিক্রি করে পেয়েছেন ৯ লাখ ২৫ হাজার টাকা।
রহিম উল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর সৌদি আরব যাবেন না। দেশে থেকে বাগানটি পরিচর্যা করবেন। আগামী বছর এই বাগান থেকেই তিনি ৬০ লাখ টাকার বেশি আয় করবেন। যদিও বাগানের বিপরীতে তঁার ঋণ রয়েছে ১৬ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকঋণ চার লাখ টাকা।
সরেজমিনে একদিন: গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে রামুর ছগিরাকাটায় গিয়ে দেখা গেছে, পাহাড়ঘেরা বিশাল এলাকাজুড়ে রহিম উল্লাহর বাউকুল বাগান ‘আল্লাহর দান কৃষি ফার্ম’। রহিমসহ কয়েকজন গাছ থেকে কুল ছিঁড়ছেন। ব্যবসায়ীরা সেই কুল গাড়িতে করে কক্সবাজার-চট্টগ্রাম নিয়ে যাচ্ছেন।
রহিম জানান, বাগানের ২ হাজার ৭০০ গাছে বাউকুল ধরেছে। প্রতিটিতে বাউকুল পাওয়া গেছে গড়ে ২০ কেজি করে। বিক্রি হচ্ছে খুচরা প্রতি কেজি ৭০-৮০ টাকা। পাইকারি ৫৫ টাকা। এই বাগানের বাউকুল খুবই মিষ্টি। তাই চাহিদাও বেশি। জেলার চাহিদা পূরণ করে এই বাগানের বাউকুল সরবরাহ করা হয় চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। লাভবান হওয়ায় গ্রামের অনেকে বিষাক্ত তামাক চাষ ছেড়ে বাউকুল চাষে এগিয়ে আসছেন।
বাউকুল বিপ্লব: রহিমের দেখাদেখি পার্শ্ববর্তী বাইশারী গ্রামে তিন একরের বাউকুল বাগান সৃজন করেন ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা গ্রামের চাষি দিল মোহাম্মদ। চলতি মৌসুমে বাগানে উৎপাদিত বাউকুল বিক্রি করে তিনি আয় করেন প্রায় ১৫ লাখ টাকা।
একইভাবে বউঘাটা এলাকায় পাঁচ একর জমিতে বাউকুল বাগান করে গত বছর প্রায় ১৬ লাখ টাকা আয় করেন স্থানীয় চাষি সব্বির আহমদ। ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দ করিম জানান, ছগিরাকাটায় জেলার প্রথম বাউকুল বাগানটি সৃজন করে সৌদিপ্রবাসী রহিম উল্লাহ স্থানীয় চাষিদের ভাগ্য পাল্টে দিচ্ছেন। বহু চাষি তামাক চাষ ছেড়ে বাউকুল চাষে উৎসাহিত হচ্ছেন।