বাউণ্ডুলে
কাল রাতে জানালা দিয়ে কেমন হুড়মুড় করে হাওয়া ঢুকে গিয়েছিল, দেখেছ। মাঝরাতে তাই ঠান্ডা লেগে গেছে। তিন তাকের ঝুড়ির ভেতর পাঁচ পদের কলম-পেনসিল, হাবিজাবি, পার্স-মোবাইল ফোন...কিন্তু সিগারেটের প্যাকেকটা কোথায় ? ...ঝামেলা! জানালায় মুখ ঠেকিয়ে নিচে তাকালাম, এবড়োখেবড়ো কড়ইগাছের ডালে তিনটি চড়ুই আর একটি কাক বসে আছে। সকালে নির্জন পথে ঘড়ঘড়ে চাকার ওপর ময়লা ঠেলে যাচ্ছে মালকোঁচা মারা লোকটি, স্পঞ্জের চপচপ আওয়াজ তুলে।বহু রং-প্রচ্ছদের মোটা-পাতলা অসংখ্য বই ফোমের বিছানা আর মাদুর পাতা একলা ঘরে এলোমেলো পড়ে আছে। কাত হয়ে থাকা গিটারের পেছনের প্যাকেটটা নিয়ে পা রাখি ঘর থেকে ছাদে। তুমি বোধহয় ধূমপান পছন্দ কর না; ঠিক আছে, যদি অন্তত একটা সেশনে তর্কযুদ্ধে আমাকে তুমি হারাতে পার, তাহলে চিরতরে ধূমপান ছেড়ে দেব। কী, রাজি?অনেক মানুষ আর হইহুল্লোড়ের ভেতর আমি কেমন যেন স্বস্তি পাই না। তাই তো আমি আজ চিলেকোঠার সেপাই। একাই রাজা, একাই প্রজা। ছাদের ঠিক মাঝখানে পাকা বেঞ্চ, সামনে ৩০ ফুট কংক্রিটের উঠোনজুড়ে ধুলো, সিগারেটের ফিল্টার, আর ম্যাচের কাঠি, অসংখ্য জমে আছে। আমার সংসার। পছন্দ হয়? জোড়া তিনেক পায়রার খুপরি আর বেশ কিছু টব নিয়ে আমার সংসারের টুকিটাকি।কিন্তু এই যে আকাশের নেভি-ব্লু মেঘখণ্ড, ঘাসঝাড়ের সবুজাভ, কবুতরের বাকবাকুম...কোথায় তুমি? কোথাও তুমি নেই।কত দিন সিঁড়িতে পদশব্দ পেয়ে ভেবেছি, ‘এই বুঝি তুমি উঠে আসছ, ঝকঝকে রোদ্দুরে নিঃসঙ্গ বেঞ্চিতে আমাকে দেখে তুমি ভীষণ অবাক হবে।’ কী সব অনর্থক কল্পনা! অদ্ভুত ফ্যান্টাসি, তাই না! সবারই কি এমন হয়, জানি না! আমাদের মতো তরুণ প্রাণ, টগবগে যুবাদের অমন দিবাস্বপ্ন কি মানায়? কী জানি, বুঝি আমাদেরই মানায়!মধ্যদুপুরে হয়তো আজও একটি চিল ঘুড়ির মতো উড়বে আমার দুই চোখভরা আকাশে। আর কখনো ঈষত্ ভাঙা অথচ নাকিস্বরে ডেকে যাবে একটানা, নাতিদীর্ঘ। নিঃসঙ্গতার পাখি-চিলটাকে তখন আমার সঙ্গী ভেবে নেব, একলা ছাদে। তারপর কফিপট হাতে দৈনিকে চোখ বোলাব, বই পড়ে পড়ে ঘাড় ব্যথা করে ফেলব, উবু হয়ে নিচের হল্লা দেখব আর কড়ইগাছের ডালে কাকের ভাঙা বাসাটায় ঠায় তাকাব; কোকিলের ছানা ফুটবে ওই ডিমগুলোর কোনো একটা থেকে।লেবুগাছটা মরতে মরতে কেমন বেঁচে রইল। কত এক্সপেরিমেন্ট যে চালালাম বেচারার ওপর, হাহ্! টবগুলোয় মগে করে পানি ঢালি। পানির ঝাপটা দিই ক্যাকটাসগুলোয়, সতর্ক হাতে। অনেক দিন পর একটিতে ফুল আসছে। তিন দিকে তিনটি কাঁটা আর মাঝখানে লাল বুনো সৌন্দর্য! তুমি বোধহয় ক্যাকটাস ফুলের মতো; দীর্ঘ টকটকে লাল প্রতীক্ষার পর ফোটা ফুল, কাঁটাঘেরা স্বপ্নের অলিন্দে পাপড়ির মতো আর্দ্র এবং ওই চিলটির মতো; অনেক অনেক দূরের আকাশে চোখের তারায় বিন্দু হয়ে ভেসে বেড়ানো পাখি, যাকে চিনি কিন্তু জানি না, অনুভবে পেলেও বুঝি না; তুমি কেমন! এই! কেমন তুমি?২১টি বসন্ত পেরিয়ে তোমায় খুঁজি আজ নিষ্কম্প বিশ্বাসে, প্রশান্ত প্রতীক্ষায়। হুট করে...জানি...একদিন দেখা হয়ে যাবে আমাদের। তখন আমায় চিনবে তো? নাকি রাগ করবে দেখে! বাউণ্ডুলে-টুলে বলবে! ঠিক এখানটায় এসে আমার হাসি পেয়ে যায়। মুচকি হাসি! কারণ আমি জানি, আমার চোখে চোখ রেখে তখন তুমি ভালোবেসে ফেলছ আমাকে। আর নিজেকে লুকাতে না পেরে নিজের ওপর রাগ করছ। দুষ্টু ঘাসঝাড় দ্রুত তোমার মনভূমে সবুজ বন তৈরি করে ফেলছে। ক্যাকটাসের কাঁটা বিদ্ধ করছে তোমার হূদয়কে। তোমার হাত চেপে আমি বেঞ্চিতে বসে নখ খুঁটছি আর কী যেন ভাবছি, ঠিক তখন ঈষত্ ভাঙা আর বিষণ্ন সুরের দূরাগত ধ্বনি আমাদের চৈতন্যে টোকা মারবে।ধ্যাত! কী যে সব ভাবছি! আর তোমার কথা ভেবে ভেবে ফুল-পাখিদেরই প্রেমে পড়ছি। কী বার আজ? ছুটির দিন নাকি! আজ বোধহয় কোনো কাজটাজ নেই আমার, শুধুই বসে আছি।কংক্রিটের উঠোনজুড়ে আমি ইতস্তত হাঁটি, দাঁড়াই কখনো, আড়মোড়া ভাঙি আশ্লেষে। ছাদের এ-কোণে ও-কোণে আর বেঞ্চির ঠিক মাঝখানে কখনো পায়ে পা তুলে বসে বসে, হেঁটে হেঁটে আজকের দিনটাও হয়তো কাটিয়ে দেব; একটা মৃদু অনৈস্থর্যের বৃত্তে, ঘুলঘুুলির আলোয় ঝাপসাটে দেয়ালের ভেতর, যেমন অনবরত কেটে যায় আমার রাত্রি-দিন।ফিদাআলী অ্যান্ড নূর রিয়েল এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা।