বাউণ্ডুলের প্রেমে...

আর্মি অফিসারের মেয়ে জেস। ভীষণ জেদি। চোখমুখে সারাক্ষণ রাগী রাগী ভাব। আর পাড়ার বাউণ্ডুলে স্যাম। সারা দিন টো টো করে ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজ নেই। একদিন স্যাম ও তার বন্ধু তৌহিদ মোটরসাইকেল চালাতে চালাতে সেলফি তুলতে গিয়ে বেসামাল হয়ে পড়ল জেসের ওপর। এই যা সেরেছে! ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’। জেস তো রেগেমেগে আগুন। পারলে এক্ষুনি ধোলাই করে দুজনকে। কিন্তু প্রেমের শুরু তো হয় এভাবেই—প্রথমে ঝগড়া, পরে ভালোবাসা।
ব্যতিক্রম নয় এখানেও। বাউণ্ডুলে স্যামের প্রেমে পড়ে জেস। যথারীতি পিরবারের অসম্মতি। শেষমেশ কাঠখড় পুড়িয়ে সুখের সংসার। এ গল্প টেলিফিল্ম লাভ অ্যান্ড লিরিক-এর। ভালোবাসা দিবস উপলক্ষে টেলিফিল্মটি নির্মাণ করা হচ্ছে। ১৮, ১৯ ও ২০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ, নিউমার্কেট ও খুলশী এলাকায় চলে শুটিং। টেলিফিল্মের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন সাইফ আজাদ।

১৯ জানুয়ারি দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, শুটিং ইউনিটের ছোটখাটো বহর মহাব্যস্ত। বিশাল এক বাড়ির মূল ফটকে চলছে দৃশ্য ধারণ। অনেকটা নির্জন এ আবাসিকের নীরবতা ভাঙছে ক্যামেরা, অ্যাকশন শব্দে। পরিচালকের চোখ মনিটরে। অভিনয়ে তাওহীদ (তৌহিদ) ও ইমরান (স্যাম)। সংলাপ বলতে শুরু করলেন তাওহীদ। এক লাইন বলেই আটকে গেলেন। ওদিকে ‘কাট কাট’ চিৎকার। এভাবে আরও মিনিট বিশেক পর দৃশ্যটি ধারণ হয়।
এবার শুটিংয়ে নায়িকার আগমন। সেই সেলফি তোলার দৃশ্যের ধারণ। জেস (নাদিয়া) প্রস্তুত। কিন্তু মোটরসাইকেল চালাতে গিয়ে বাধল বিপত্তি। ইমরান ঠিকভাবে চালাতে পারছিলেন না। একবার পড়েও গেলেন। যাক, শুরু হলো দৃশ্য ধারণ। মোটরসাইকেলে চালকের আসনে ইমরান। পেছনে তাওহীদ। সড়কের পাশে দাঁড়ানো নাদিয়া। মোটরসাইকেল চালিয়ে যেই সামনে এলেন, এবার পড়লেন নাদিয়া। খানিক আঘাতও পেয়েছেন। তারপরও উঠে দাঁড়িয়ে আবার শুরু। অবশেষে ‘শট ওকে’।
পরিচালক সাইফ আজাদ বলেন, ‘আমি চট্টগ্রামের সন্তান। এ জন্য টেলিফিল্মের শুটিংয়ের জন্য চট্টগ্রামকে বেছে নেওয়া। বেশির ভাগ অংশজুড়ে থাকবে চট্টগ্রাম। অবশ্য কিছু দৃশ্য ঢাকারও থাকবে।’ এটি কখন প্রচারিত হবে জানতে চাইলে বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি এটি প্রচারিত হবে। তবে কোন চ্যানেলে প্রচারিত হবে, তা এখনো ঠিক হয়নি।
টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মোটুসী বিশ্বাস, ইরফান সাজ্জাদ, অনুভব মাহবুব, আহমেদ নেওয়াজ, দেওয়ান মামুন, প্রিয়াংকা, আরিফ ও সবুজ।