বাউল রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল চন্দ্র দাস
রুবেল চন্দ্র দাস

রুবেল চন্দ্র দাসের বয়স তখন সাত বছর। যাত্রাশিল্পী বাবা হিরেন্দ্র কৃষ্ণ দাস একদিন বললেন, ‘চলো বাবা, তুমি আমার সঙ্গে যাত্রাপালায় অভিনয় করবে।’ কলকাতার হিরেন্দ্র কৃষ্ণদাসের যাত্রা একটি পয়সা দাও, সেখানে শিশু চরিত্রে মঞ্চে অভিষেক হলো ছোট্ট রুবেলের। এরপর স্বর্গের পর স্টেশন যাত্রাপালায় অপু চরিত্রে, ফিরিয়ে দাও সিংহাসন যাত্রাপালায় বিবেক চরিত্রে—এমনিভাবে বহুবার মঞ্চে উঠল সুনামগঞ্জের দিরাই উপজেলার দত্তগ্রামের ছেলেটি। অভিনয়ের পাশাপাশি গানও গাইত সে। কৃষক বাবা গৌর সুন্দর ও মা সুনীতি দাস ছেলেকে কখনো গানের চর্চায় বাধা দেননি। তাঁরা তখনো জানতেন না, একদিন ছেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ছেলেকে একনামে চিনবে ক্যাম্পাসের সবাই!
২০১০ সালে সুনামগঞ্জের পাথারিয়ার সুরমা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১২ সালে দিরাই ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন রুবেল চন্দ্র দাস। ভর্তি হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি)। এখন তিনি মাত্স্য বিজ্ঞান অনুষদে চতুর্থ বর্ষে পড়ছেন। ২০১৩ সালে সিকৃবির জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ থেকে আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেন। অডিশন রাউন্ডে রুবেল যখন তাঁর ভাবগুরু বাউল শাহ আবদুল করিমের ‘যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল’ গান ধরলেন, বিচারকসহ মিলনায়তনের সবাই স্তম্ভিত হয়ে গেলেন! সেদিনই সঞ্চালক তাঁর নাম দেন ‘সিকৃবির বাউল’। এরপর থেকেই তিনি ক্যাম্পাসের প্রিয় মুখ।
তাঁর কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে’, ‘তোমারে পুষিলাম কত আদরে’, ‘মুর্শিদ ধন হে’, শাহ শিতালং ফকিরের ‘শুয়া উড়িল’, হাসন রাজার ‘কানাই তুমি খের খেলাও কেনে’, রাধারমনের ‘রবো না রবো না গৃহে’, অহমিয়া লোকগান ‘কলসি লইয়া কে গো তুমি’, চাটগাঁইয়া আঞ্চলিক গান ‘ওরে হালা ভ্রমরা’ ইত্যাদি।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মজা করেই রুবেলকে বলেছিলেন, ‘গান না শোনালে ভর্তি করাব না।’ বিশ্ববিদ্যালয়ে এসেও রুবেলকে এমন মধুর বিড়ম্বনায় পড়তে হয়। ক্লাসরুমে, পরীক্ষার হলে, এমনকি ভাইভা বোর্ডেও শিক্ষকেরা তাঁকে দাঁড় করিয়ে গান গাওয়ান। বন্ধুদের আড্ডায় রুবেলের বাউল গান না হলে যেন জমেই না। ক্যাম্পাস তো বটেই, পুরো সিলেটেই তাঁর কণ্ঠের সুনাম ছড়িয়ে পড়েছে।
কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ ছাড়াও রুবেল জড়িত আছেন দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, বন্ধু আদর্শ মানবকল্যাণ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে। তাঁর সম্পর্কে সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘ছেলেটির গলায় দরদ আছে। ওর কণ্ঠে বিচ্ছেদী গান শুনলে মন উদাস হয়ে যায়। স্বভাবেও সে খুব বিনয়ী।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রুবেল বলেন, ‘বাংলাদেশের ভাটি এলাকার মানুষ খুব দরিদ্র। যদি কোনো দিন সুযোগ পাই তাহলে এই এলাকার ভাগ্যোন্নয়নে কাজ করব।’ এ ছাড়া দেশের বাউলসংগীত সংরক্ষণেও কাজ করার ইচ্ছে আছে তাঁর।