বাওয়া স্কুলে ভর্তিপ্রক্রিয়া স্বচ্ছ করার দাবিতে সড়ক অবরোধ
ভর্তিপ্রক্রিয়া স্বচ্ছ ও উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে গতকাল শনিবার বেলা ১২টায় অভিভাবকেরা দেড় ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজট দেখা দেয়। পরে চাপের মুখে দুপুর দেড়টার দিকে অভিভাবকদের সামনে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়। অবশ্য কর্তৃপক্ষ শুরুতে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনেই এ লটারি করার ব্যবস্থা নিয়েছিল। জানা গেছে, সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের মতো বাওয়া স্কুলেও এবার লটারির মাধ্যমে নার্সারি শ্রেণীতে ছাত্রী ভর্তির সিদ্ধান্ত হয়। ভর্তি-ইচ্ছুকদের মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রায় দুই হাজার জনকে লটারির জন্য বাছাই করা হয়। এদের মধ্যে থেকে প্রাতঃ ও দিবা বিভাগে মোট ২৫০ জনকে নেওয়া হবে বলে জানা যায়। গতকাল শনিবার সকাল ১০টায় লটারি হওয়ার কথা ছিল। এ কারণে অভিভাবকেরা সকাল থেকেই বিদ্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তখন তাঁদের জানিয়ে দেয়, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে লটারি হবে। সেখানে অভিভাবকেরা থাকতে পারবেন না। এ ঘোষণা না মেনে অভিভাবকেরা বিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা উন্মুক্ত লটারির দাবি জানাতে থাকেন। পরিস্থিতি মোকাবিলায় এসময় পুলিশ মোতায়েন করা হয়। অভিভাবকদের বিক্ষোভ চলাকালীন ভেতরে ম্যাজিস্ট্রেট মুকিত হাসান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ানসহ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ‘লটারি উন্মুক্ত করার কোনো বিধান নেই। তাই অভিভাবকদের ভেতরে ঢুকতে দিচ্ছি না।’এ পরিস্থিতিতে ২০জন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য বলা হলেও অভিভাবকেরা তা প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করেন।এ পরিস্থিতিতে বেলা দেড়টার দিকে কর্তৃপক্ষ অভিভাবকদের সামনে লটারি করার সিদ্ধান্ত নেন। এতে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে অভিভাবকদের উপস্থিতিতে লটারি প্রক্রিয়া শেষ হয়। পরে অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘অভিভাবকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তাঁদের সামনেই লটারি করার সিদ্ধান্ত নিয়েছি।’