বাকরখানির বাহার

চায়ে ডুবিয়ে বা মাংস দিয়ে কতই তো খেলেন। বাকরখানির কোফতা, বরফি এমনকি লাড্ডুও হতে পারে। দেখে নিন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।
বাকরখানির বরফি
উপকরণ: বাকরখানি (মিহি করে বেটে নেওয়া) ২ কাপ, নারকেল বাটা ১ কাপ, চিনি ১ কাপ, ঘি ৭৫ গ্রাম, এলাচিগুঁড়া আধা চা-চামচ, কিশমিশ প্রতিটি বরফির জন্য একটি করে।
প্রণালি: কড়াই গরম করে ঘি গলিয়ে অল্প অল্প করে বাকরখানি দিয়ে নাড়ুন। কিছুটা ভাজা হলে এলাচিগুঁড়া ও নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চিনি দিয়ে অনবরত নাড়ুন, যেন পোড়া না লাগে। চিনি গলে যখন আঠালো হবে তখন একটি রুটি বেলার পিঁড়িতে ঘি মেখে নারকেল ও বাকরখানির মিশ্রণ চুলা থেকে নামিয়ে ঢেলে দিন। একটি চামচ বা খুন্তি দিয়ে চেপে চেপে সমান করুন অথবা একটি বড় ঢাকনা দিয়ে তা সমান করে চারপাশে চেপে দিন। একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে একটি প্লেট বা ট্রেতে সাজিয়ে প্রতিটি বরফির ওপর একটি করে কিশমিশ বসিয়ে পরিবেশন করুন।